ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিস © টিডিসি ফটো
বিশ্বকাপের শেষ ষোলোতে আর্জেন্টিনা ও মিসরের লড়াই শুরুর আগেই আলোচনায় উঠে এসেছে ম্যাচ পরিচালনাকারী রেফারিং প্যানেল। ফিফা এই ম্যাচের দায়িত্ব দিয়েছে ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়েকে। তার সঙ্গে দুই সহকারী রেফারিও ফ্রান্সের হওয়ায় বিষয়টি নিয়ে প্রশ্ন উঠতেই প্রতিক্রিয়া জানিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
মঙ্গলবার আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচে প্রধান রেফারির দায়িত্ব পালন করবেন ৩৬ বছর বয়সী ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে। সহকারী রেফারি হিসেবে থাকবেন সিরিল মুনিয়ে ও মেহদি রাহমুনি। ফলে মাঠে দায়িত্ব পালন করা তিনজন রেফারিই ফ্রান্সের।
তবে এর আগে কখনোই আর্জেন্টিনার সিনিয়র জাতীয় দলের কোনো ম্যাচ পরিচালনা করেননি লেতেক্সিয়ে। একইভাবে মিসরের সিনিয়র দলের ম্যাচ পরিচালনারও অভিজ্ঞতা নেই তার।
আর্জেন্টিনার কোনো জাতীয় দলের ম্যাচে তার একমাত্র অভিজ্ঞতা ছিল ২০২৩ সালের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে। সে সময় উজবেকিস্তানের বিপক্ষে ২-১ গোলের জয়ের ম্যাচে তিনি দায়িত্ব পালন করেছিলেন।
চলমান বিশ্বকাপেও ইতোমধ্যে দুটি ম্যাচ পরিচালনা করেছেন এই ফরাসি রেফারি। গ্রুপ পর্বে আইভরি কোস্টের ১-০ ব্যবধানে ইকুয়েডরের বিপক্ষে জয় এবং কেপ ভার্দে ও সৌদি আরবের গোলশূন্য ড্র ম্যাচে বাঁশি বাজিয়েছেন তিনি।
ইউরোপের অন্যতম সম্ভাবনাময় রেফারি হিসেবে পরিচিত লেতেক্সিয়ে ২০১৬ সালে ফরাসি লিগ ওয়ানে অভিষেক করেন। মাত্র ২৮ বছর বয়সে তিনি ফ্রান্সের শীর্ষ লিগের ইতিহাসে সবচেয়ে কম বয়সী রেফারি হওয়ার কীর্তি গড়েন।
২০১৬ সালের ২৩ জানুয়ারি মন্টপেলিয়ে ও কাঁর ম্যাচ দিয়ে তার লিগ ওয়ানে যাত্রা শুরু হয়। এক বছর পর ফিফার আন্তর্জাতিক রেফারির স্বীকৃতি পান। এরপর বুলগেরিয়া ও বসনিয়া-হার্জেগোভিনার মধ্যকার প্রীতি ম্যাচ পরিচালনার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক হয় তার।
পরবর্তীতে ধারাবাহিকভাবে বড় বড় টুর্নামেন্টে দায়িত্ব পেয়েছেন লেতেক্সিয়ে। তিনি ২০২১ সালের উয়েফা ইউরোপা লিগের ফাইনাল, ২০২৩ সালের উয়েফা সুপার কাপ, ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপ এবং অলিম্পিক গেমসেও ম্যাচ পরিচালনা করেছেন।
যদিও আর্জেন্টিনার সিনিয়র দলের ম্যাচ আগে পরিচালনা করেননি, তবে বর্তমান স্কোয়াডের কয়েকজন ফুটবলারের ম্যাচে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে গত ২২ মার্চ লিগ ওয়ানে অলিম্পিক লিওঁ ও মোনাকোর ম্যাচে আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস তাগলিয়াফিকোকে লাল কার্ড দেখিয়েছিলেন তিনি।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে রেফারির ফরাসি পরিচয় নিয়ে প্রশ্ন করা হলে বিষয়টিকে গুরুত্ব দিতে চাননি আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তিনি বলেন, ‘এখনই জানতে পারলাম। এখানে আসার পথে গাড়িতে নিকো (এএফএর যোগাযোগ ব্যবস্থাপক নোভেলো) আমাকে বলেছে। এটা আসলে আড্ডার বিষয়, এর বেশি কিছু নয়। আমি শুধু জানতে চাই, ভিএআরের রেফারিও কি ফরাসি? কারণ একবার আমি ফিফাকে বলেছিলাম, মাঠের রেফারিরা যদি একই দেশের হন, তাহলে ভিএআরের রেফারিও একই দেশের হলে ভালো হয়। তাহলে সিদ্ধান্ত ব্যাখ্যা করতে সুবিধা হয়। তাই যদি চারজনই ফরাসি হন, তাহলে আমার কোনো সমস্যা নেই।’
আর্জেন্টিনা–মিসর ম্যাচের পূর্ণাঙ্গ রেফারি প্যানেল
প্রধান রেফারি: ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে (ফ্রান্স)
সহকারী রেফারি ১: সিরিল মুনিয়ে (ফ্রান্স)
সহকারী রেফারি ২: মেহদি রাহমুনি (ফ্রান্স)
চতুর্থ রেফারি: এসপেন এসকাস (নরওয়ে)
রিজার্ভ সহকারী রেফারি: আইজ্যাক বাশেভকিন (নরওয়ে)