সাকিব আল হাসান ও নাসির হোসেন © সংগৃহীত
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস (ডব্লিউসিএল) টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স। মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলটিতে নাসির হোসেনও রয়েছেন। এই টুর্নামেন্টে ভালো ফলের পাশাপাশি শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামতে চান এই অলরাউন্ডার।
টুর্নামেন্টকে সামনে রেখে এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স। নিজেদের প্রস্তুতি নিয়ে নাসিরের মন্তব্য, 'বেশ কয়েকদিন ধরে কঠোর অনুশীলন করছেন তারা। প্রস্তুতিও হয়েছে ভালো।'
দুবাইয়ে গিয়ে নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারলে কাঙ্ক্ষিত ফল পাওয়ার আশাবাদও ব্যক্ত করেন তিনি।
প্রতিপক্ষ দলগুলোর শক্তিমত্তা নিয়ে নাসির বলেন, 'ওরা শারীরিকভাবে অনেক ভালো এবং বড় প্লেয়ার। আমাদের দিক থেকে আপনি এটা বলতে পারেন যে আমরা তরুণ একটা দল। আমাদের এখানে অনেক প্লেয়ার আছে। এদিক থেকে আমরা একটু হলেও আগে থাকব ওদের চেয়ে। বিশেষ করে আমার মনে হয় ফিটনেসের দিক থেকে আমরা একটু হলেও আগে থাকব ওদের চেয়ে।'
শিরোপার লক্ষ্য নিয়ে নাসির বলেন, 'অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার জন্যই আমরা যাচ্ছি। এটা আসলে টি-টোয়েন্টি খেলা, বলা কঠিন। আপনি বলে বলে তো চ্যাম্পিয়ন হতে পারবেন না। কিন্তু আমরা চেষ্টা করব ভালো পারফর্ম করার জন্য।'
এদিকে শুরুতে নানা গুঞ্জন থাকলেও বাংলাদেশ চ্যাম্পিয়ন্সের স্কোয়াডে সাকিব আল হাসানের জায়গা হয়নি। সাবেক এই সতীর্থকে মিস করবেন জানিয়ে নাসির বলেন, 'অবশ্যই আমরা সাকিবকে (ভাই) মিস করছি। এটা বলার অপেক্ষা রাখে না। সাকিব (ভাই) থাকলে অবশ্যই খুব ভালো হতো এবং আমরা আশাও ছিল যে সাকিব (ভাই) থাকবে হয়তো-বা। আমি জানি না সাকিব (ভাই) থাকবে কি থাকবে না, এখন পর্যন্ত নিশ্চিত না। কিন্তু সাকিব (ভাই) থাকলে খুব ভালো হতো।'