সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ইংরেজি ভাষা ও সাহিত্য চর্চা বিষয়ক একমাত্র সংগঠন ‘শাহজালাল ইউনিভার্সিটি স্পিকার্স ক্লাবের উদ্যোগে দুই দিনব্যাপী ইংরেজিতে উপস্থিত বক্তৃতা বিষয়ক ‘এচিভমেন্ট প্রেজেন্টস স্পিকার্স হান্ট ২.০’ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
শিক্ষার্থীদের পাবলিক স্পিকিং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘এ কনটেস্ট অন এক্সটেম্পর’ স্লোগানে ৫ ও ৬ অক্টোবর দুই দিনব্যাপী ক্যাম্পাসে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সংগঠনের সভাপতি সৈয়দা মারজানা রাজ্জাক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রতিযোগিতা দুইটি রাউন্ডে অনুষ্ঠিত হবে। ৫ অক্টোবর প্রথম রাউন্ড থেকে বাছাইকৃতরা পরদিন ৬ অক্টোবর ২য় রাউন্ডে অংশগ্রহণ করবে। এখান থেকে সেরা ১০ জনকে বাছাই করে পুরস্কৃত করা হবে। প্রতিযোগিরা নির্ধারিত একটি বিষয়ে নির্ধারিত সময়ে উপস্থিত বক্তৃতা প্রদান করবেন। বিজয়ী পাবেন দশ হাজার টাকার প্রাইজবন্ড। ১ম ও ২য় রানার্সাপ যথাক্রমে আট হাজার ও পাচঁ হাজার টাকা প্রাইজবন্ড পাবেন। এছাড়া শীর্ষ দশ জনের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার এবং সার্টিফিকেট। এ প্রতিযোগিতায় টাইটেল স্পন্সর হিসেবে রয়েছেন ‘এচিভমেন্ট’ এবং সহযোগিতায় রয়েছেন ‘রয়েল এ্যাড’।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত থাকবেন শাবিপ্রবি সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. ফারুক উদ্দিন, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ আলমগীর তৈমুর, সহযোগী অধ্যাপক সিকান্দার আলী, ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আফজাল হোসেন, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ফলিত সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মো. তানভীর আহমেদ চৌধুরী, মেট্রোপলিটন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক অনিক বিশ্বাস প্রমুখ।
২৫ সেপ্টেম্বর থেকে এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। যা চলবে ৪ অক্টোবর পর্যন্ত। রেজিস্ট্রেশন ফি নিধার্রণ করা হয়েছে ১০০ টাকা। এতে শাবিপ্রবিসহ সিলেটের যেকোন বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলা এবং সিলেটের বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে স্থাপিত বুথ থেকে রেজিস্ট্রেশন ফরম সংগ্রহ করা যাবে।
আবার এই লিংকে https://goo.gl/forms/X8qZjbHbEbIZit9l2 প্রবেশ করে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবে।
এছাড়া এই লিংকে https://www.facebook.com/events/304650610129902/ ভিজিট করে বা এই ০১৬৮৭৮৪৯৪৩১ নাম্বারে ফোন করে বিস্তারিত জানা যাবে।
উল্লেখ্য, ‘কাম হিয়ার, স্পিক ব্যাটার’ স্লোগানকে সামনে রেখে শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ২০০৫ সালের ১ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় ‘শাহজালাল ইউনিভার্সিটি স্পিকার্স ক্লাব’। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি শিক্ষার্থীদের বিকশিত ক্যারিয়ার গড়তে ইংরেজী ভাষায় দক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচির আলোকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে দ্বিতীয়বারের মতো ইংরেজিতে উপস্থিত বক্তৃতা বিষয়ক ‘এচিভমেন্ট প্রেজেন্টস স্পিকার্স হান্ট ২.০’ প্রতিযোগিতার আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে।