কার মুখে শেষ হাসি ফুটবে, মেসি নাকি ইয়ামাল—জানাল এআই

১৮ জুলাই ২০২৬, ১২:৩৬ PM
মেসি ও ইয়ামাল

মেসি ও ইয়ামাল © সংগৃহীত

বিশ্বকাপ ফাইনালের মঞ্চে মুখোমুখি হতে যাচ্ছে দুই প্রজন্মের দুই তারকা—লিওনেল মেসি ও লামিনে ইয়ামাল। একদিকে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর মেসির আর্জেন্টিনা, অন্যদিকে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে ইয়ামালের স্পেন। এই মহারণে শেষ হাসি কার মুখে ফুটবে, সেটিরই পূর্বাভাস দিয়েছে মাইক্রোসফটের এআই চ্যাটবট কোপাইলট।

এআইয়ের পূর্বাভাস অনুযায়ী, ফাইনালে ২-১ গোলে জয় পাবে স্পেন। কোপাইলটের বিশ্লেষণে বলা হয়েছে, এবারের বিশ্বকাপে স্পেনের শক্তিশালী রক্ষণ ও নিয়ন্ত্রিত মাঝমাঠ তাদের এগিয়ে রাখছে। অন্যদিকে, আর্জেন্টিনার মাঝমাঠে কিছুটা দুর্বলতা থাকতে পারে বলে মনে করছে এআই।

আগামী ১৯ জুলাইয়ের ফাইনালে জয় পেলে ইতিহাস গড়বে আর্জেন্টিনা। ১৯৫৮ ও ১৯৬২ সালে ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা দুই বিশ্বকাপ জয়ের কীর্তি গড়ার সুযোগ রয়েছে মেসিদের সামনে।

তবে স্পেনও রয়েছে দুর্দান্ত ছন্দে। লুইস দে লা ফুয়েন্তের দল এবারের বিশ্বকাপে সাত ম্যাচ খেলে মাত্র একটি গোল হজম করেছে। সেমিফাইনালে শক্তিশালী ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে তারা। সেই ম্যাচে স্পেনের রক্ষণভাগ কিলিয়ান এমবাপে ও ফ্রান্সের আক্রমণভাগকে প্রায় পুরো সময়ই নিয়ন্ত্রণে রেখেছিল।

অন্যদিকে, আর্জেন্টিনার ফাইনালে ওঠার পথ ছিল বেশ কঠিন। নকআউট পর্বের প্রতিটি ম্যাচেই কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে তাদের। সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচেও একসময় পিছিয়ে ছিল মেসির দল। ৮৫ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে থাকার পর এনজো ফার্নান্দেজ সমতা ফেরান। পরে যোগ করা সময়ে লাওতারো মার্তিনেজের গোলে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা।

আরও পড়ুনঃ টানা ৪ বিশ্বকাপের সফল ভবিষ্যদ্বাণী, এবার চ্যাম্পিয়ন হবে কোন দল জানাল ইএ স্পোর্টস

বিশ্বকাপ ফাইনালের ফল, গোলদাতা ও গোলের সময় অনুমান করতে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ‘ইউএসএ টুডে’ মাইক্রোসফট কোপাইলটের সাহায্য নেয়। সেখানে এআইকে জিজ্ঞেস করা হয়, স্পেন ও আর্জেন্টিনার ম্যাচের বিজয়ী কে হতে পারে এবং কারা গোল করবেন।

এআইয়ের চোখে স্পেনের জয়

কোপাইলটের পূর্বাভাস, ফাইনালে স্পেন ২-১ গোলে আর্জেন্টিনাকে হারাবে। তাদের মতে, এবারের বিশ্বকাপে স্পেন বেশি আধিপত্য দেখিয়েছে।

এআইয়ের বিশ্লেষণে বলা হয়েছে, ‘স্পেন খুব কম গোল হজম করেছে এবং মাঝমাঠ নিয়ন্ত্রণের মাধ্যমে ম্যাচ পরিচালনা করেছে।’

মেসির প্রশংসাও করেছে কোপাইলট। তবে একই সঙ্গে জানিয়েছে, ম্যাচ অতিরিক্ত সময়েও গড়াতে পারে। তারপরও স্পেনের ‘উচ্চমানের রক্ষণ কাঠামোর’ কারণে তাদের জয়ী হিসেবে বেছে নিয়েছে এআই।

স্পেনের সবচেয়ে বড় শক্তি হিসেবে ধরা হচ্ছে তাদের রক্ষণভাগকে। বল দখলে রাখা, নিজেদের অবস্থান ধরে রাখা এবং পরিকল্পিত আক্রমণ—এসব দিক থেকে দে লা ফুয়েন্তের দলকে এগিয়ে রেখেছে কোপাইলট।

তবে মেসি ও আর্জেন্টিনাকেও হালকাভাবে দেখছে না এআই। নকআউট পর্বে আর্জেন্টিনা বারবার কঠিন পরিস্থিতি থেকে ফিরে এসেছে। কেপ ভার্দে ও সুইজারল্যান্ডের বিপক্ষে অতিরিক্ত সময়ে জয় পেয়েছে তারা। মিসর ও ইংল্যান্ডের বিপক্ষেও শেষ দিকে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জিতেছে মেসির দল।

তবে স্পেনের শক্তিশালী রক্ষণভাগের বিপক্ষে এবার এমন প্রত্যাবর্তন করা কঠিন হতে পারে বলেই মনে করছে কোপাইলট।

মেসি ও ইয়ামাল দুজনেরই গোলের পূর্বাভাস

ফাইনালে স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল গোল করবেন বলে অনুমান করেছে কোপাইলট। অন্যদিকে আর্জেন্টিনার হয়ে গোল করবেন লিওনেল মেসি। তবে এআইয়ের মতে, মেসির গোলটি আসবে পেনাল্টি থেকে।

এআইয়ের সম্ভাব্য গোলদাতার তালিকা—

স্পেন:

লামিনে ইয়ামাল (২৪ মিনিট)
মিকেল ওইয়ারসাবাল (৭৮ মিনিট)

আর্জেন্টিনা:

লিওনেল মেসি (৫৭ মিনিট)

তবে চমকপ্রদ বিষয় হলো, স্পেনের হয়ে গোলের পূর্বাভাস দেওয়া ইয়ামাল ও ওইয়ারসাবালকে ম্যাচসেরার তালিকায় রাখেনি কোপাইলট। বরং স্পেনের মাঝমাঠের মূল শক্তি রদ্রিকে ম্যাচসেরা হওয়ার জন্য এগিয়ে রেখেছে এআই।

শেষ পর্যন্ত অবশ্য এআইয়ের পূর্বাভাস নয়, মাঠের পারফরম্যান্সই নির্ধারণ করবে বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়নকে। মেসির আর্জেন্টিনা ইতিহাস গড়বে, নাকি ইয়ামালের স্পেন নতুন যুগের সূচনা করবে—তার উত্তর মিলবে ফাইনালের ৯০ মিনিটেই।

ফজরের নামাজের পর যেসব আমল করবেন
  • ৩০ আগস্ট ২০২৬
সকালের মধ্যেই ১৭ জেলায় ঝড়ের আশঙ্কা, ৫ দিন বৃষ্টির পূর্বাভাস
  • ৩০ আগস্ট ২০২৬
মেডিকেল টেকনোলজিস্ট অ্যালায়েন্সের নেতৃত্বে ওবায়দুর-জিসান
  • ৩০ আগস্ট ২০২৬
জবিতে কুরআন শিক্ষা কোর্স চালু করল ইসলামী ছাত্র আন্দোলন
  • ৩০ আগস্ট ২০২৬
নওগাঁয় সেই ১২ বছরের ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ, ৩ জনের কারাদণ্ড
  • ৩০ আগস্ট ২০২৬
‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু জব ফেয়ার ১১ সেপ্টেম্বর
  • ৩০ আগস্ট ২০২৬