Warning: include(page.php): Failed to open stream: No such file or directory in /home/www/frontend/index.php on line 1

Warning: include(): Failed opening 'page.php' for inclusion (include_path='.:/usr/share/pear:/usr/share/php') in /home/www/frontend/index.php on line 1
বুয়েটের অধ্যাদেশ সংস্কারের দাবি | The Daily Campus

বুয়েটের অধ্যাদেশ সংস্কারের দাবি

১৫ অক্টোবর ২০১৯, ১০:৪৬ AM

যে অধ্যাদেশ অনুযায়ী বুয়েট পরিচালিত হয়, তার ১৬ ধারা অনুযায়ী বুয়েটে সাংগঠনিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ। ‘দ্য ইস্ট পাকিস্তান ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি অরডিন্যান্স’ নামক ওই আইনটি ১৯৬১ সালে প্রণীত হয়, তখন তৎকালীন পূর্ব পাকিস্তানে ক্ষমতায় ছিলেন সামরিক শাসক আইয়ুব খান।

ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বলছেন, এই আইন তাঁরা মানেন না। তিনি বলেন, ‘বুয়েট যে আইনে পরিচালিত হয়, তা স্বৈরশাসক আইয়ুব খানের প্রণীত আইন। স্বাধীন বাংলাদেশে এই আইন চলতে পারে না। এই আইন সংস্কার করতে হবে, ছাত্ররাজনীতি নিষিদ্ধসংক্রান্ত ধারা বাতিল করে স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম পরিচালনার সুযোগ তৈরি করতে হবে।’

ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খানও বুয়েটের অধ্যাদেশের ওই ধারা সংস্কারের দাবি জানিয়েছেন। তিনি বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে ছাত্ররাজনীতির গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে। দেশ ও জাতির সংকটে ছাত্রসমাজ রাজপথে নেমে প্রতিবাদ জানিয়েছে, ছাত্রদের অধিকারের পক্ষে সোচ্চার থেকেছে। তাই ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত যৌক্তিক নয়।’

ছাত্রলীগের কয়েকজন কেন্দ্রীয় নেতা জানান, বুয়েটের অধ্যাদেশে ছাত্ররাজনীতির ওপর নিষেধাজ্ঞা সংক্রান্ত ধারা বাতিল ও সাংগঠনিক ছাত্ররাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে ছাত্রলীগের পক্ষ থেকে উচ্চ আদালতে রিট করার প্রস্তুতি চলছে।

সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে মানববন্ধন করে বুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণার প্রতিবাদ জানিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ। আইয়ুব খানের সময়ে প্রণীত বুয়েটের অধ্যাদেশকে ‘পাকিস্তানি অধ্যাদেশ’ আখ্যা দিয়ে এটি বাতিলের দাবি জানিয়েছে সংগঠনটি। মুক্তিযুদ্ধের চেতনায় বুয়েট পরিচালনার জন্য নতুন অধ্যাদেশ প্রণয়নের দাবিও জানান সংগঠনটির নেতারা। এ ছাড়াও প্রগতিশীল ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার ‘অপরাধে’ ও দায়িত্ব পালনে ‘ব্যর্থতার’ দায় নিয়ে বুয়েটের উপাচার্যকে অপসারণের দাবি জানায় সংগঠনটি।

বুয়েটের অধ্যাদেশের ১৬ ধারায় বলা হয়েছে, ডিরেক্টর অব স্টুডেন্টস ওয়েলফেয়ারের (ডিএসডব্লিউ) লিখিত অনুমোদন ছাড়া বুয়েট ক্যাম্পাসে কোনো ক্লাব বা সোসাইটি বা ছাত্রসংগঠন (বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ইউনিয়ন, ডিপার্টমেন্ট বা হল অ্যাসোসিয়েশন ব্যতিরেকে) গঠন করা যাবে না। ডিএসডব্লিউর পূর্বানুমোদন ছাড়া বুয়েট চত্বরে শিক্ষার্থীরা কোনো সভা, পার্টি বা বিনোদনের আয়োজন করতে পারবেন না কিংবা বিশ্ববিদ্যালয়ের ক্লাস চলাকালীন শিক্ষার্থীরা কোনো ধরনের বাদ্যযন্ত্রও বাজাতে পারবেন না।

অধ্যাদেশের অধীনে ‘অরডিন্যান্স রিলেটিং টু দ্য বোর্ড অব রেসিডেন্স অ্যান্ড ডিসিপ্লিন’ নামে একটি বোর্ডও গঠন করা হয়। অননুমোদিত ছাত্রসংগঠনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দায়িত্ব এই বোর্ডের। ১৯৮৯ সালের ৩১ জুলাই বুয়েটের একাডেমিক কাউন্সিল অধ্যাদেশটিতে সর্বশেষ সংশোধনী এনেছিল।

 

২০০২ সালের ৪ জুন বুয়েটে ছাত্রদলের দুই গ্রুপের গোলাগুলিতে নিহত হন কেমিকৌশল বিভাগের ছাত্রী সাবেকুন নাহার সনি। এরপর ২০ জুলাই একাডেমিক কাউন্সিলের সভায় অধ্যাদেশের ছাত্ররাজনীতি নিষিদ্ধসংক্রান্ত ধারাটি বাস্তবে কার্যকর করার সিদ্ধান্ত হয়। সেদিন থেকে ক্যাম্পাসে সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বা কর্মসূচি নিষিদ্ধ ঘোষণা করে বুয়েট কর্তৃপক্ষ।

২০০২ সালে একাডেমিক কাউন্সিলের সভা শেষে ঘোষিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ অনুসারে বুয়েট শিক্ষার্থীরা কোনো রাজনৈতিক দলের অঙ্গসংগঠনের সদস্য হতে বা তার কার্যক্রমে অংশ নিতে পারেন না। এই শৃঙ্খলাবিধি তাঁদের যথাযথভাবে পালন করতে হবে। এটি অমান্য করলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। যদিও ২০০৯ সাল থেকে বুয়েট ক্যাম্পাসে ফের প্রকাশ্য ছাত্ররাজনীতি শুরু হয়।

গত ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করেন বুয়েট শাখা ছাত্রলীগের একদল নেতা-কর্মী। পরে শিক্ষার্থীদের দাবির মুখে গত শুক্রবার সন্ধ্যায় বুয়েট ক্যাম্পাসে সাংগঠনিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম। বুয়েটের কোনো শিক্ষার্থী ছাত্ররাজনীতিতে জড়িত হলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণাও দেন তিনি।

ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণার পর ইতিমধ্যে সিদ্ধান্তটির বাস্তবায়নও শুরু করেছে বুয়েট কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে গত শনিবার বুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি খন্দকার জামী উস সানী ও সাধারণ সম্পাদক (বহিষ্কৃত) মেহেদী হাসান ওরফে রাসেলের হলের কক্ষ সিলগালা করে দেওয়া হয়েছে, সিলগালা করা হয়েছে ছাত্রলীগের কার্যালয় হিসেবে ব্যবহৃত হলের একটি কক্ষও।

ট্যাগ: বুয়েট
ব্যাংক এশিয়া নিয়োগ দেবে ৭ জেলায়, আবেদন শেষ ১৩ মে
  • ২৯ এপ্রিল ২০২৬
স্রোতে ভেসে যাওয়া মিটার রিডারের মরদেহ উদ্ধার
  • ২৯ এপ্রিল ২০২৬
ছাঁটাই আতঙ্কে তিতুমীর কলেজের ১৭৭ কর্মচারী 
  • ২৯ এপ্রিল ২০২৬
রাবি শিক্ষার্থীদের ক্যাম্পাসের ছবি সংবলিত এটিএম কার্ড দিচ্ছ…
  • ২৯ এপ্রিল ২০২৬
স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরের সুযোগ অস্ট্রেলিয়ার নিউ সাউথ…
  • ২৯ এপ্রিল ২০২৬
চিকিৎসা অবহেলায় রোগীর মৃত্যু, ৩ লাখে রফাদফা করলেন ওসি
  • ২৯ এপ্রিল ২০২৬