খেলার মাঠে হঠাৎ অসুস্থ হয়ে না ফেরার দেশে উপসচিব

২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ PM
খেলার মাঠে লুটিয়ে পড়েন উপসচিব মোহাম্মদ আশরাফুল আফসার

খেলার মাঠে লুটিয়ে পড়েন উপসচিব মোহাম্মদ আশরাফুল আফসার © টিডিসি সম্পাদিত

ক্যাডেট কলেজের বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার সময় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আশরাফুল আফসার। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি মাঠে এ ঘটনা ঘটে। রাত সোয়া নয়টার দিকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার ছড়িয়ে পড়া সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, ক্যাডেট কলেজের বন্ধু ও ব্যাচমেটদের সঙ্গে ফুটবল খেলছিলেন আফসার। তিনি ২৫তম বিসিএসের কর্মকর্তা। খেলতে খেলতেই হঠাৎ মাঠে উপুড় হয়ে পড়ে যান তিনি। এ সময় তাকে ঘিরে ধরেন বন্ধুরা। কেউ কেউ তাকে বুকে চাপ দিতে থাকেন। কেউ মুখে বাতাস দেওয়ার চেষ্টা করেন, কেউ পানি দেন। নড়াচড়া না করায় কিছুক্ষণ পর তাকে হাসপাতালে নেওয়া হয়।

জানা গেছে, আশরাফুল আফসারের বয়স ৪৭ বছর। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। যুগ্ম সচিব পদে পদোন্নতি না হওয়ায় অনেক দিন ধরেই তিনি হতাশ ছিলেন বলে দাবি একটি সূত্রের। মৃত্যুর পর আজ শনিবার দুপুরে জানাজা শেষে আফসারকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে।

এদিকে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খান। মন্ত্রী শোকবার্তায় আশরাফুল আফসারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান। মন্ত্রী বলেন, মোহাম্মদ আশরাফুল আফসারের মৃত্যুতে স্থানীয় সরকার বিভাগ একজন দক্ষ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল কর্মকর্তাকে হারিয়েছে। সরকারি দায়িত্ব পালনে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।

বিসিএসের ব্যাচমেট আশরাফুল আফসারের মৃত্যুতে শোক জানিয়ে স্মৃতিচারণ করেছেন ঢাকার ডেপুটি কমিশনার (ডিসি) ফরিদা খানম। সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে তিনি লিখেছেন, ‘প্রিয় ব্যাচমেট আফসার হঠাৎ করেই গত পরশু (বৃহস্পতিবার) বেলা ১১টার দিকে এসেছিল আমার অফিসে গান লাইসেন্স ইস্যুতে। কাজের ফাঁকে ফাঁকে গল্প হলো অনেক। একসঙ্গে লাঞ্চ করলাম। প্রমোশন না পাবার সীমাহীন অব্যক্ত কষ্টের কথা শেয়ার করল খাবার টেবিলে। আশ্বস্ত করেছিলাম, নেক্সট রিভিউতে অবশ্যই পাশে থাকব তার।’

ডিসি ফরিদা আরও লিখেছেন, ‘বাইরে ঝুম বৃষ্টি। গরুর মাংস, মুরগির মাংস, বেগুন ভাজি ও লেটকা খিচুড়ি রান্না হলো আফসারের রেস্পেক্টে। সাথে সালাদ, আচার আর দই মিষ্টি। পাশাপাশি বসে খাচ্ছিলাম জেলা প্রশাসনের অন্যান্য অফিসারদের নিয়ে। খাবারের ফাঁকে ফাঁকে ছোট ছোট করে বলছিল, আপা, এই ছোট ভাইটার দিকে খেয়াল রাইখেন একটু। সাগীর,মোস্তাফিজ চেষ্টা করবে। নুরজাহান স্যারকে কাইন্ডলি আপনি একটু বলবেন। খুবই কম খেল। গরুর মাংস ছুঁয়েও দেখল না। খাবার শেষে দই মিষ্টি খেতে বললে উত্তর দিল—আপা অনেক দিন ধরে ডায়াবেটিস, হিসেব করে চলতে হয়। সাথে মৃদু হেসে দিয়ে বলল, জয়েন্ট সেক্রেটারি হতে হবে না!’

কী যে অভূতপূর্ব বিনয় তার—ডিসি আরও লিখেছেন, ‘যতটা সময় ছিল, সিনিয়র কেউ আসলে যতবারই আমি উঠে দাঁড়িয়েছি, ততবারই সে উঠে দাঁড়াল। বিরক্ত হয়ে বললাম, আমিতো ব্যাচমেট। এতবার দাঁড়াচ্ছেন কেন? সরল হাসিতে উত্তর দিল—আপা, এটা চেয়ারের রেস্পেক্ট। প্রায় ৪টার দিকে অফিস ছাড়ল। দরজা পর্যন্ত এগিয়ে দিলাম। সাথে জেলা প্রশাসনের পক্ষ থেকে ছোট গিফট। বললাম, দুটো চায়ের কাপ আছে এখানে। একটা আপনার, একটা ভাবীর। চা খাবেন কোনো এক সুন্দর মূহুর্তে দুজন মিলে। একটা ছবি তুলতে চাইলাম। বিসিক চেয়ারম্যানের কল আসাতে শেষ স্মৃতিটা রাখা গেল না আর। সন্ধ্যায় আফসার টেক্সট করল—আপা, গিফট আপনার ভাবী আর আমার বাচ্চারা দারুণ পছন্দ করেছে। আমার প্রতি আস্থা রাখতে পারেন।’

তিনি আরও লিখেছেন, ‘একেবারে তাজা স্মৃতি। ওহ্ সৃষ্টিকর্তা, এই কি তোমার সৃষ্টির রহস্য! এই কি আপনার চলে যাওয়ার বয়স, প্রিয় ভাইটা আমার! আফসার, আজকে থেকে আপনি ওপারে অপেক্ষায় থাকবেন দিন মাস বছর যুগ যুগান্তর। আমরা ও আসব। আবারও দেখা হবে কোন এক ধূসর মূহুর্তে। বিনম্র শ্রদ্ধা শোক সন্তপ্ত পরিবারের প্রতি।’

মিরপুরে স্বাস্থ্য কেন্দ্র গুড়িয়ে দেওয়া নিয়ে সরকারের কাছে ৪ …
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ইউআই গ্রিনমেট্রিক র‍্যাংকিং ২০২৬: দেশসেরা পরিবেশবান্ধব বিশ্…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
জামায়াত একটি গুপ্তবাহিনী, এদের কেউ ছাত্রলীগ, কেউ আওয়ামী লীগ…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
মিরপুরে ক্লিনিকে হামলায় জামায়াত-আ.লীগের ইন্ধন আছে কিনা—তদন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
পাবনায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ বৃদ্ধ…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
বিশ্বকাপ জয়ের পর মেসিকে যা বলেছিলেন ইয়ামাল
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬