ফের ১৩ বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি

২৮ মার্চ ২০২৬, ০৪:২৮ PM
বাংলাদেশের জলসীমায় মাছ ধরছেন জেলেরা

বাংলাদেশের জলসীমায় মাছ ধরছেন জেলেরা © সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে শাহপরীর দ্বীপ সংলগ্ন বাংলাদেশি জলসীমায় নাফ নদী থেকে তিনটি নৌকাসহ ফের ১৩ বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি। শনিবার (২৮ মার্চ) সকালে নাফ নদীর নাইক্ষ্যংদিয়া এলাকায় মাছ ধরার সময় অস্ত্রের মুখে তাদের ধরে নিয়ে যাওয়া হয়।

সাবরাং ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল মান্নান প্রত্যক্ষদর্শী জেলেদের বরাতে জানান, ‘আজ ভোরে জেলেরা নাফ নদীর নাইক্ষ্যংদিয়া এলাকায় মাছ ধরছিলেন। এসময় আরাকান আর্মির বেশ কয়েকটি স্পিডবোট তাদের ধাওয়া করে এবং অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায়।’ তিনি দাবি করেন, এ ধরনের উপর্যুপরি ঘটনায় নাফ নদীতে বর্তমানে মাছ ধরা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

অপহৃত জেলেরা হলেন— মোস্তাফিজুর রহমান, ফরিদ হোসেন, রবিউল হাসান, কালাম, হোসেন আহমদ, মীর কাসেম আলী, গিয়াস উদ্দিন, সালাউদ্দিন, মহিউদ্দিন, মোল্লা কালু মিয়া, আবু তাহের, আব্দুল খালেক এবং জাবের মিয়া। তারা সবাই টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের মাঝের পাড়া ও ডাঙ্গর পাড়ার বাসিন্দা।

স্থানীয় জেলে সমিতির সভাপতি আব্দুল গফুর জানান, ‘ভোররাত ৪টার দিকে তিনটি নৌকা মাছ ধরার উদ্দেশ্যে রওনা হওয়ার প্রায় তিন ঘণ্টা পর এই অপহরণের ঘটনা ঘটে।’ 

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইনামুল হাফিজ নাদিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনীর সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতোমধ্যে বিষয়টি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে।

টেকনাফের জেলে সমিতি ও বিজিবি সূত্র অনুযায়ী, গত দেড় বছরে দেশের জলসীমা অতিক্রমের অভিযোগে আরাকান আর্মি ৪০০-এর বেশি বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে। এর মধ্যে গত ১৬ ফেব্রুয়ারি ফেরত আসা ৭৩ জনসহ এ পর্যন্ত প্রায় ২৫০ জন জেলেকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছে তারা।

মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬
যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬