ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার বেনজামিন মেন্ডি © সংগৃহীত
২০১৮ বিশ্বকাপ জয়ের স্মৃতি বহন করা ট্রফির রেপ্লিকাও শেষ পর্যন্ত বিক্রি করতে হলো ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার বেনজামিন মেন্ডিকে। দীর্ঘ আইনি লড়াই, আয়ের বড় ধরনের পতন এবং আর্থিক সংকটের মধ্যে তিনি নিজের ব্যক্তিগত সংগ্রহে থাকা এই মূল্যবান স্মারকটি নিলামে তুলেছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে।
মার্কিন ক্রীড়া স্মারক নিলাম প্রতিষ্ঠান গোল্ডিনের মাধ্যমে ট্রফিটির রেপ্লিকা বিক্রি করা হয়। টানা ৩৮টি বিডের পর এটি বিক্রি হয় ৬২ হাজার ২০০ মার্কিন ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় বর্তমান বিনিময় হার অনুযায়ী প্রায় ৭৬ লাখ টাকা।
স্পোরতুনের তথ্য অনুযায়ী, ট্রফিটির উচ্চতা প্রায় ৩৮ সেন্টিমিটার, প্রস্থ ১৫ সেন্টিমিটার এবং গভীরতা ১০ সেন্টিমিটার। এটি মেন্ডির ব্যক্তিগত সংগ্রহের অংশ ছিল। ট্রফিটিতে বিশ্বকাপ জয়ের স্মারক খোদাই করা রয়েছে। এর ভিত্তিতে একটি ছোট ফাটলও রয়েছে। নিলামে তোলার সময় এর সঙ্গে মেন্ডির স্বাক্ষর করা সত্যতা যাচাইয়ের একটি সনদও দেওয়া হয়।
এই নিলাম অনুষ্ঠিত হয় ‘গ্লোবাল ফুটবল অকশন পার্ট-২’-এর অংশ হিসেবে। একই নিলামে লিওনেল মেসি, পেলে এবং বিশ্ব ফুটবলের আরও অনেক কিংবদন্তির ব্যবহৃত ও স্বাক্ষরিত স্মারকও বিক্রির জন্য তোলা হয়েছিল। ফলে সংগ্রাহক ও ফুটবলপ্রেমীদের মধ্যে নিলামটি ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।
বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০২১ সালে যুক্তরাজ্যে ধর্ষণ ও ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর মেন্ডির ক্যারিয়ার বড় ধাক্কা খায়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার কারণে তিনি প্রায় দুই বছর মাঠের বাইরে ছিলেন এবং কিছু সময় কারাবাসও করেন। পরে সব অভিযোগ থেকে খালাস পেলেও এই সময়ের আইনি লড়াইয়ে তাকে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়।
প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, আইনি ব্যয় মেটাতে মেন্ডি নিজের বাড়ি, বিলাসবহুল গাড়ি ও দামি ঘড়িসহ বিভিন্ন সম্পদ বিক্রি করেছিলেন। একসময় ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে খেলাকালীন তার মাসিক আয় ছিল প্রায় ৫ লাখ পাউন্ড। বর্তমানে পোল্যান্ডের শীর্ষ লিগের ক্লাব পোগন শেচিনে তার মাসিক বেতন প্রায় ১০ হাজার পাউন্ড বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।
অভিযোগ থেকে মুক্তি পাওয়ার পর মেন্ডি ফ্রান্সের লরিয়ঁ এবং পরে সুইজারল্যান্ডের জুরিখে ক্যারিয়ার নতুন করে গড়ার চেষ্টা করেন। তবে কোথাও নিয়মিত সুযোগ পাননি। বর্তমানে তিনি পোল্যান্ডের প্রথম বিভাগের ক্লাব পোগন শেচিনের হয়ে খেলছেন।
মাঠের বাইরের বিতর্ক, দীর্ঘ আইনি লড়াই এবং আর্থিক টানাপোড়েনের পর এবার বিশ্বকাপজয়ের অন্যতম মূল্যবান স্মারকও বিক্রি করতে হলো ফ্রান্সের এই বিশ্বজয়ী ফুটবলারকে। তবে ট্রফির রেপ্লিকা বিক্রির কারণ হিসেবে আর্থিক সংকটের বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এলেও, এ বিষয়ে বেনজামিন মেন্ডি নিজে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।