© ফাইল ফটো
জালিয়াতির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স অনুষদের ২১ তলা ভবন নির্মাণের দরপত্র বাতিল করা হয়েছে। দরপত্রে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি প্রতিষ্ঠানের আবেদন জালিয়াতি করার অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ব্যাপারে দরপত্র মূল্যায়ন কমিটির সদস্য আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, ‘জালিয়াতির অভিযোগের ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না।’
সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৩১ কোটি টাকা ব্যয়ে ২১ তলা ভবন নির্মাণের ই-টেন্ডার (অনলাইন দরপত্র) আহ্বান করে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী অফিস। দরপত্রে ৪টি প্রতিষ্ঠান অংশ নেয়। দরপত্রে একটি প্রতিষ্ঠান দু’ধরণের দর প্রস্তাব করে। সর্বোচ্চ ও সর্বনিম্ন দুই দর উল্লেখ করায় দরপত্র বাতিল করে দেয় মূল্যায়ন কমিটি। পরে বৈঠকে ওই প্রতিষ্ঠানটিকে কারণ দর্শানো নোটিশ জারি করা। পরে পুনঃদরপত্র দেওয়া হয়।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী এ কে এম আফজালুল রহমান ‘দ্যা ডেইলি ক্যম্পাস’কে বলেন, দরপত্র আহ্বান করার পর অংশগ্রহণকারী একটি প্রতিষ্ঠানের কাগজপত্রে কিছু গরমিল ধরা পড়ে। তাই এটা বাদ দেয়া হয়েছে। এ বিষয়ে এখনও কিছু বলা যাচ্ছে না । আলোচনা চলছে। আগামীকালের বৈঠকের পর বিষয়টি সিন্ডিকেটে উঠবে; এরপর পুনরায় দরপত্র আহ্বান করা হবে।