আটককৃত ৪ স্বেচ্ছাসেবক লীগ নেতা © সংগৃহীত
কার্যক্রম নিষিদ্ধঘোষিত সংগঠন স্বেচ্ছাসেবক লীগের বগুড়া জেলা সভাপতি সাজেদুর রহমান সাহিনসহ চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম-কক্সবাজার সড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, গ্রেপ্তার চারজনই দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাজেদুর রহমান সাহিন (৫২), জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি সৈয়দ আবু জাফর সিদ্দিক রিপন (৬০), শহর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন নির্জন ওরফে ভাদু (২৯) এবং স্বেচ্ছাসেবক লীগের কর্মী হিসেবে পরিচিত ফেরদৌস হোসেন (২৬)।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার চারজন ঢাকা থেকে একটি মাইক্রোবাস ভাড়া করে কক্সবাজার বেড়াতে যাচ্ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে তাঁদের অবস্থান শনাক্ত করে চট্টগ্রাম-কক্সবাজার সড়কে অভিযান চালানো হয়। সোমবার রাত আনুমানিক ১০টার দিকে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের বগুড়ায় আনা হয়েছে।
বগুড়া জেলা ডিবি পুলিশের ইনচার্জ ইকবাল বাহার বলেন, ‘গ্রেপ্তার চারজনই দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে তাঁদের অবস্থান শনাক্ত করে চট্টগ্রাম-কক্সবাজার সড়কে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।’
পুলিশের তথ্য অনুযায়ী, সাজেদুর রহমান সাহিনের বিরুদ্ধে ১৫টির বেশি মামলা রয়েছে। সাব্বির হোসেন নির্জনের বিরুদ্ধে ১০টির বেশি এবং ফেরদৌস হোসেনের বিরুদ্ধে দুটি মামলাসহ একাধিক মামলা রয়েছে।
ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার চারজনকে আজ আদালতে হাজির করা হবে।