মেসিকে ২০৩০ বিশ্বকাপেও দেখতে চান সাবেক তারকা ফুটবলার, ১০ লাখ স্বাক্ষরের ডাক

৩১ জুলাই ২০২৬, ১১:৩৪ AM
মেসি

মেসি © সংগৃহীত

আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে ২০৩০ বিশ্বকাপেও দেখতে চান বলিভিয়ার সাবেক বিশ্বকাপ তারকা মার্কো আন্তোনিও ‘এল দিয়াবলো’ এচেভেরি। মেসিকে জাতীয় দল থেকে অবসর না নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বিশ্বজুড়ে ১০ লাখ স্বাক্ষর সংগ্রহের প্রস্তাব দিয়েছেন। তার মতে, বিশ্ব ফুটবলের স্বার্থেই মেসির আরও একটি বিশ্বকাপ খেলা উচিত।

বলিভিয়ার সংবাদমাধ্যম সুপার দেপোর্তিভো রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে এচেভেরি নিজের এই মতামত তুলে ধরেন। পরে তার বক্তব্য আর্জেন্টিনার ওলেসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম প্রকাশ করে।

১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপে বলিভিয়ার হয়ে খেলেছিলেন এচেভেরি। দক্ষিণ আমেরিকার অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবে পরিচিত এই সাবেক ফুটবলার মনে করেন, ২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পরও মেসির এখনই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলা উচিত নয়।

তিনি বলেন, 'আমি তাকে পরের বিশ্বকাপে খেলতে দেখছি। আশা করি, সে অবসর নেবে না। তাকে অবশ্যই পরের বিশ্বকাপে থাকতে হবে।'

৩৯ বছর বয়সেও মেসির পারফরম্যান্সে মুগ্ধ এচেভেরি। তার মতে, ২০২৬ বিশ্বকাপে মেসি নিজের আগের সব বিশ্বকাপের চেয়েও ভালো খেলেছেন এবং অন্য সবার চেয়ে অনেক উঁচু মানের ফুটবল উপহার দিয়েছেন।

তিনি বলেন, 'এটি তার খেলা সব বিশ্বকাপের চেয়ে ভালো ছিল। অন্য সব খেলোয়াড়ের তুলনায় তার পারফরম্যান্স অনেক উঁচু মানের ছিল।'

মেসির ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলার মধ্যেই ব্যতিক্রমী একটি প্রস্তাব দেন এচেভেরি। তিনি মনে করেন, বিশ্বের ফুটবলপ্রেমীদের এক হয়ে মেসিকে জাতীয় দল না ছাড়ার অনুরোধ জানানো উচিত।

তিনি বলেন, 'একটি চিঠি লিখতে হবে এবং তাকে অবসর না নিতে অনুরোধ জানিয়ে সারা বিশ্ব থেকে স্বাক্ষর সংগ্রহ করতে হবে। মেসিকে ছাড়া বিশ্ব ফুটবলের কথা ভাবতে শুরু করলে বোঝা যায়, আর কিছুই আগের মতো থাকবে না। আমার মনে হয়, সে অবসর নিতে চায় না।'

শুধু মেসির ভবিষ্যৎ নয়, ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার পারফরম্যান্স নিয়েও কথা বলেন এচেভেরি। তার মতে, কঠিন প্রতিযোগিতার মধ্যেও লিওনেল স্কালোনির দল নিজেদের সর্বোচ্চটা দিয়েছে। আর্জেন্টিনার মানসিকতা নিয়ে কোনো সমালোচনাকেও তিনি গুরুত্ব দিতে চান না।

এচেভেরি বলেন, 'আর্জেন্টিনার খেলোয়াড় জন্মগতভাবেই বিজয়ী। আমি সব সময় তাদের বিশ্বাস করি এবং আমি নিশ্চিত, তারা প্রতিটি ম্যাচেই জয়ের জন্য মাঠে নেমেছিল।'

তার এই মন্তব্য দ্রুতই আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। বলিভিয়ার রেড উনো ও ইজু ডটটিভিসহ বিভিন্ন সংবাদমাধ্যমে মেসির প্রতি এচেভেরির শ্রদ্ধা ও ভালোবাসার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

দক্ষিণ আমেরিকার ফুটবলে এচেভেরি আজও একটি সম্মানিত নাম। বলিভিয়ার ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার হিসেবে পরিচিত তিনি। নব্বইয়ের দশকে ডি.সি. ইউনাইটেডের হয়ে মেজর লিগ সকারেও (এমএলএস) সফল সময় কাটিয়েছেন। তার ডাকনাম ‘এল দিয়াবলো’ বা ‘শয়তান’ থেকেই আর্জেন্টিনার তরুণ ফুটবলার ক্লদিও ‘দিয়াবলিতো’ এচেভেরির ডাকনামের অনুপ্রেরণা এসেছে বলে মনে করা হয়।

দীর্ঘ ফুটবল অভিজ্ঞতা থেকে এচেভেরি বিশ্বাস করেন, মেসির মতো একজন ফুটবলারের বিদায়ের জন্য বিশ্ব ফুটবল এখনো প্রস্তুত নয়। তাই ২০৩০ বিশ্বকাপেও আকাশি-সাদা জার্সিতে মেসিকে দেখতে চাওয়া ফুটবল ব্যক্তিত্বদের কাতারে তিনিও নিজের নাম যুক্ত করলেন। এখন ফুটবলপ্রেমীদের নজর মেসির সিদ্ধান্তের দিকেই।

নব-নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ঢাকা সেন্ট্রাল ইউনিভ…
  • ২২ আগস্ট ২০২৬
স্টার্কের বোলিং তোপে ১২ রানেই ৫ উইকেট হারাল বাংলাদেশ
  • ২২ আগস্ট ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ২২ আগস্ট ২০২৬
ময়মনসিংহে ‘পাচারকারীদের’ ফেলে যাওয়া দুই লজ্জাবতী বানর উদ্ধার
  • ২১ আগস্ট ২০২৬
‘শামীম কায়সার ৪ মাযহাবের চেতনাবিরোধী মতাদর্শে বিশ্বাসী’, ধর…
  • ২১ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি কার্যালয়সহ ৩ সচিব পদে রদবদল
  • ২১ আগস্ট ২০২৬