মাদ্রাসায় ১৬, কলেজে ১৮ গ্রেড, বৈষম্য দূর করার দাবি ল্যাব সহকারীদের 

১০ মার্চ ২০২৬, ০৬:২৪ PM , আপডেট: ১০ মার্চ ২০২৬, ০৬:৪৬ PM
মানববন্ধনে ল্যাব সহকারী ঐক্য পরিষদ

মানববন্ধনে ল্যাব সহকারী ঐক্য পরিষদ © ফাইল ছবি

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কলেজ শাখায় কর্মরত এমপিওভুক্ত ল্যাব সহকারীদের বেতন গ্রেডের বৈষম্য দূর করে ন্যূনতম ১৬তম গ্রেড নির্ধারণের দাবি জানিয়েছে বাংলাদেশ ল্যাব সহকারী ঐক্য পরিষদ। সংগঠনটি বলছে, একই যোগ্যতায় নিয়োগ পাওয়া মাদ্রাসার ল্যাব সহকারীরা ১৬ গ্রেডে বেতন পেলেও তারা ১৮ গ্রেডে বেতন পাচ্ছেন।

মঙ্গলবার (১০ মার্চ)  শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর জমা দেওয়া এক স্মারকলিপিতে এ দাবি জানায় সংগঠনটি।

স্মারকলিপিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন বেসরকারি এমপিওভুক্ত কলেজে কর্মরত ল্যাব সহকারীরা বর্তমানে ১৮তম গ্রেডে বেতন পাচ্ছেন। অথচ বিভিন্ন অধিদপ্তর ও মন্ত্রণালয়ের অধীনে কর্মরত ল্যাব সহকারীদের বেতন গ্রেড ১০ম, ১১তম, ১৪তম কিংবা সর্বনিম্ন ১৬তম। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে ২০২৪ সালের ১০ জানুয়ারি জারি করা এক পরিপত্রে ল্যাব সহকারীদের তৃতীয় শ্রেণিতে অন্তর্ভুক্ত করা হলেও এখনও জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ সংশোধন করে তাদের বেতন গ্রেড নির্ধারণ করা হয়নি।

তারা জানিয়েছেন, ‘২০২৬ সালের ১ ফেব্রুয়ারি জারি করা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২৬-এ মাদ্রাসার ল্যাব সহকারীদের বেতন গ্রেড উন্নীত করে ১৬তম করা হয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি/আলিম বা সমমান নির্ধারণ করা হয়েছে। ফলে একই ধরনের দায়িত্ব পালন করলেও কলেজ ও মাদ্রাসা শাখার ল্যাব সহকারীদের মধ্যে বেতন কাঠামোতে বৈষম্য সৃষ্টি হয়েছে।

ল্যাব সহকারীরা বিজ্ঞান ও আইসিটি বিষয়ের ব্যবহারিক পাঠদান কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন উল্লেখ করে আবেদনে বলা হয়, সমপর্যায়ের কাজ করার পরও বেতন কাঠামোর পার্থক্য তাদের মধ্যে হতাশা তৈরি করছে। একই সঙ্গে সুনির্দিষ্ট কর্মনীতিমালা না থাকায় অনেক শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাব বহির্ভূত বিভিন্ন কাজ করানো হয়, যা ল্যাব কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি করছে।

এ পরিস্থিতিতে সংগঠনটি পাঁচ দফা দাবি উত্থাপন করেছে। দাবিগুলোর মধ্যে রয়েছে মাদ্রাসার মতো শিক্ষাগত যোগ্যতা উন্নীত করে ল্যাব সহকারীদের ন্যূনতম ১৬তম গ্রেড প্রদান, সম্মানজনক কর্মনীতিমালা প্রণয়ন, তাদের একাডেমিক স্বীকৃতি, ২০২৪ সালের ১০ জানুয়ারির পরিপত্র দ্রুত বাস্তবায়ন এবং আগে নিয়োগপ্রাপ্ত সব ল্যাব সহকারীদের স্বয়ংক্রিয়ভাবে সমপর্যায়ের গ্রেড প্রদান।

বাংলাদেশ ল্যাব সহকারী ঐক্য পরিষদের সভাপতি মো. আরাফাত হোসেন বলেন, আমরা বৈষম্যের শিকার। এই বৈষম্য দূর করতে হবে। ল্যাব সহকারীদের শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে ২য় বিভাগে উন্নীতকরণ করতে হবে। ইনডেক্সধারী সকল ল্যাব সহকারীদের জন্য সকল প্রকার শর্ত শিথিলযোগ্য রেখে স্বয়ংক্রিয়ভাবে সমপর্যায়ে গ্রেড দিতে হবে। ল্যাব সহকারী পদটিকে একাডেমিক স্বীকৃতি প্রদান করতে হবে।

সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুর রশিদ বলেন, ‘একই মন্ত্রণালয়ের অধীনে মাদ্রাসার ল্যাব সহকারীদের ১৬ গ্রেড,  এবং  কলেজের ল্যাব সহকারীদের ১৮ গ্রেড দেওয়া হচ্ছে। এর ফলে কলেজ পর্যায়ের ল্যাব সহকারীদের মধ্যে চরম হতাশা কাজ করছে। অতি দ্রুত কলেজ পর্যায়ে ল্যাব সহকারীদের মাদ্রাসার ন্যায় শিক্ষাগত যোগ্যতা উন্নতি করে ন্যূনতম ১৬ গ্রেড দেওয়ার দাবি জানাচ্ছি।’

ঘরের মাঠে পাকিস্তানকে যেভাবে ‘নাস্তানাবুদ’ করতে চায় বাংলাদেশ
  • ১০ মার্চ ২০২৬
হরমুজ প্রণালিতে বাংলাদেশি তেল ট্যাঙ্কার আটকাবে না ইরান
  • ১০ মার্চ ২০২৬
রিপোর্টে চিকিৎসকের একক স্বাক্ষর: স্বাস্থ্য অধিদপ্তরের নোটিস…
  • ১০ মার্চ ২০২৬
ঢাবি শিবিরের ২১ সদস্যের কমিটিতে ভর্তি পরীক্ষার দুই প্রথমসহ …
  • ১০ মার্চ ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের স্নাতকোত্তর-পিএইচডিতে স্কলারশিপ দিচ…
  • ১০ মার্চ ২০২৬
আইএইচটি-ম্যাটসের ক্লাস শুরুর তারিখ জানাল স্বাস্থ্য শিক্ষা অ…
  • ১০ মার্চ ২০২৬
close