করোনা সংকট
© সংগৃহীত
‘যুদ্ধের সময় যােদ্ধা নিয়ােগ বন্ধ রাখবেন না’ এই প্রতিপাদ্য নিয়ে মেডিকেল কলেজগুলাের মে’২০ এর স্থগিত ফাইনাল প্রফ পরীক্ষা দ্রুততম সময়ের মধ্যে নেয়ার দাবিতে মানববন্ধন করেন ফাইনাল প্রফ পরীক্ষার্থীরা। আজ বুধবার (১৭ জুন) সকালে রাজধানীর বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) ভবনের সামনে এটি অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে তিনটি দাবি তুলে ধরা হয়।
মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থীরা জানান, সম্প্রতি করোনা মহামারিতে অন্য সব শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় মেডিকেল কলেজগুলােও বন্ধ রাখা হয়েছে। যার কারণে আটকে আছে মে’২০ এর সবকটি প্রফই। তবে অন্য সব প্রফের তুলনায় ফাইনাল প্রফের বিষয়টি একটু আলাদা। মে’২০ এর প্রফটি মূলত বিগত গত বছরের নভেম্বরে ইতোমধ্যেই হয়ে যাওয়া ফাইনাল প্রফের সাপ্লিমেন্টারি পরীক্ষা। অন্য উচ্চ মাধ্যমিক শিক্ষাব্যবস্থার তুলনায় কম ছুটি, বেশি ক্লাস এবং ৬ মাস অন্তর নিয়মিত পরীক্ষার মাধ্যমে কৃতকার্যদের চিকিৎসক হওয়ার যে ধারা তা বিগত কয়েক বছরই মেডিকেল শিক্ষাব্যবস্থাকে রেখেছে সেশনজটবিহীন এবং হাসপাতালে রােগীদের সেবা প্রদানে ডাক্তার যােগান দেওয়াকে রেখেছে নিরবচ্ছিন্ন। তবে এই করোনাকালীন সময়ে রোগীদের সবচেয়ে দুঃসময়টাতে চিকিৎসক তৈরির এ ধারা ব্যহত হলে শুধু দীর্ঘমেয়াদেই নয়, ইন্টার্ন ডাক্তার সংকট হতে চলেছে অতি আসন্ন।
জানা গেছে, মেডিকেল কলেজগুলাের তত্ত্বাবধায়ক বিশ্ববিদ্যালয়গুলাে থেকে আসা নােটিশ অনুযায়ী, চলমান করোনা পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্যে স্থগিত ঘােষণা করা হয়েছে ফাইনাল প্রফ। মেডিকেলের নিয়ম অনুসারে ইতােমধ্যেই ৬ মাস পিছিয়ে যাওয়া ২ হাজার ৪০০ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত যাদের অন্য প্রফগুলাের মত কারিকুলাম সংশােধন করে এ ঘাটতি পূরণ করে নেওয়ার কোনাে সুযােগ নেই। ঠিক একইভাবে সেপ্টেম্বরের শুরুতেই বিগত বছর পাশ করে যাওয়া ইন্টার্ন ডাক্তারদের ইন্টার্নশিপ শেষ হয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষের নতুন ইন্টার্ন পেতে ফাইনাল প্রফ ব্যতীত আর কোনাে বিকল্প নেই। ফাইনাল প্রফ যেহেতু ক্লিনিক্যাল নির্ভর পরীক্ষা তাই তা অনুষ্ঠিত করার জন্যে অতীব দরকারি হাসপাতাল সারা বাংলাদেশেই করোনাকালীন সময়ে খোলা এবং নিরবিচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নােটিশ অনুযায়ী, এই বিপদসংকুল সময়েই Phase–A রেসিডেন্টদের ব্লক এন্ডিং পরীক্ষা পদ্ধতি সংশােধন করে শুধু রিটেন ও SCA এর মাধ্যমে নেওয়া হচ্ছে, পরবর্তী সেশনের ব্লক অনলাইনে নিতে নােটিশ জারি হয়েছে, চলে যাওয়া সময় পুষিয়ে নিতে কারিকুলাম সংক্ষেপের পরিকল্পনা জানানাে হয়েছে।
শিক্ষার্থীরা জানান, এই সংকট নিরসনে যথাযথ কর্তৃপক্ষের সাথে যাবতীয় তথ্য উপাত্তসহ যােগাযােগ করলেও তারা কোনাে সুস্পষ্ট সিদ্ধান্ত জানাতে ব্যর্থ হয়। উপরন্তু পরবর্তী সেশনগুলাে নিয়ে তাদের ক্রমাগত পরিকল্পনা অব্যাহত দেখে অত্যন্ত দুঃখের সাথে ভাবতে বাধ্য হচ্ছি যে তারা আমাদের সেশন লস ও হাসপাতালে হতে যাওয়া অতি আসন্ন ইন্টার্ন ডাক্তারের এই ঘাটতি পূরণে পদক্ষেপ নিতে যথেষ্ট আন্তরিক নন।
উদ্ভূত পরিস্থিতিতে মানববন্ধন থেকে শিক্ষার্থীরা তিনটি দাবি জানিয়েছেন। এসব দাবির মধ্যে রয়েছে—
১) বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ এর ঐক্যমত তথা বিএমডিসির সার্বিক সহায়তায় অনতিবিলম্বে এমবিবিএস মে’২০ ফাইনাল প্রফ অনুষ্ঠিত করার ব্যবস্থা গ্রহণ
২) চলমান করােনা সংকট মােকাবেলায় দ্রুত আসন্ন ইন্টার্ন ঘাটতি পূরণে প্রয়ােজনে পরীক্ষা পদ্ধতি সংস্করণ
৩) বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমােদন সংক্রান্ত জটিলতা ও দীর্ঘসূত্রিতা সমাধানে আপাতত মেডিকেলের কলেজের তত্ত্বাবধায়নে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ