ভিনিসিয়ুস জুনিয়রের ব্যক্তিগত শর্তাবলীতে রাজি আর্সেনাল

০১ আগস্ট ২০২৬, ১০:২৬ AM
 ভিনিসিয়ুস জুনিয়র

ভিনিসিয়ুস জুনিয়র © সংগৃহীত

রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে দলে ভেড়ানোর দৌড়ে বড় অগ্রগতি হয়েছে বলে দাবি উঠেছে। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনাল  ইতোমধ্যেই এই উইঙ্গারের সঙ্গে ব্যক্তিগত শর্তে নীতিগত সমঝোতায় পৌঁছেছে। এখন বাকি শুধু রিয়াল মাদ্রিদের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা। তবে এ বিষয়ে এখনো দুই ক্লাব বা খেলোয়াড়ের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। খবর দ্য ডেইলি সান। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আর্সেনাল-সংশ্লিষ্ট জনপ্রিয় একটি অ্যাকাউন্ট এই দাবি করেছে। সেখানে বলা হয়েছে, ভিনিসিয়ুসের প্রতিনিধিরা খুব শিগগিরই রিয়াল মাদ্রিদের সঙ্গে বিশাল অঙ্কের একটি প্রস্তাব নিয়ে আলোচনায় বসবেন।

বর্তমানে ২৬ বছর বয়সী ভিনিসিয়ুস জুনিয়রের রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তির মেয়াদ আর মাত্র এক বছর বাকি। ফলে তার ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে ইউরোপের ফুটবলে।

ব্রাজিলিয়ান এই তারকার প্রতিনিধিত্ব করছে বিশ্বখ্যাত সংগীতশিল্পী জে-জেডের প্রতিষ্ঠিত সংস্থা রক নেশন স্পোর্টস। প্রতিবেদনে বলা হয়েছে, সংস্থাটি ইতোমধ্যে আর্সেনাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালিয়েছে।

আর্সেনাল-সংক্রান্ত খবর প্রকাশ করে এমন জনপ্রিয় এক্স অ্যাকাউন্ট ‘হ্যান্ড অব আর্সেনাল’, যার অনুসারী সংখ্যা তিন লাখ ৭০ হাজারেরও বেশি। সেই অ্যাকাউন্টে দাবি করা হয়েছে, ‘আর্সেনাল ফুটবল ক্লাব ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে ব্যক্তিগত শর্তে নীতিগত সমঝোতায় পৌঁছেছে।’

আরও বলা হয়েছে, ‘রক নেশন এখন ইংল্যান্ডের চ্যাম্পিয়নদের পক্ষ থেকে বিশাল অঙ্কের একটি প্রস্তাব নিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে আলোচনায় যাবে। এবার সিদ্ধান্ত ভিনিসিয়ুস জুনিয়রের।’

তবে এই দাবির বিপরীত তথ্যও প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান। তাদের এক প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াল মাদ্রিদের নতুন প্রধান কোচ জোসে মরিনিয়ো যেকোনো মূল্যে ভিনিসিয়ুসকে দলে রাখতে চান।

প্রতিবেদন অনুযায়ী, ভিনিসিয়ুসের বর্তমান চুক্তির পরিস্থিতি যাই হোক না কেন, মরিনিয়ো তাকে নিয়েই ভবিষ্যৎ পরিকল্পনা সাজাতে আগ্রহী।

এদিকে রিয়াল মাদ্রিদ জার্মান ক্লাব আরবি লাইপজিগ থেকে ইয়ান দিয়োমান্দেকে দলে নেওয়ার খুব কাছাকাছি পৌঁছে গেছে। তবে ক্লাবের একাধিক সূত্র জানিয়েছে, এই ফুটবলারকে ভিনিসিয়ুসের বিকল্প হিসেবে আনা হচ্ছে না।

রিয়াল মাদ্রিদের কর্মকর্তারা আরও মনে করিয়ে দিয়েছেন, অতীতেও রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার অনেক তারকা প্রিমিয়ার লিগে যাওয়ার গুঞ্জনে জড়িয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তারা নতুন ও লাভজনক চুক্তি করে নিজ নিজ ক্লাবেই থেকে গেছেন।

অন্যদিকে নতুন মৌসুমকে সামনে রেখে দলকে আরও শক্তিশালী করতে চান আর্সেনালের প্রধান কোচ মিকেল আর্তেতা। বিশেষ করে বাঁ প্রান্তের আক্রমণভাগে নতুন একজন ফুটবলার আনার পরিকল্পনা রয়েছে তার। কারণ গ্যাব্রিয়েল মার্তিনেল্লির ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। অন্যদিকে লিয়ান্দ্রো ত্রোসার্দ ইতোমধ্যে তুরস্কের ক্লাব বেসিকতাসে যোগ দিয়েছেন।

আর্সেনালের অফিসিয়াল অ্যাপে দেওয়া এক সাক্ষাৎকারে আর্তেতা বলেন, ‘এই দলবদলের সময়ের পরিস্থিতি সম্পর্কে আমরা সবাই জানি।’

তিনি আরও বলেন, ‘ক্লাবের মালিকপক্ষ, পরিচালনা পর্ষদ, ক্রীড়া পরিচালক এবং আমি—সবাই জানি, আমরা এই ক্লাবকে ভিন্ন এক উচ্চতায় নিয়ে যেতে চাই।’

দল শক্তিশালী করার প্রয়োজনীয়তা তুলে ধরে আর্তেতা বলেন, ‘সেটি করতে হলে আমাদের আরও ভালো স্কোয়াড এবং আরও ভালো মানের ফুটবলার প্রয়োজন।’

দলবদলের পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যে চিহ্নিত করেছি, কোন কোন জায়গায় উন্নতির সুযোগ রয়েছে, কোথায় আমাদের আরও এগোতে হবে এবং নিজেদের খেলাকে কীভাবে আরও পরিণত করতে হবে, যাতে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা যায়।’

সবশেষে তিনি বলেন, ‘আশা করি খুব শিগগিরই আমরা বিষয়গুলো বাস্তবে রূপ দিতে পারব।’

যদিও ভিনিসিয়ুস জুনিয়রকে ঘিরে জোরালো গুঞ্জন চলছে, তবে এখন পর্যন্ত তার ভবিষ্যৎ নিয়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। ফলে আর্সেনালের আগ্রহ বাস্তবে রূপ নেয় কি না, নাকি ব্রাজিলিয়ান তারকা নতুন চুক্তিতে রিয়াল মাদ্রিদেই থেকে যান—সেটিই এখন দেখার অপেক্ষা।

শিশু সন্তানকে স্টেশনে রেখে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
  • ০১ আগস্ট ২০২৬
১৪ বড় চাকরির পরীক্ষায় ফেলের পর হলেন ম্যাজিস্ট্রেট, জানুন আস…
  • ০১ আগস্ট ২০২৬
ফিফার সভাপতি হওয়ার দৌড়ে খেলাইফি-আর্সেন ওয়েঙ্গারসহ ৫ প্রার্থী
  • ০১ আগস্ট ২০২৬
চলন্ত ট্রেনের এসির যন্ত্রাংশ চুরির চেষ্টা, আটক ২
  • ০১ আগস্ট ২০২৬
ভিনিসিয়ুস জুনিয়রের ব্যক্তিগত শর্তাবলীতে রাজি আর্সেনাল
  • ০১ আগস্ট ২০২৬
চলতি মাসে সরকারি চাকরিজীবীদের দুদফা ৮ দিন ছুটির সুযোগ
  • ০১ আগস্ট ২০২৬