কারিগরি শিক্ষা অধিদপ্তর © টিডিসি সম্পাদিত
বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত স্বামী বা স্ত্রীর কর্মস্থল বিবেচনায় বদলির সুযোগ যুক্ত করতে চায় কারিগরি শিক্ষা অধিদপ্তর। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি কর্তৃপক্ষ। নতুন এ সুযোগ চালু করতে বিদ্যমান সফটওয়্যারে পরিবর্তন আনতে হবে। একই সঙ্গে বদলির পর শিক্ষকদের এমপিও ও বেতন-ভাতা সংক্রান্ত জটিলতা এড়াতে প্রয়োজনীয় প্রস্তুতিও চলছে। ফলে সুযোগটি যুক্ত করা হবে, নাকি চলতি বছরের বদলি কার্যক্রম বিদ্যমান নিয়মেই সম্পন্ন হবে—তা নিয়ে দোলাচলে রয়েছে অধিদপ্তর।
কারিগরি অধিদপ্তর সূত্রে জানা গেছে, বদলির আবেদনের তারিখ জানতে প্রতিদিনই সংশ্লিষ্ট কর্মকর্তাদের ফোন করছেন অপেক্ষমাণ শিক্ষকরা। চলতি নভেম্বর মাসের মধ্যেই আবেদনের তারিখ ঘোষণার পরিকল্পনা রয়েছে। তবে স্বামী বা স্ত্রীর বেসরকারি কর্মস্থল বিবেচনায় বদলির সুযোগ রাখা হবে কি না, সে বিষয়ে ঊর্ধ্বতন পর্যায়ের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে অধিদপ্তর।
বদলি নীতিমালায় যা আছে
‘স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৬’ অনুযায়ী, বদলির ক্ষেত্রে অগ্রাধিকারের চারটি বিষয় নির্ধারণ করা হয়েছে। এগুলো হলো—নারী, কর্মস্থলের দূরত্ব, স্বামী বা স্ত্রীর কর্মস্থল এবং জ্যেষ্ঠতা।
নীতিমালার ৩.১০ ধারায় বলা হয়েছে, একটি শূন্য পদের বিপরীতে একাধিক আবেদন জমা পড়লে এসব বিষয় বিবেচনায় নিয়ে অগ্রাধিকার নির্ধারণ করতে হবে। এ ক্ষেত্রে স্বামী বা স্ত্রীর কর্মস্থল হিসেবে শুধু সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানকে বিবেচনায় রাখার কথা উল্লেখ রয়েছে। অর্থাৎ, স্বামী বা স্ত্রী বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত থাকলে সেই কর্মস্থলকে বদলির অগ্রাধিকারের শর্ত হিসেবে অন্তর্ভুক্ত করা হয়নি।
ফলে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত স্বামী বা স্ত্রীর কর্মস্থলকে বদলির শর্তে যুক্ত করতে হলে নীতিমালার বিদ্যমান বিধানেও পরিবর্তন আনতে হবে।
সফটওয়্যার পরিবর্তন নিয়ে সিদ্ধান্তহীনতা
কারিগরি অধিদপ্তরের এমপিও শাখার নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘সমস্যার মধ্যে আছি। এখন এটি করতে গেলে সফটওয়্যারে বেশ কিছু পরিবর্তন আনতে হবে। এটি না করলেও কারও মৌলিক অধিকার ক্ষুণ্ন হচ্ছে কি না, সেই প্রশ্নও রয়েছে।
তিনি বলেন, যাদের স্বামী বা স্ত্রী সরকারি চাকরি করেন, তারা হয়তো স্বামী বা স্ত্রীর কর্মস্থল যে জেলায়, সেই নিজ জেলায় যেতে পারবেন। কিন্তু এখন দেখা যাচ্ছে, বেসরকারি কর্মস্থলেও এই সুযোগ যুক্ত করতে গেলে চলমান সফটওয়্যার প্রক্রিয়ায় যারা ইতোমধ্যে আবেদন করেছেন এবং যেসব তথ্য জমা দিয়েছেন, সেগুলোর ওপরও প্রভাব পড়বে। আরেকটি বিষয় হচ্ছে, আমরা এটি বাস্তবায়ন করব কি না, সে বিষয়ে প্রশাসন থেকে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত পাইনি। একবার বলা হচ্ছে, হ্যাঁ, আমরা এটি করব। আবার বলা হচ্ছে, না।
এই কর্মকর্তা আরও বলেন, এমনও হতে পারে এখন যে পর্যায়ে আছে সেভাবেই আবেদনগুলো নিয়ে বদলির প্রক্রিয়া সম্পন্ন করতে পারি এবং পরের বছর বিষয়টি বিবেচনা করা হতে পারে। কিন্তু এখন এই সুযোগ দেওয়া হলে আমরা যখন আবেদনের তারিখ দেব, তখন তথ্য দিয়ে আবেদন করতে গিয়ে যদি কোনো সমস্যা হয়, সেগুলো আবার আমাদেরই সমাধান করতে হবে। ফলে বেসরকারি পর্যায়ে যাদের স্বামী বা স্ত্রী চাকরি করেন, তাদের জন্য আলাদা অপশন দেওয়া হবে কি না, বিষয়টি সংশ্লিষ্ট পর্যায় পর্যন্ত হয়েছে। সেখান থেকে যে সিদ্ধান্ত পাওয়া যাবে, সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। আশা করছি, এই মাসের মধ্যেই বিষয়টি চূড়ান্ত করতে হবে। কারণ অনেক শিক্ষক ফোন করছেন।’
এ বিষয়ে এমপিও শাখার সংযুক্ত কর্মকর্তা শাকিলা রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘স্বামী-স্ত্রীর কর্মস্থল বিবেচনায় বদলির ক্ষেত্রে বর্তমানে যে শর্ত রয়েছে, তাতে স্বামী বা স্ত্রী সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কিংবা শিক্ষক হিসেবে কর্মরত থাকলে অপরজন সেই কর্মস্থল বিবেচনায় বদলির আবেদন করতে পারেন। কিন্তু অনেক নারী শিক্ষক বলছেন, তাদের স্বামী বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। ফলে বর্তমান শর্তের আওতায় তারা পড়ছেন না। বিষয়টি আমরা দেখছি।’
বদলির পর এমপিও ও ব্যাংক হিসাব নিয়ে জটিলতার শঙ্কা
বদলির ক্ষেত্রে আরেকটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে এমপিও ও ব্যাংক হিসাবের বিষয়টি। কোনো শিক্ষক এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে বদলি হলে নতুন কর্মস্থলে তার বেতন-ভাতা চালুর প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হবে, তা নিশ্চিত করতে প্রয়োজনীয় কারিগরি ব্যবস্থা প্রস্তুত করা হচ্ছে।
এ বিষয়ে এমপিও শাখার সংশ্লিষ্ট কর্মকর্তা বলেন, ‘আরেকটি বিষয় আমি ব্যক্তিগতভাবে ভাবছি। এখন মনে করেন, একজন নারী বা অন্য কোনো শিক্ষক এমপিওভুক্ত হতে গিয়ে অনেক জটিলতার মধ্য দিয়ে যান। এমপিওর টাকা হাতে পাওয়া পর্যন্তও নানা ধরনের প্রক্রিয়া থাকে। কিন্তু বদলি হওয়ার পর তাদের অধিকাংশেরই ব্যাংক পরিবর্তন হয়ে যাবে, অ্যাকাউন্ট পরিবর্তন হয়ে যাবে। এগুলোও একটি জটিলতা। সেই জটিলতা নিরসনের ব্যবস্থাও আমরা পাশাপাশি করার চেষ্টা করছি। তবে এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো সমাধানে আসতে পারিনি। কীভাবে প্রক্রিয়াটি তৈরি করা যায়, কীভাবে সিস্টেম ডেভেলপমেন্ট করা যায়, সেটি নিয়ে কাজ করছি।’
তিনি আরও বলেন, ‘আমাদের মাথায় রাখতে হবে, আমি এখন আবেদন নিয়ে নিলাম। আবেদন নেওয়ার পর বেশি দেরি করতে পারব না, ফলাফল দিতেই হবে। কিন্তু ফলাফল দেওয়ার পর শিক্ষকরা নতুন প্রতিষ্ঠানে যোগ দিলে তাদের বেতন কী প্রক্রিয়ায় চালু করব, সেই প্রক্রিয়া যদি প্রস্তুত না থাকে, তাহলে তারা বেতন পাবেন না। আমার কারণে কিছুদিনের জন্য তাদের বেতন আটকে যেতে পারে। এ কারণে বিষয়টি নিয়ে আগে থেকেই প্রস্তুতি নেওয়া প্রয়োজন।’
আবেদন নিতে দেরি যে কারণে
বদলির আবেদন নিতে দেরি হওয়ার কারণ জানিয়ে এমপিও শাখার সংযুক্ত কর্মকর্তা শাকিলা রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘এখন শিক্ষকরা বলছেন, যেকোনোভাবে হোক, তারা বদলি হতে চান। কিন্তু বদলি হওয়ার পর যদি কোনো কারণে এক দিন বা এক মাস কিংবা তার চেয়েও বেশি সময় দেরি হয়, তাহলে সেটি তাদের জন্য আরও বড় সমস্যা হয়ে দাঁড়াবে। সে জন্য আমি একটু ধীরে এগোতে চাচ্ছি। কারণ, পাশাপাশি প্রয়োজনীয় বিষয়গুলো পুরোপুরি প্রস্তুত হয়ে গেলে আমি এখনই বদলি করে দিতে পারব। আজ একজন বদলি হলেন, কাল তিনি আরেকটি প্রতিষ্ঠানে যোগ দিলেন। এরপর যতটুকু দাপ্তরিক সময় লাগে, সেটুকু ছাড়া যেন আর কোনো বিলম্ব না হয়। অন্যথায় নতুন নতুন সমস্যা তৈরি হবে।’
তিনি বলেন, ‘আমরা এখন যে অবস্থায় আছি, তাতে চাইলে কালকেই আবেদনের তারিখ দিতে পারি। শুধু স্বামী-স্ত্রীর কর্মস্থল বিবেচনায় বদলির বিষয়টি নিয়ে কিছুটা জটিলতা তৈরি হয়েছে। অনেকেই আছেন, যারা স্বামী বা স্ত্রীর কর্মস্থল বিবেচনায় না গিয়ে নিজ জেলায় যেতে চান। তাদের বিষয়টি কীভাবে সমাধান করব, সে সিদ্ধান্তের অপেক্ষায় আছি। যদি সিদ্ধান্ত আসে যে সফটওয়্যারে পরিবর্তন আনতে হবে, তাহলে পরিবর্তন করতে যত দিন লাগে, সেটি করে আবেদন নেওয়া হবে। আর যদি বলা হয়, এবার কোনো পরিবর্তন করা হবে না, তাহলে সফটওয়্যার যেভাবে আছে, সেভাবেই আবেদন নেওয়া হবে। তবে এই মাসের মধ্যে আবেদনসংক্রান্ত নোটিশ দিতেই হবে।’
অপেক্ষায় হাজারো শিক্ষক
বদলি নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা। আবেদন শুরুর তারিখ ঘোষণা না হওয়ায় অনেকেই নিয়মিত অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করছেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে ফোন করে আবেদন কবে শুরু হবে, কীভাবে আবেদন করতে হবে এবং স্বামী বা স্ত্রীর বেসরকারি কর্মস্থল বিবেচনায় বদলির সুযোগ থাকবে কি না—এসব বিষয়ে জানতে চাইছেন তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, শিক্ষকদের তথ্য হালনাগাদ ও সফটওয়্যার-সংক্রান্ত প্রস্তুতির কাজ চলছে। চলতি নভেম্বর মাসের মধ্যেই আবেদনের তারিখ ঘোষণা করার বিষয়ে তাঁরা কাজ করছেন। তবে স্বামী বা স্ত্রীর বেসরকারি কর্মস্থলকে বদলির শর্তে যুক্ত করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় এ-সংক্রান্ত সুযোগের বিষয়টি এখনো অনিশ্চিত রয়েছে।