তাওহিদ হৃদয়ের দাপুটে ব্যাটিং © টিডিসি ছবি
তাওহীদ হৃদয়ের বিধ্বংসী ব্যাটিং আর সাকিব আল হাসানের গুরুত্বপূর্ণ উইকেটে ভর করে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) প্রথম কোয়ালিফায়ারে গল গ্যালান্টসকে ১৪ রানে হারিয়ে সরাসরি ফাইনালে উঠেছে জাফনা কিংস। শেষ দিকে মাত্র ২১ বলে অপরাজিত ৫৪ রানের ঝড়ো ইনিংস খেলে দলের সংগ্রহ ২৪২ রানে নিয়ে যান হৃদয়। পরে বল হাতে সাকিবও গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিয়ে জয়ের পথ সহজ করেন।
বুধবার (৫ আগস্ট) কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় গল গ্যালান্টস। জাফনা কিংসের একাদশে ছিলেন বাংলাদেশের তাওহীদ হৃদয় ও সাকিব আল হাসান। অন্যদিকে গলের একাদশে জায়গা হয়নি নুরুল হাসান সোহানের।
ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে জাফনা। অভিষকা ফার্নান্দো ১৪ বলে ১৯ রান করে ফিরলেও দ্বিতীয় উইকেটে কামিল মিশারা ও খাজা নাফে ১৩৮ রানের জুটি গড়ে দলের বড় সংগ্রহের ভিত গড়ে দেন।
খাজা নাফে ৩২ বলে ৫৪ রান করে আউট হন। তার ইনিংসে ছিল চারটি চার ও তিনটি ছক্কা। এরপর অধিনায়ক ভানুকা রাজাপক্ষে নিজে ব্যাটিংয়ে না নেমে তাওহীদ হৃদয়কে পাঠান।
ক্রিজে নেমেই ম্যাচের চিত্র বদলে দেন হৃদয়। ঈশান মালিঙ্গার করা ১৯তম ওভারে টানা দুটি ছক্কা হাঁকান তিনি। এরপর শেষ ওভারে দাসুন শানাকার বিপক্ষে দুটি চার ও দুটি ছক্কাসহ ২২ রান আদায় করেন।
মাত্র ২০ বলে অর্ধশতক পূর্ণ করা হৃদয় শেষ পর্যন্ত ২১ বলে অপরাজিত ৫৪ রান করেন। তার ইনিংসে ছিল তিনটি চার ও পাঁচটি ছক্কা। স্ট্রাইক রেট ছিল ২৫৭.১৪। অন্য প্রান্তে কামিল মিশারা ৫৫ বলে অপরাজিত ১০৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তাদের দাপুটে ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটে ২৪২ রান তোলে জাফনা কিংস।
২৪৩ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু করেছিল গল গ্যালান্টস। ওপেনার স্যাম হার্পার ৪৪ রান করেন। তবে প্রয়োজনীয় রানরেট দ্রুত বেড়ে যাওয়ায় চাপে পড়ে দলটি।
গল যখন ম্যাচে ফেরার চেষ্টা করছিল, তখন বল হাতে আঘাত হানেন সাকিব আল হাসান। ইনিংসের ১৪তম ওভারে তিনি চামিকা করুনারত্নেকে ফিরিয়ে দেন। ২১ বলে তিনটি চার ও তিনটি ছক্কায় ৩৯ রান করা করুনারত্নে আউট হওয়ার পর গলের জয়ের আশা প্রায় শেষ হয়ে যায়।
জাফনার হয়ে মোহাম্মদ সিরাজ তিনটি এবং লিজাড উইলিয়ামস দুটি উইকেট নেন। সাকিব আল হাসান তিন ওভারে ৩৬ রান দিয়ে একটি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন।
শেষ পর্যন্ত ১৪ রানের জয় তুলে নিয়ে সরাসরি লঙ্কা প্রিমিয়ার লিগের ফাইনালে জায়গা নিশ্চিত করে জাফনা কিংস। অন্যদিকে প্রথম কোয়ালিফায়ারে হারলেও দ্বিতীয় কোয়ালিফায়ারে জিতে ফাইনালে ওঠার আরেকটি সুযোগ থাকছে গল গ্যালান্টসের।