হাইতির বিপক্ষে ৩–০ গোল ব্যবধানে স্বস্তির জয়ে মাঠে শেষ হাসি থাকলেও ব্রাজিল শিবিরে নেমে এসেছে গভীর উদ্বেগের ছায়া। ম্যাচের ৪০তম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন তারকা ফরোয়ার্ড রাফিনিয়া। মাঠ ছাড়ার সময় চিকিৎসকদের সঙ্গে যাওয়ার পথে চোখের পানি মুছতে দেখা যায় তাকে।
ডাগআউটে ফিরে দলের চিকিৎসক রদ্রিগো লাসমারের সঙ্গে কথা বলেন রাফিনিয়া। তাকে সান্ত্বনা দিতে এগিয়ে আসেন কোচ কালো আনচেলত্তিও। তবে ডান ঊরুতে হাত রেখে ব্যথা অনুভব করতে দেখা যাওয়ায় পরিস্থিতি নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে, চোটটি গুরুতর হলে বিশ্বকাপের বাকি অংশ থেকেও ছিটকে যেতে পারেন রাফিনিয়া। সেই ক্ষেত্রে ব্রাজিলের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠবে। কারণ, ফিফার নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট শুরুর পর আর নতুন কোনো আউটফিল্ড খেলোয়াড়কে দলে অন্তর্ভুক্ত করার সুযোগ নেই। বিকল্প খেলোয়াড় নিবন্ধনের সময়সীমা শেষ হয়েছে ১২ জুন, অর্থাৎ প্রথম ম্যাচের আগেই।
এমনকি প্রথম ম্যাচ খেলার ২৪ ঘণ্টা আগেও নতুন কাউকে দলে নিতে পারত সেলেসাওরা। বিশ্বমঞ্চে গত ১৪ জুন বাংলাদেশ সময় ভোরে মরক্কোর মুখোমুখি হয়েছিল ব্রাজিল। ফলে, এখন আর সেই সুযোগ পাচ্ছে না সেলেসাওরা।
ফলে রাফিনিয়ার চোট দীর্ঘমেয়াদি হলে তাকে ছাড়াই বাকি বিশ্বকাপ খেলতে হবে ব্রাজিলকে। কেবল গোলরক্ষকের ক্ষেত্রে বিশেষ পরিস্থিতিতে পরিবর্তনের সুযোগ থাকলেও অন্য কোনো পজিশনে সেই নিয়ম প্রযোজ্য নয়।
এদিকে হাইতির বিপক্ষে জয় তুলে নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষস্থান ধরে রেখেছে ব্রাজিল। দুই ম্যাচে তাদের সংগ্রহ ৪ পয়েন্ট। সমান পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মরক্কো। তিন পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে স্কটল্যান্ড এবং টানা দুই হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে হাইতি।