© টিডিসি ফটো
সিলেটর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সিভিল এন্ড ইনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (সিইই) বিভাগের আয়োজনে সিইই ফেস্টিভ্যাল ‘এক্সিড ২০১৮’ আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। প্রথমবারের মতো আয়োজিত এ ফেস্টিভ্যালের সাতটি ভিন্নধর্মী ইভেন্টে দেশের ২৫ টি বিশ্ববিদ্যালয়ের অন্তত ৪৫০ জন প্রতিযোগী অংশ নিবে।
উদ্বোধন করবেন বিশিষ্ট শিক্ষাবিদ ও জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী। সোমবার শাবি প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিইই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ইমরান কবির।
এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক সৌরভ রায়, এক্সিড ২০১৮ এর আহ্বায়ক মো. ইয়ামীন হোসাইন , যুগ্ম আহবায়ক মাহমুদ ইবনে সাদেক, এসোসিয়েশন অব সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এর সহ-সভাপতি আয়েশা ফেরদৌস, সাবেক দপ্তর সম্পাদক কাজী তৌফিকুর রহমান প্রমূখ।
সংবাদ সম্মেলনে ড. মো. ইমরান কবির জানান, ‘এক্সেল টু এক্সিড’ অর্থাৎ নিজেকেই ছাড়িয়ে যাওয়ার প্রত্যয়ে এগিয়ে চলা 'এক্সিড ২০১৮’ শিরোনামে এই উৎসবের বিভিন্ন ইভেন্ট শাবির কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এতে ইভেন্টগুলো হচ্ছে ট্রাস চ্যালেঞ্জ, মেকানিক্স অলিম্পিয়াড, অটোক্যাড ড্রয়িং, পোস্টার প্রেজেন্টেশন, সাধারণ জ্ঞান কুইজ, ব্র্যান্ডিং কম্পিটিশন ও এক্সিড ম্যানিফেস্টেশন।
১১ অক্টোবর বৃহস্পতিবার সকাল নয়টায় কেন্দ্রীয় মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে ‘এক্সিড ২০১৮’-এর প্রধান অতিথি হিসেবে থাকবেন জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ভূমিকম্প বিশেষজ্ঞ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মেহেদি আহমেদ আনসারী এবং শাবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস। আয়োজনের সভাপতিত্ব করবেন শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
সহকারী অধ্যাপক সৌরভ রায় বলেন, এ আয়োজনের বিভিন্ন ইভেন্টের বিচারকমন্ডলী হিসেবে বিভিন্ন বিভাগের শিক্ষকমন্ডলী থাকবেন। এছাড়া ‘ব্র্যান্ডিং ব্যালাডস’ প্রতিযোগিতার অতিথি বিচারক হিসেবে থাকবেন টেন মিনিট স্কুলের উপদেষ্টা মোহাম্মদ সামিদ রাজ্জাক।
তিনি বলেন, বিকেলে প্রতিযোগীদের জন্য রয়েছে টেকনিক্যাল সেমিনার, সমাপনী অনুষ্ঠান ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। এই উৎসবে পার্টনার হিসেবে থাকছে সেভেন রিংস সিমেন্ট।
ড. ইমরান কবির জানান, শাবিতে এ ধরনের আয়োজন এই প্রথম। আমরা এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদেরকে কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ মোকাবিলার শক্ত মানসিকতায় প্রস্তুত করার চেষ্টা করছি।