উয়েফার সঙ্গে বিরোধের মুখে বিতর্কিত প্রকল্প থেকে সরে দাঁড়াল ফিফা

০১ আগস্ট ২০২৬, ০৮:৪৩ AM
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো © টিডিসি ফটো

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা শেষ পর্যন্ত বহুল আলোচিত ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ প্রকল্প থেকে সরে দাঁড়িয়েছে। বিশ্বকাপসহ ফিফার প্রধান টুর্নামেন্টগুলোর বাণিজ্যিক ব্যবস্থাপনা নতুন কোম্পানির মাধ্যমে পরিচালনা এবং সেই প্রতিষ্ঠানের সংখ্যালঘু শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফাসহ কয়েকটি কনফেডারেশনের কড়া বিরোধিতার পর শেষ পর্যন্ত প্রকল্পটি বাতিলের ঘোষণা দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

শুক্রবার (১ আগস্ট) ফিফা ইনফান্তিনোর বক্তব্যসংবলিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, সংস্থাটি আর ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ প্রকল্প নিয়ে এগোবে না। ফিফার দাবি, সংশ্লিষ্ট সব পক্ষের মতামত বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিবৃতিতে ইনফান্তিনো বলেন, 'ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ প্রকল্পের উদ্দেশ্য ছিল আমাদের সদস্য ফুটবল অ্যাসোসিয়েশনগুলোকে আরও শক্তিশালী ভিত্তি দেওয়া এবং বিশ্বজুড়ে ফুটবলের উন্নয়ন করা। বিশেষ করে যেসব দেশে ফুটবলের সবচেয়ে বেশি সহায়তা প্রয়োজন, সেখানে আরও বেশি বিনিয়োগ নিশ্চিত করাই ছিল লক্ষ্য। শুরু থেকেই আমরা বলেছিলাম, ফিফার অধিকাংশ সদস্য অ্যাসোসিয়েশন সমর্থন দিলে এবং সদস্য অ্যাসোসিয়েশন, ফিফা কাউন্সিল, কনফেডারেশন ও সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে পরামর্শের ভিত্তিতেই আমরা এই পরিকল্পনা বাস্তবায়ন করব।'

তিনি জানান, প্রকল্পটি নিয়ে দীর্ঘ আলোচনা ও মতামত গ্রহণের পর ফিফা বুঝতে পেরেছে, এটি ফুটবল পরিবারে অপ্রয়োজনীয় বিভাজন তৈরি করছে।

ইনফান্তিনো বলেন, 'সব পক্ষের মতামত মনোযোগ দিয়ে শোনার পর আমরা বুঝতে পেরেছি, এই প্রকল্প এমন ধরনের বিভাজন সৃষ্টি করেছে, যা সমর্থনের মাত্রা যাই হোক না কেন, আমাদের মূল উদ্দেশ্যের সঙ্গে আর সামঞ্জস্যপূর্ণ নয়। আমাদের লক্ষ্য সবসময় মানুষকে এক করা এবং ফুটবলের উন্নয়ন করা। তাই এই প্রস্তাব আর এগিয়ে নেওয়া হবে না।'

প্রকল্প বাতিলের পরও সদস্য দেশগুলোর উন্নয়নে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে ফিফা। ইনফান্তিনো জানিয়েছেন, আগামী কয়েক দিন ও সপ্তাহে বিভিন্ন কনফেডারেশন ও অংশীজনদের সঙ্গে বৈঠক করবেন।

তিনি বলেন, 'আগামী দিনগুলোতে আমি সব অংশীজনকে একত্র করতে চাই। আমাদের সবার লক্ষ্য একটাই—ফুটবলের উন্নয়ন। বিশেষ করে যেসব দেশের সবচেয়ে বেশি সহায়তা প্রয়োজন, সেখানে ফুটবলকে আরও এগিয়ে নেওয়ার জন্য আমরা একসঙ্গে কাজ করতে চাই।'

‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ প্রকল্পের মূল পরিকল্পনা ছিল একটি নতুন কোম্পানি গঠন করা, যা বিশ্বকাপ, ক্লাব বিশ্বকাপসহ ফিফার প্রধান প্রতিযোগিতাগুলোর বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করবে।

পরিকল্পনা অনুযায়ী, নতুন কোম্পানির ২০ থেকে ৩০ শতাংশ শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করার কথা ছিল। বিনিয়োগকারীরা সংখ্যালঘু অংশীদার থাকলেও কোম্পানির নিয়ন্ত্রণ ফিফার কাছেই থাকবে বলে জানানো হয়েছিল।

ফিফার দাবি ছিল, এই উদ্যোগ থেকে অর্জিত নিট মুনাফার পুরো অর্থ বিশ্বজুড়ে ফুটবলের উন্নয়ন ও সদস্য অ্যাসোসিয়েশনগুলোর আর্থিক সহায়তা বাড়াতে ব্যয় করা হবে।

প্রকল্পটি অনুমোদন পেলে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ১০ বিলিয়ন ডলারের একটি তহবিল চালুর পরিকল্পনা করেছিল ফিফা।

সদস্য ফেডারেশনগুলোর কাছে পাঠানো এক চিঠিতে ইনফান্তিনো লিখেছিলেন, 'আপনারা যদি এই প্রস্তাব অনুমোদন করেন, তাহলে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ১০ বিলিয়ন ডলারের এই তহবিল কার্যকর হবে এবং আমাদের যৌথ যাত্রার নতুন অধ্যায় শুরু হবে। আর যদি আপনারা বর্তমান ব্যবস্থাই বজায় রাখতে চান এবং এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন, তাহলে আগেই ঘোষিত ২ দশমিক ৭ বিলিয়ন ডলারের ফরোয়ার্ড কর্মসূচি অনুযায়ী আমরা এগোব।'

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছিল, নতুন অর্থায়ন কাঠামোর আওতায় সদস্য ফেডারেশনগুলো সর্বোচ্চ ৩ কোটি পাউন্ড পর্যন্ত আর্থিক সহায়তার সুযোগ পেতে পারে। পাশাপাশি ফিফা স্পষ্ট করে জানায়, ফুটবলের পরিচালনা, প্রতিযোগিতার নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক ক্যালেন্ডারের পূর্ণ কর্তৃত্ব সংস্থাটির হাতেই থাকবে।

প্রকল্পটি ঘোষণার পর থেকেই উয়েফা, কনকাকাফ ও এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এর বিরোধিতা করে। এই তিন কনফেডারেশনের অধীন সদস্য ফেডারেশনের সংখ্যা ফিফার মোট ২১১ সদস্যের অর্ধেকেরও বেশি।

উয়েফার অভিযোগ ছিল, বিশ্বকাপ ও অন্যান্য বড় টুর্নামেন্টের বাণিজ্যিক স্বার্থে বেসরকারি বিনিয়োগকারীদের যুক্ত করলে ভবিষ্যতে ফুটবলের স্বাধীনতা ও প্রতিযোগিতার কাঠামো ঝুঁকির মুখে পড়তে পারে।

বৃহস্পতিবার উয়েফা আরও কঠোর অবস্থান নেয়। সংস্থাটি ঘোষণা দেয়, ফিফা যদি এই পরিকল্পনা বহাল রাখে, তাহলে উয়েফাভুক্ত কোনো সদস্য দেশ ফিফার প্রতিযোগিতায় অংশ নেবে না।

ইউরোপীয় ফুটবলের সবচেয়ে শক্তিশালী সংগঠনের এমন অবস্থানের পর প্রকল্পটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। শেষ পর্যন্ত সেই চাপের মুখেই ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ প্রকল্প থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

আর্থিক সংকটের মধ্যেই বিশ্বকাপ ট্রফির রেপ্লিকা বিক্রি করলেন …
  • ০১ আগস্ট ২০২৬
শিক্ষা উপবৃত্তিসহ সরকারি ৫ ভাতার আবেদন শুরু আজ, জেনে নিন নি…
  • ০১ আগস্ট ২০২৬
গণিত ক্লাসে বসেই স্বপ্নপূরণ, বিশ্বাসই হচ্ছিল না রামোসের
  • ০১ আগস্ট ২০২৬
অনার্স দ্বিতীয় বর্ষে বাধ্যতামূলক ‘ফাংশনাল ইংলিশ’ বিষয়ে নত…
  • ০১ আগস্ট ২০২৬
ববির ৩২ শিক্ষার্থী শিক্ষকের নাম লিখলেন ভুল, শিক্ষক সবাইকে দ…
  • ০১ আগস্ট ২০২৬
তেরো বছরের মায়ের কোলে সাত মাসের শিশু, ভাইরাল ঘটনার নেপথ্যে …
  • ০১ আগস্ট ২০২৬