বুয়েটের ভর্তি পরীক্ষা কাল

১৩ অক্টোবর ২০১৯, ১১:০১ AM

বুয়েটের ২০১৯-২০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা আগামীকাল সোমবার (১৪ অক্টোবর) অনুষ্ঠিত হবে। সকাল ৯টায় পরীক্ষা শুরু হবে। এর আগে ৫ অক্টোবর পরীক্ষা হওয়ার কথা থাকলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরে তারিখ পরিবর্তন করে।

গত ৩১ আগস্ট সকাল থেকে বুয়েটে ভর্তির অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়। ৯ সেপ্টেম্বর আবেদন গ্রহণ প্রক্রিয়া শেষ হয়। ১২টি বিভাগে এবার প্রথম বর্ষে মোট এক হাজার ৬০ জন শিক্ষার্থী ভর্তি করাবে বুয়েট। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.buet.ac.bd) পাওয়া যাবে।

এদিকে ছাত্রলীগের পিটুনিতে আবরার ফাহাদ খুনের ঘটনায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) চলমান আন্দোলন কর্মসূচি দুদিনের জন্য ‘শিথিলের’ ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। সেই অনুযায়ী আজ রোববার ও কাল সোমবার বুয়েটে কোনো কর্মসূচি পালিত হবে না।

কর্মসূচি শিথিলের ঘোষণার আগে বুয়েট প্রশাসন শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি মেনে নিয়ে পৃথক চারটি বিজ্ঞপ্তি ও একটি অফিস আদেশ জারি করে।

ফেসবুকে একটি স্ট্যাটাস দেয়ার জেরে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে রোববার (৬ অক্টোবর) রাতে ডেকে নিয়ে যায় বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এরপর রাত তিনটার দিকে শেরেবাংলা হলের নিচতলা ও দোতলার সিঁড়ির করিডোর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

গত সোমবার (৭ অক্টোবর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে আবরারের ময়নাতদন্ত সম্পন্ন হয়। ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ মরদেহের ময়নাতদন্ত করেন। তিনি বলেন, ‘ছেলেটিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।’ নিহত আবরার বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি শেরেবাংলা হলের ১০১১ নম্বর কক্ষে থাকতেন।

ওই হত্যাকাণ্ডের ঘটনায় ১৯ জনকে আসামি করে পরদিন সন্ধ্যার পর চকবাজার থানায় একটি হত্যা মামলা করেন নিহত আবরারের বাবা বরকত উল্লাহ।

নোবিপ্রবিতে আওয়ামীপন্থি শিক্ষক নেতাকে সদস্যসচিব করে জুলাই ড…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই রান-২০২৬ নিয়ে ডাকসুর নানা অব্যবস্থাপনার অভিযোগ, ক্ষো…
  • ০৫ আগস্ট ২০২৬
খেলা চলাকালীন মাঠেই বজ্রাঘাতে ফুটবলারের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাবিতে ৫০ শহীদ পরিবার নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভী…
  • ০৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদ…
  • ০৫ আগস্ট ২০২৬
বৃষ্টিতে বদলে গেল সমীকরণ, বাছাইপর্ব খেলতে হবে আয়ারল্যান্ডকে
  • ০৫ আগস্ট ২০২৬