শিক্ষার্থী © ফাইল ফটো
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে সর্বশেষ তৃতীয় ধাপের আবেদন ও ভর্তি কার্যক্রমের সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ২৬ অক্টোবর থেকে তৃতীয় ধাপের আবেদন শুরু হয়ে ২৭ অক্টোবর রাত ৮টা পর্যন্ত চলবে।
শনিবার (১৭ অক্টোবর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামানের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সময়সূচি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে তৃতীয় ধাপকেই সর্বশেষ ধাপ হিসেবে গণ্য করা হবে। তাই সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের সতর্কতার সঙ্গে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।
যেসব শিক্ষার্থী আবেদন করতে পারবেন
বিজ্ঞপ্তি অনুযায়ী, সর্বশেষ তৃতীয় ধাপে তিন ধরনের শিক্ষার্থী আবেদন করতে পারবেন। এগুলো হলো-যেসব শিক্ষার্থী আগে আবেদন করেনি অথবা আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত হয়নি; যেসব শিক্ষার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হলেও কোনো কারণে নিশ্চায়ন করতে পারেনি কিংবা নির্ধারিত সময়ের মধ্যে কলেজে ভর্তি হতে পারেনি এবং যেসব শিক্ষার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছিল, কিন্তু ভুল কোটা নির্ধারণের কারণে কলেজে ভর্তি হতে পারেনি।
তৃতীয় ধাপের ভর্তি সময়সূচি
অনলাইনে আবেদন চলবে ২৬ অক্টোবর থেকে ২৭ অক্টোবর রাত ৮টা পর্যন্ত। নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ৩০ অক্টোবর রাত ৮টায়। ফল প্রকাশের পর থেকে ৩১ অক্টোবর রাত ৮টা পর্যন্ত ভর্তি নিশ্চায়ন করা হবে। মাইগ্রেশনের ফল প্রকাশ হবে ১ নভেম্বর রাত ৮টায়। আর নির্বাচিত শিক্ষার্থীদের কলেজে ভর্তি ২ নভেম্বর থেকে ৩ নভেম্বর পর্যন্ত।
নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন নিশ্চায়ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আবেদন করতে হবে ৫ থেকে ১০টি কলেজে
শিক্ষার্থীদের নির্ধারিত ভর্তি ওয়েবসাইটে প্রবেশ করে পূর্ণাঙ্গ নির্দেশিকা অনুসরণ করে আবেদন করতে হবে। আবেদনের ক্ষেত্রে কলেজের বিদ্যমান আসনসংখ্যা বিবেচনা করে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান পছন্দ দিতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দ্বিতীয় ধাপে আবেদন করেও যেসব শিক্ষার্থী কোনো কলেজে নির্বাচিত হয়নি, তাদের সর্বশেষ তৃতীয় ধাপে আবেদনের জন্য ২২০ টাকা অনলাইন আবেদন ফি দিতে হবে না। এ ক্ষেত্রে ভর্তি ওয়েবসাইটে লগইন করে কলেজ নির্বাচন বা পছন্দক্রম সম্পাদন করতে হবে।
আগে নিশ্চায়ন করা শিক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা
আগে নির্বাচন নিশ্চায়ন করা কোনো শিক্ষার্থী তৃতীয় ধাপে আবেদন করতে চাইলে আগামী ২৭ অক্টোবর বিকেল ৪টার মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে উপস্থিত হয়ে আগের নিশ্চায়ন বাতিল করতে হবে। সরকারি ছুটির দিন এ ক্ষেত্রে কার্যকর হবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া কোটায় আবেদন করার ক্ষেত্রে শিক্ষার্থীদের নিজ নিজ যোগ্যতা অনুযায়ী সঠিক কোটা নির্বাচন করতে হবে। ফল প্রকাশের পর নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন ফি জমা দেওয়া এবং নির্বাচিত কলেজে ভর্তির সব কার্যক্রম সম্পন্ন করার জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়েছে, ভুলভাবে আবেদন করা বা নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে ব্যর্থ হলে পরবর্তী জটিলতার জন্য বোর্ড কর্তৃপক্ষ দায়ী থাকবে না।