মন্ত্রিসভার বৈঠক © টিডিসি সম্পাদিত
জাতীয় বেতন স্কেল ২০২৬-এর পাশাপাশি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের জন্য পৃথক বেতন স্কেল অনুমোদন করা হবে। এ জন্য ইতোমধ্যে পৃথক কমিটি গঠন করা হয়েছে। আজ সোমবার (৩১ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুমোদনের পর অর্থ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুডিশিয়াল সার্ভিসের জন্য পৃথক কমিটি গঠিত হয়েছে। ওই কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেল অনুমোদন করা হবে।
জুডিশিয়াল সার্ভিসের নতুন বেতন স্কেল ১ জুলাই ২০২৬ তারিখ থেকে জাতীয় বেতন স্কেল ২০২৬-এর ন্যায় একইভাবে ধাপে ধাপে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
জাতীয় বেতন স্কেল ২০২৬-এর ক্ষেত্রে ১ জুলাই ২০২৬ থেকে ১ জুলাই ২০২৭-এর মধ্যে মূল বেতন মোট তিনটি ধাপে বাস্তবায়ন করা হবে এবং ভাতাসমূহ ১ জানুয়ারি ২০২৮ থেকে একযোগে কার্যকর হবে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এভাবে পর্যায়ক্রমে নতুন বেতন স্কেল বাস্তবায়ন করা হলে জাতীয় পর্যায়ে মূল্যস্ফীতির চাপ কমানো সম্ভব হবে।
এদিকে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি সাংবাদিকদের জানান, জুডিসিয়াল সার্ভিসের জন্য পৃথক কমিটি গঠিত হয়েছে। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেল অনুমোদন করা হবে।