মাত্র ৫০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার ম্যাচের টিকিট 

১১ জুলাই ২০২৬, ০৪:১৯ PM , আপডেট: ১১ জুলাই ২০২৬, ০৪:২০ PM
আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড দল

আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড দল © সংগৃহীত

বিনোদনের মাধ্যম হিসেবে সিনেমা হলের ঐতিহ্য যখন প্রায় বিলুপ্তির পথে, তখন দর্শকদের হলমুখী করতে এক ব্যতিক্রমী ও নতুন উদ্যোগ নিয়েছে নীলফামারীর সৈয়দপুরের একমাত্র সচল প্রেক্ষাগৃহ তামান্না সিনেমা হল। রূপালী পর্দার চিরচেনা চলচ্চিত্রের বদলে এবার এই হলের বিশাল ডিজিটাল পর্দায় দেখানো হচ্ছে চলমান বিশ্বকাপ ফুটবলের রোমাঞ্চকর ম্যাচগুলো।

আগামীকাল রবিবার (১২ জুলাই) ফুটবল বিশ্বমঞ্চের হাইভোল্টেজ কোয়ার্টার ফাইনাল ম্যাচে শক্তিশালী আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে সুইজারল্যান্ড। এই ম্যাচটিকে ঘিরে সৈয়দপুর শহর ও আশেপাশের ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা ও আগ্রহের সৃষ্টি হয়েছে।

তামান্না সিনেমা হলের স্বত্বাধিকারী মাহবুব আলী ঝন্টু জানান, একসময় নীলফামারী জেলায় ২৩টি (মতান্তরে ২৭টি) সিনেমা হল সচল ছিল। কিন্তু সময়ের বিবর্তনে ও ব্যবসায়িক মন্দার কারণে একে একে প্রায় সব হলই বন্ধ হয়ে গেছে; অনেক হল ভেঙে আবাসিক ভবন বা বাণিজ্যিক মার্কেট তৈরি করা হয়েছে। বর্তমানে চরম সংকটের মধ্যেও তিনি একমাত্র এই হলটি টিকিয়ে রেখেছেন।

ঝন্টু আরও বলেন, ‘চলতি বর্ষা মৌসুমে টানা বৃষ্টির কারণে উন্মুক্ত স্থানে বা মোড়ে মোড়ে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখা দর্শকদের জন্য বেশ কষ্টকর হয়ে দাঁড়ায়। বৃষ্টি এলেই চরম ভোগান্তিতে পড়তে হয় ফুটবলপ্রেমীদের। তাই দর্শকদের চাহিদার কথা বিবেচনা করে সম্পূর্ণ স্বাচ্ছন্দ্যে ও শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) পরিবেশে বড় পর্দায় খেলা উপভোগের এই সুযোগ করে দেওয়া হয়েছে।’

এর আগে গত ৭ জুলাই রাতে অনুষ্ঠিত মিশর বনাম আর্জেন্টিনার শেষ ষোলোর ম্যাচটি হলের পর্দায় প্রদর্শন করা হয়েছিল, যেখানে দর্শকদের উপচে পড়া ভিড় ও ব্যাপক সাড়া মিলেছিল। রোববারের কোয়ার্টার ফাইনাল ম্যাচেও যদি আশানুরূপ দর্শক সমাগম ঘটে, তবে বিশ্বকাপের বাকি সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচগুলোও সিনেমা হলে প্রদর্শনের ব্যবস্থা করা হবে বলে হল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

সৈয়দপুর শহরের ফুটবলপ্রেমী দর্শকদের হলমুখী করতে সকাল-বিকেল শহরজুড়ে মাইকিং ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জোরদার প্রচারণা চালানো হচ্ছে। ডিজিটাল স্ক্রিনে খেলা দেখার জন্য টিকিটের মূল্যও সাধারণ মানুষের হাতের নাগালে রাখা হয়েছে। হলের কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করা যাবে, যার মধ্যে ব্যালকনি শ্রেণির টিকিটের মূল্য ৫০ টাকা এবং শোভন শ্রেণির টিকিটের মূল্য ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। মাত্র ৩০ ও ৫০ টাকার টিকিটে এসি হলের ভেতর নান্দনিক পরিবেশে বিশ্বকাপের আমেজ উপভোগ করার এই সুযোগ হাতছাড়া করতে চাচ্ছেন না স্থানীয় ফুটবল ভক্তরা।

‘ছাত্রলীগ-যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’—বিএনপির মিছিল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যারাই জড়িত হোক, আইনের আওতায় আসবেন—সালমানের স্টুডিও ভাঙচুর ই…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে নভেম্বর পর্যন্ত এলএনজি পাঠাতে পারবে না কাতার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৩ জনকে চাকরি দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
গ্যাসের বাজারে নজর, দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: জাহেদ উর রহমান
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আইডিকলে সহকারী ম্যানেজার পদে জনবল নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬