এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

০১ এপ্রিল ২০১৯, ১১:২৫ AM

© সংগৃহীত

আজ সোমবার থেকে শুরু হয়েছে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার ১০ লাখ এক হাজার ৭১৭জন নিয়মিত এবং বাকি তিন লাখ ৩১ হাজার ২০২ জন অনিয়মিত পরীক্ষার্থী রয়েছে। এছাড়া মাদরাসা বোর্ডে মোট ৮৮ হাজার ৪৫১ এবং কারিগরিতে এক লাখ ২৪ হাজার ২৬৪ জন পরীক্ষা দিচ্ছেন।

এদিকে, এ পরীক্ষা সামনে রেখে প্রশ্নফাঁসের গুজব ছড়ানোর মাধ্যমে অবৈধপন্থায় অর্থ হাতিয়ে নিতে ইতোমধ্যে সক্রিয় হয়ে উঠেছে অসাধুচক্র। তারা ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রশ্নফাঁসের বিজ্ঞপ্তি দিচ্ছে। তবে কোনোভাবেই প্রশ্নফাঁস সম্ভব নয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি এ প্রসঙ্গে বলেন, সদ্যসমাপ্ত এসএসসি পরীক্ষার মতোই এইচএসসি পরীক্ষাও সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হবে। প্রশ্নফাঁসের কোনো সম্ভাবনা নেই।

তিনি অভিভাবক-শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, কোনো রকমের গুজবে কান দেবেন না এবং অনৈতিক কোনো লেনদেন করবেন না। যারা এই রকমের অনৈতিক কাজের সঙ্গে জড়িত থাকবে, তাদের কঠিন শাস্তির আওতায় আনা হবে।

এইচএসসিতে আট বোর্ডের মধ্যে ঢাকা বোর্ডে ৩ লাখ ৯৭ হাজার ৬২২, রাজশাহী বোর্ডে ১ লাখ ৫০ হাজার ৯৫৪, কুমিল্লা বোর্ডে ৯৫ হাজার ২০২, যশোর বোর্ডে ১ লাখ ২৮ হাজার ৮০৯, চট্টগ্রাম বোর্ডে ৯৯ হাজার ৬৬৪, বরিশাল বোর্ডে ৬৪ হাজার ৯১৯, সিলেট বোর্ডে ৭৬ হাজার ৬৯৮ এবং দিনাজপুর বোর্ডে ১ লাখ ২৪ হাজার ৮৭৯ জন পরীক্ষার্থী।

সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণে নানা প্রস্তুতি: পরীক্ষায় যাতে প্রশ্নফাঁস না হয়, সেজন্য ৫ সপ্তাহ সব ধরনের কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে। সে অনুযায়ী সোমবার থেকে ৬ মে পর্যন্ত সারা দেশে সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। এছাড়া প্রশ্নফাঁস ঠেকাতে মোবাইল ব্যাংকিং কঠোরভাবে নজরদারি করা হবে। বিশেষ করে কোনো মোবাইল নম্বরে একাধিকবার একই অঙ্কের টাকার সন্দেহজনক লেনদেন হয়, তাহলে সংশ্লিষ্ট এজেন্টকে বিষয়টি থানায় জানাতে নির্দেশ দেয়া হয়েছে।

পরীক্ষার্থীদের আগের মতোই ৩০ মিনিট আগে আবশ্যিকভাবে কেন্দ্রে আসন গ্রহণ করতে হবে। অনিবার্য কারণে কোনো পরীক্ষার্থী কেন্দ্রে পৌঁছতে দেরি করলে রেজিস্ট্রারে তার নাম, রোল নম্বর ও বিলম্বের কারণ উল্লেখ করতে হবে। এ ধরনের ঘটনা পরীক্ষার দিনই কেন্দ্র সচিব সংশ্লিষ্ট বোর্ডকে জানাবেন। কেন্দ্রে শুধু ভারপ্রাপ্ত কর্মকর্তা (কেন্দ্র সচিব) সাধারণ মানের একটি ফোন ব্যবহার করতে পারবেন। কেউ মোবাইল ফোন বা অননুমোদিত ইলেকট্রনিক্স যন্ত্র ব্যবহার করতে পারবেন না।

এছাড়া আগের বিভিন্ন পরীক্ষার মতো এবারও পরীক্ষা শুরুর মাত্র ২৫ মিনিট আগে কোন সেট প্রশ্নপত্রে পরীক্ষা হবে, সেটা জানানো হবে। পরীক্ষার হলে প্রশ্নপত্র বণ্টনে যাতে কোনো অসুবিধা না হয়, সেজন্য নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থীদের আলাদা আলাদা কক্ষে আসনবিন্যাস করে প্রশ্নপত্র বিতরণ করা হবে।

পরীক্ষা চলাকালে এবং আগে-পরে পরীক্ষা সংশ্লিষ্ট কাজের সময় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থী ও পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্যদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। বিজি প্রেস থেকে প্রশ্নপত্রের প্যাকেটে গতানুগতিক কাগজের খামের বদলে অধিকতর নিরাপত্তাবিশিষ্ট অ্যালুমিনিয়াম ফয়েল খাম ব্যবহার করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণে তদারক কমিটি গঠন করা হয়েছে। ভেন্যু কেন্দ্রের জন্য প্রশ্নপত্রের আলাদা প্যাকেট ও ট্রাংক তৈরি করা হয়েছে, যা ট্রেজারি থেকে সরাসরি ভেন্যুতে পাঠানো হবে।

জানা গেছে, এই পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে শিক্ষার্থীদের বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হবে। আর এতে সহায়তার দায়ে শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এর মধ্যে সরকারি প্রতিষ্ঠানের শিক্ষকদের সাময়িক বহিষ্কার ও বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকদের এমপিও (বেতনের সরকারি অংশ) বাতিলের সিদ্ধান্ত নেয়া হবে।

দুই সপ্তাহের ব্যবধানে চুয়েটের পুকুরে ঝরল আরও দুই প্রাণ
  • ১২ আগস্ট ২০২৬
বিএনপি সমর্থকদের ওপর হামলার অভিযোগ, জামায়াতের ৩ নেতা গ্রেপ্…
  • ১২ আগস্ট ২০২৬
প্রাথমিকের দুই বিদ্যালয়ের ৫ শিক্ষককে শোকজ
  • ১২ আগস্ট ২০২৬
ইমেরিটাস অধ্যাপক অরুণ কুমার বসাকের ৮৫তম জন্মবার্ষিকীতে বরেন…
  • ১২ আগস্ট ২০২৬
সুন্দরবনের জলদস্যুদের অন্ধকার জগতের গল্প শোনাতে খুবিতে আসছে…
  • ১২ আগস্ট ২০২৬
ট্রাম্পের প্রচারণার পোস্ট থেকে সরানো হলো টেইলর সুইফটের গান
  • ১২ আগস্ট ২০২৬