কতদিন খেলবেন মেসি, জানালেন আর্জেন্টাইন কোচ 

১১ জুলাই ২০২৬, ০৪:৩৫ PM
লিওনেল মেসি

লিওনেল মেসি © সংগৃহীত

বয়স ৩৯ ছুঁইছুঁই হলেও ফুটবল মাঠের পারফরম্যান্স ও জাদুকরী প্রভাবে একটুও মরিচা পড়েনি লিওনেল মেসির। এবারের বিশ্বকাপেও আলবিসেলেস্তেদের সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। বিশ্বকাপের মহাগুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে আর্জেন্টাইন অধিনায়ক আরও কতদিন ফুটবল খেলবেন, তা নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি।

স্কালোনির মতে, মেসির অবসর সম্পূর্ণ তার নিজের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে এবং তিনি যতদিন মাঠে থাকবেন, ততদিন বিশ্বের সেরা ফুটবলার হিসেবেই রাজত্ব করবেন।

আগামীকাল রবিবার(১২ জুলাই) সকালে কানসাস স্টেডিয়ামে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে সুইজারল্যান্ডের মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই হাইভোল্টেজ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মেসিকে প্রশংসায় ভাসিয়ে লিওনেল স্কালোনি বলেন, ‘লিও’র পারফরম্যান্স আমাকে মোটেও অবাক করে না। যারা তাকে চেনে না, তারা হয়তো ভেবেছিল ৩৯ বছর বয়সে এসে সে আগের মতো খেলতে পারবে না। কিন্তু আমি আগেও বলেছি, আবারও বলছি—ও যতদিন খেলতে চাইবে, ততদিন বিশ্বের সেরা খেলোয়াড়ই থাকবে। আমি আর্জেন্টিনার কোচ বলেই এটা বলছি না, একজন ফুটবলপ্রেমী হিসেবেও একই কথা বলব।’

চলতি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছেন মেসি। এখন পর্যন্ত টুর্নামেন্টে ৮টি গোল করে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের সাথে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার আসনে রয়েছেন তিনি। গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন একটি গোলও (অ্যাসিস্ট)।

বয়স বাড়লেও মাঠে মেসির ফিটনেস ও কার্যকারিতা নিয়ে কোনো উদ্বেগ নেই জানিয়ে আর্জেন্টাইন কোচ বলেন, ‘লিও প্রায় প্রতি ম্যাচেই একই মাত্রায় দৌড়ায়। ফিটনেস কোচের সাথে সে কঠোর পরিশ্রম করেছে এবং ও তার সুফলও পাচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সে সবসময় নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করে। প্রতিপক্ষের রক্ষণে সুযোগ দেখলেই সে এক অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত হয়।’

কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম ও স্পেনের মতো দলগুলোর তুলনায় কাগজে-কলমে সুইজারল্যান্ডকে কিছুটা সহজ প্রতিপক্ষ মনে করা হলেও, কোনোভাবেই আত্মতুষ্টিতে ভুগতে রাজি নন স্কালোনি। প্রতিপক্ষকে সমীহ করে তিনি বলেন, ‘ফুটবলে সহজ কোনো প্রতিপক্ষ নেই। সুইজারল্যান্ড অত্যন্ত সংগঠিত ও শক্তিশালী দল। বিশ্বের সেরা দলগুলোর বিপক্ষেও তারা সমানতালে লড়াই করে। তাদের অভিজ্ঞতা ও শারীরিক সক্ষমতা দারুণ। তাই একটি কঠিন ম্যাচের জন্যই আমরা প্রস্তুতি নিচ্ছি।’

‘ছাত্রলীগ-যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’—বিএনপির মিছিল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যারাই জড়িত হোক, আইনের আওতায় আসবেন—সালমানের স্টুডিও ভাঙচুর ই…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে নভেম্বর পর্যন্ত এলএনজি পাঠাতে পারবে না কাতার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৩ জনকে চাকরি দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
গ্যাসের বাজারে নজর, দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: জাহেদ উর রহমান
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আইডিকলে সহকারী ম্যানেজার পদে জনবল নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬