মাহমুদ আলম © টিডিসি ফটো
মাহমুদ আলমকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রবিবার উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান তাকে এই নিয়োগ প্রদান করেন। এর আগে তিনি জনসংযোগ দফতরে উপ-পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সোমবার তিনি ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে যোগদান করেছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
ড. নূর-ই-ইসলাম (সেলু বাসিত) এর স্থলাভিষিক্ত হলেন মাহমুদ আলম। এর আগে ড. নূর-ই-ইসলাম (সেলু বাসিত) জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক ছিলেন।
মাহমুদ আলম ১৯৮৬ সালে জনসংযোগ দফতরে রিপোর্টার হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি সিনিয়র রিপোর্টার, সহকারী পরিচালক এবং উপ-পরিচালক পদে পদোন্নতি পান। প্রায় এক দশক ধরে তিনি ‘ঢাকা বিশ্ববিদ্যালয় বার্তা’র সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগ থেকে ১৯৮২ সালে বিএ (সম্মান) এবং ১৯৮৩ সালে এমএ ডিগ্রি অর্জন করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে তিনি রাষ্ট্রবিজ্ঞানে এমএসএস এবং এলএলবি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি দর্শন বিষয়েও এমএ ডিগ্রি লাভ করেন।
মাহমুদ ১৯৭৯ সালে ছাত্রাবস্থায় জাতীয় ইংরেজি দৈনিক ‘দি নিউ নেশন’ পত্রিকায় সাংবাদিকতা শুরু করেন। ১৯৯৫ সাল পর্যন্ত তিনি এ পত্রিকায় স্টাফ রিপোর্টার, সাব-এডিটর, শিফ্ট ইন-চার্জ এবং ক্যাম্পাস পেইজ এডিটর হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া, তিনি ইংরেজি দৈনিক ‘দি ইন্ডিপেনডেন্ট’ ও ‘দি বাংলাদেশ অবজারভার’-এ রিপোর্টিং সেকশনে প্রায় ১২ বছর যাবৎ সাংবাদিকতা করেন।
মাহমুদ আলম যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানী, নেদারল্যান্ডস, বেলজিয়াম, স্পেন, বুলগেরিয়া, তুরস্ক, সৌদি আরব, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, জাপান, কোরিয়া, ফিলিপাইন, চীন, হংকং, সিঙ্গাপুরসহ বিশ্বের বিভিন্ন দেশ সফর করেন। তিনি ১৯৬২ সালে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর সুবিদখালী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি সুবিদখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রয়াত শিক্ষক মোতাহার উদ্দিন এবং প্রয়াত আনোয়ারা বেগমের তৃতীয় সন্তান।