© টিডিসি ফটো
আগামী ৩০ জানুয়ারি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন। একই দিনে দেশব্যাপী হিন্দু সম্প্রদায়ের সরস্বতী পূজা। এমন পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পূজার উৎসবে বিঘ্ন ঘটা ও নির্বাচন কর্মকাণ্ড পরিচালনা সমস্যাসংকুল হওয়ার আশঙ্কায় সিটি নির্বাচনের তারিখ পুনর্বিবেচনার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে বিভিন্ন সংগঠন।
কিন্তু পরেরদিন ৩১ জানুয়ারি মুসলমানদের সাপ্তাহিক পবিত্র দিন জুমাবার। আর আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর রয়েছে ব্যবহারিক পরীক্ষা। ফলে নিবার্চনের তারিখ পুনঃতাফসিল ঘোষণা বা নির্বাচন পেছানো নিয়ে নির্বাচন কমিশন টানাপোড়েনে রয়েছে বলে জানা গেছে।
কমিশন সূত্রে জানা গেছে, ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনের তাফসিল ঘোষণার পর থেকে নতুন তারিখ ঘোষণার দাবি উঠলে বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করে কমিশন। কিন্তু ৩১ তারিখ জুমাবার। পরেরদিন থেকে এসএসসি পরীক্ষা শুরু হবে। তাই শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনের ভোটকেন্দ্র করার সুযোগ থাকবে না। ফলে নির্বাচনের তারিখ পেছানোর সুযোগ পাচ্ছে না কমিশন। আবার সামনে আনলে প্রার্থীদের কাছ থেকে বাধা আসার সম্ভাবনা রয়েছে।
এদিকে সরস্বতি পূজা আর নির্বাচন একইদিনে হওয়ায় শিক্ষার্থীদের কাছে থেকেও প্রতিবাদ আসছে। ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু), হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের অঙ্গ সংগঠন বাংলাদেশ সাধারণ শিক্ষার্থী ঐক্য পরিষদ নির্বাচনের তারিখ পুনঃবিবেচনার দাবি জানিয়েছে।
নির্বাচনের তারিখ পুনঃতাফসিল ঘোষণা করা না হলে কঠোর আন্দোলনে যাওয়া হবে বলেও হুশিয়ারি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন। তিনি আরও বলেছেন, পূজার দিনে নির্বাচন দিয়ে যে অপমান করা হয়েছে, অসাম্প্রদায়িক অনুভূতির প্রতি আঘাত দেয়া হয়েছে তার জবাবদিহিতা করতে হবে। দাবি মানা না হলে আন্দোলন গড়ে তোলা হবে। সিদ্ধান্ত কিভাবে বদল করতে হয় তা আমরা দেখিয়ে দিব।
এছাড়া আসন্ন ৩০ জানুয়ারি অনুষ্ঠেয় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন পেছানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। ২৯ ও ৩০ জানুয়ারি সরস্বতী পূজা রয়েছে উল্লেখ করে সুপ্রিম কোর্টের আইনজীবী অশোক কুমার ঘোষ এ রিট করেন।
রিটে বলা হয়েছে, ‘দেশের সমস্ত বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয় কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পূজা হয়। নির্বাচন উপলক্ষে যেহেতু শিক্ষা-প্রতিষ্ঠানে ভোটকেন্দ্র স্থাপন করা হবে বিধায় এটি সাংঘর্ষিক।’
আইনজীবী অশোক কুমার ঘোষ বলেন, এ অবস্থায় পঞ্চমী শেষ না হওয়া পর্যন্ত প্রতিমা বিসর্জন দেওয়া যায় না তাই নির্বাচনের তারিখ পরিবর্তন করে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে নির্ধারণের জন্য হাইকোর্টে রিট (নম্বর-১৩১/২০২০) করা হয়েছে।