পরিত্যক্ত পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার, আটক ২

২১ জুলাই ২০২৬, ০৩:০৯ PM
পরিত্যক্ত পুকুরে রিয়ানের মরদেহ

পরিত্যক্ত পুকুরে রিয়ানের মরদেহ © সংগৃহীত

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার একটি পরিত্যক্ত পুকুর থেকে রিয়ান মোল্লা (১৩) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার দুই সঙ্গীকে হেফাজতে নেওয়া হয়েছে।

সোমবার (২০ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কমলাপুর গ্রামের জনৈক আওলাদ মোল্লার বাগানের একটি পরিত্যক্ত পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রিয়ান মোল্লা কমলাপুর মধ্যপাড়া গ্রামের রিপন মোল্লার ছেলে। হেফাজতে নেওয়া দুজন হলেন একই গ্রামের দুলাল মোল্লার ছেলে আরিফ মিয়া (২০) ও রবিউল শেখের ছেলে মুরছালিন শেখ (১৬)।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, রবিবার (১৯ জুলাই) রিয়ান তার দুই সঙ্গী আরিফ ও মুরছালিনকে নিয়ে আওলাদ মোল্লার বাগানে ডাব পাড়তে যায়। এ সময় রিয়ান একটি নারিকেলগাছে উঠে ডাব পাড়ার সময় পাশের পরিত্যক্ত পুকুরে পড়ে যায়।

ওসি জানান, রিয়ানের দুই সঙ্গী পুকুরে তাকে খোঁজার চেষ্টা করলেও তাকে উদ্ধার করতে পারেনি। পরে তারা ঘটনাটি কাউকে না জানিয়ে বাড়ি ফিরে যায়।

এদিকে রিয়ান বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে আরিফ ও মুরছালিনকে জিজ্ঞাসাবাদ করলে তারা ডাব পাড়তে যাওয়া এবং রিয়ানের পুকুরে পড়ে যাওয়ার বিষয়টি স্বীকার করে।

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার দিবাগত গভীর রাতে পরিবারের সদস্যরা পরিত্যক্ত পুকুরে অনুসন্ধান চালিয়ে রিয়ানের মরদেহ উদ্ধার করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি আবদুল্লাহ আল মামুন আরও জানান, স্থানীয়রা আরিফ মিয়া ও মুরছালিন শেখকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। তাদের জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে রাখা হয়েছে। ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

চোর সন্দেহে পেটানোর পর খুবি ক্যাম্পাসের পাশের ভবনে মিলল বিশ…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে মিলেছে একাধিক ক্লু, যা বলছেন পুলিশ সুপার
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
জাকসুর শিক্ষক মূল্যায়ন ওয়েবসাইট নিয়ে যে ব্যাখ্যা দিল বিশ্বব…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
‘কুমিল্লায় চাকরি করতে এসেছি— এটাই কি আমার অপরাধ’
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
মায়ের সঙ্গে ইফতার বিলিয়েছিল অপ্রতীম, আজ সে নেই
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
তাসকিন-নাহিদ না থাকলেও জাকের কেন দলে, ব্যাখ্যা দিলেন প্রধান…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬