শরিফুল ইসলাম ও মিচেল স্টার্ক © সংগৃহীত
অস্ট্রেলিয়ার মাটিতে স্মরণীয় টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশ। তবে ডারউইনে দাপুটে জয় পেলেও ম্যাকাইয়ে ইনিংস ব্যবধানে হারতে হয় টাইগারদের। যদিও ওই ম্যাচে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন বাংলাদেশের শরিফুল ইসলাম ও অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক।
বুধবার (২৬ আগস্ট) পুরুষদের টেস্ট র্যাঙ্কিং হালনাগাদ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নতুন র্যাঙ্কিংয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো টেস্ট বোলারদের শীর্ষে উঠেছেন মিচেল স্টার্ক। ম্যাকাই টেস্টে দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিয়ে দুই ধাপ এগিয়ে এক নম্বরে উঠেছেন অস্ট্রেলিয়ার এই পেসার। এতে জাসপ্রিত বুমরাহ নেমে গেছেন দ্বিতীয় স্থানে। এক ধাপ পিছিয়ে তিনে আছেন নিউজিল্যান্ডের ম্যাট হেনরি।
ম্যাকাইয়ে ৭ উইকেট নিয়ে বিদেশের মাটিতে কোনো বাংলাদেশি পেসারের সেরা বোলিং ফিগার গড়েন শরিফুল ইসলাম। সেই পারফরম্যান্সে র্যাঙ্কিংয়ে এক লাফে ১৭ ধাপ এগিয়েছেন বাঁহাতি এই পেসার। ক্যারিয়ারসেরা ৪০৩ রেটিং পয়েন্ট নিয়ে বর্তমানে ৫৭তম স্থানে আছেন তিনি।
বাংলাদেশের অন্য বোলারদের মধ্যে তাইজুল ইসলাম দুই ধাপ পিছিয়ে ১৩তম, হাসান মাহমুদ ৯ ধাপ পিছিয়ে ৪৭তম এবং তাসকিন আহমেদ দুই ধাপ পিছিয়ে ৫১তম স্থানে আছেন।
ব্যাটারদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের কয়েকজন ব্যাটারও পিছিয়েছেন। লিটন দাস ৬ ধাপ নেমে ৩৪তম, মুমিনুল হক ৫ ধাপ নেমে ৩৬তম, মেহেদী হাসান মিরাজ ৪ ধাপ পিছিয়ে ৬৩তম এবং সাদমান ইসলাম ৭ ধাপ পিছিয়ে ৬৫তম স্থানে আছেন। তবে এক ধাপ এগিয়ে ১৭তমস্থানে উঠেছেন মুশফিকুর রহিম।
টেস্ট ব্যাটারদের শীর্ষ তিনেও কোনো পরিবর্তন নেই। যথাক্রমে হ্যারি ব্রুক, জো রুট ও স্টিভ স্মিথ আছেন প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে। অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে অবশ্য বড় কোনো পরিবর্তন হয়নি। শীর্ষ তিনে রবীন্দ্র জাদেজা, মার্কো জানসেন ও বাংলাদেশের মেহেদী হাসান মিরাজই আছেন।