নটর ডেম কলেজ © টিডিসি সম্পাদিত
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে নিজস্ব প্রক্রিয়ায় শিক্ষার্থী ভর্তি করাচ্ছে নটর ডেম কলেজ। অনলাইনে ১ সেপ্টেম্বর রাত ১২টা ১ মিনিট থেকে শুরু হওয়া আবেদন চলে ৯ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত। তবে নির্ধারিত সময়ে ঠিক কত সংখ্যক শিক্ষার্থী আবেদন করেছে, তা জানায়নি কর্তৃপক্ষ।
কলেজ সূত্র জানায়, প্রতিবছরের মতো এবারও দুই দিনব্যাপী একাদশ শ্রেণির ভর্তি পরীক্ষা নেওয়া হবে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) কয়েকটি শিফটে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের আবেদনকারীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর আগামীকাল শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিজ্ঞান বিভাগের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে।
ভর্তির আবেদনের ন্যূনতম যোগ্যতা
বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে পঠিত বিষয়সমূহের মধ্যে অবশ্যই উচ্চতর গণিত থাকতে হবে। ‘O’ Level-এর শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করা হবে না। এসএসসিতে বাংলা মাধ্যমের শিক্ষার্থীরা বাংলা বিভাগ এবং ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীরা ইংরেজি বিভাগের জন্য আবেদন করতে পারবে।
আরও পড়ুন: এসএসসির পুনর্নিরীক্ষণের ফল আজ, জানবেন যেভাবে
বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে
ন্যূনতম জিপিএ বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে আবেদন করতে হলে ন্যূনতম জিপিএ ৪.২৫ এবং বিজ্ঞান বিভাগ থেকে মানবিক বিভাগে আবেদন করতে হলে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মানবিক বিভাগে আবেদন করতে হলেও ন্যূনতম জিপিএ ৩.৫০ প্রয়োজন।
মাধ্যম ও ন্যূনতম জিপিএ: বিজ্ঞান বিভাগে বাংলা মাধ্যমে ন্যূনতম জিপিএ ৫.০০ এবং ইংরেজি মাধ্যমে ন্যূনতম জিপিএ ৫.০০ থাকতে হবে। ব্যবসায় শিক্ষা বিভাগে ন্যূনতম জিপিএ ৫.০০ এবং মানবিক বিভাগে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে। এছাড়া বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে বাংলা মাধ্যমে ন্যূনতম জিপিএ ৩.০০ প্রযোজ্য।
আসন সংখ্যা
বিজ্ঞান বিভাগের বাংলা মাধ্যমে ১ হাজার ৮১০টি এবং ইংরেজি মাধ্যমে ৩২০টি আসন রয়েছে। ব্যবসায় শিক্ষা বিভাগে আসন সংখ্যা ৭৫০টি এবং মানবিক বিভাগে ৪১০টি।
ভর্তি পরীক্ষা ও চূড়ান্ত মনোনয়ন
নটর ডেম কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদনকারী সব প্রার্থীকে লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। লিখিত পরীক্ষার তারিখ ও সময় স্বয়ংক্রিয়ভাবে ভর্তি পরীক্ষার প্রবেশপত্রে জানিয়ে দেওয়া হবে।
এসএসসিতে প্রাপ্ত জিপিএ ও কলেজের লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য প্রাথমিকভাবে শিক্ষার্থী নির্বাচন করা হবে। এ ক্ষেত্রে বিজ্ঞান বিভাগের বাংলা মাধ্যম থেকে ১ হাজার ৯০০ জন, বিজ্ঞান বিভাগের ইংরেজি মাধ্যম থেকে ৪০০ জন, মানবিক বিভাগ থেকে ৬০০ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৮৫০ জনকে মৌখিক পরীক্ষার জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হবে।
এসএসসিতে প্রাপ্ত জিপিএ, লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী চূড়ান্তভাবে শিক্ষার্থীদের ভর্তির জন্য মনোনীত করা হবে। চূড়ান্তভাবে মনোনীত শিক্ষার্থীদের ভর্তি সম্পন্ন হওয়ার পর আসন খালি থাকা সাপেক্ষে লিখিত পরীক্ষার মেধাক্রম অনুযায়ী মৌখিক পরীক্ষার দ্বিতীয় তালিকা প্রকাশ করা হবে। পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত নির্দেশনা নটর ডেম কলেজের ওয়েবসাইট ও ফেসবুক পেজ ‘NDC Learning’-এ প্রকাশ করা হবে।
ভর্তি পরীক্ষার বিষয়সমূহ
এসএসসি ২০২৬-এর সিলেবাস অনুযায়ী নটর ডেম কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজ্ঞান বিভাগ থেকে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তির আবেদনকারীদের বিজ্ঞান বিভাগের প্রশ্নপত্রে পরীক্ষা দিতে হবে। একইভাবে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মানবিক বিভাগে ভর্তির আবেদনকারীদের ব্যবসায় শিক্ষা বিভাগের প্রশ্নপত্রে পরীক্ষা দিতে হবে।
বিজ্ঞান বিভাগের পরীক্ষায় বাংলা, ইংরেজি, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান বিষয়ে প্রশ্ন থাকবে। মানবিক বিভাগের পরীক্ষার বিষয় বাংলা, ইংরেজি, আইসিটি ও সাধারণ জ্ঞান। ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষায় বাংলা, ইংরেজি, হিসাববিজ্ঞান, আইসিটি ও সাধারণ জ্ঞান বিষয়ে পরীক্ষা নেওয়া হবে।
কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত ইউনিফর্ম পরিধান, কলেজের আইডি কার্ড ব্যবহার ও নিয়মিত ক্লাস করতে অনাগ্রহী এবং ধূমপান করেন এমন শিক্ষার্থীদের আবেদন করার প্রয়োজন নেই।