আটক ট্রাকচালক মেহেদী হাসান © টিডিসি ছবি
চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গোপসাগর দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়ার সময় ৩০০ বস্তা ইউরিয়া সারসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকচালক মেহেদী হাসান রোমন (২৫) কে আটক করা হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কচ্ছপিয়া মোড়ে অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়। জোরারগঞ্জ থানা পুলিশ ও অর্থনৈতিক অঞ্চলের শিল্প পুলিশের যৌথ উদ্যোগে সেখানে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় ঢাকা মেট্রো-ট-১৫-৮৫০১ নম্বরের একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৩০০ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়। ট্রাকটি নরসিংদীর ঘোড়াশাল থেকে এসেছিল।
পুলিশ জানায়, জব্দ করা ৩০০ বস্তায় মোট ১৫ টন ইউরিয়া সার রয়েছে। যার আনুমানিক বাজারমূল্য চার লাখ টাকা। এর আগে একই স্থানে অভিযান চালিয়ে ৩০১ বস্তা ইউরিয়া সারসহ দুটি ট্রাক জব্দ করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, সম্প্রতি মিরসরাইয়ের বঙ্গোপসাগরকে সার পাচারের অন্যতম রুট হিসেবে ব্যবহার করছে পাচারকারীরা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০০ বস্তা সার ও একটি ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় চালককেও আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।