শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন © ফাইল ছবি
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, এসএসসির পুনঃনিরীক্ষণের ফলে ৩ হাজারেও বেশি জিপিএ ৫ পেয়েছে। এবারের এসএসসির খাতা দেখায় যারা অবহেলা করেছেন, তাদের জবাবদিহির আওতায় আনতে হবে।
আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে (আমাই) জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী।
আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘প্রতিষ্ঠানের কোন ক্লাসরুমে কীভাবে শিক্ষকরা ক্লাস নিচ্ছেন, সেটাও আমাদের প্রতিমুহূর্তে (রিয়েল টাইম) দেখতে হবে, তদারকি করতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়কে এ ক্ষেত্রে পাইওনিয়ার হতে হবে। বাংলাদেশের সবচেয়ে বেশি শিক্ষার্থীদের পড়াচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়।’
তিনি বলেন, ‘এর ম্যানেজমেন্টকে আরও সতর্ক হতে হবে। এ সময় তিনি সব প্রতিষ্ঠান প্রধানকে ক্লাসরুমে গিয়ে গিয়ে মনিটরিংয়ের নির্দেশ দেয়।’ পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়কেও এ বিষয়ে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি।
অন্য খবর: দেশের কোন ক্লাসরুমে শিক্ষকরা কীভাবে নিচ্ছেন, সেটাও ‘রিয়েল টাইম’ তদারকি হবে
শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘টিচিং প্রফেশনে আসলেও আমাদের শিক্ষকরা অনেক সময় হাল ছেড়ে যায়। এটা তাদের দোষ নয়। আমাদের প্রয়োজন তাদেরকে গাইড করা, মোটিভেট করা, প্রশিক্ষণ দেওয়া। আমাদেরকে শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনতেই হবে। না আনলে ভবিষ্যৎ অন্ধকার। এজন্য সবাইকে কাজ করতে হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন ও শিক্ষা সচিব আবদুল খালেক। সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।
এ ছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বিভিন্ন কলেজের শিক্ষকরা উপস্থিত রয়েছেন। শিক্ষাবৃত্তি অনেক আগে থেকে চালু থাকলেও জাতীয় বিশ্ববিদ্যালয়ে এবারই প্রথমবারের মতো ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড চালু হলো।