লিয়াকত হোসেন মোল্যা © সংগৃহীত
ফরিদপুরের সালথা উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা লিয়াকত হোসেন মোল্যার পরিবারের তিন সদস্যের নামে সারের চারটি ডিলারশিপ থাকার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে তার স্ত্রী ফয়জুন্নেছার নামে আগে থেকেই সাব-ডিলারশিপ থাকলেও একই মালিকানায় নতুন করে চঞ্চলা ট্রেডার্সকে ডিলারশিপের অনুমোদন দেওয়া হয়েছে। উপজেলার ভাওয়াল ইউনিয়নে প্রতিষ্ঠানটির নামে এ অনুমোদন দেওয়া হয়। একই পরিবারের একাধিক সদস্যের নামে ডিলারশিপ থাকার বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে প্রশ্ন উঠেছে।
খোঁজ নিয়ে জানা যায়, লিয়াকত হোসেন মোল্যার ছোট ভাই হেমায়েত হোসেনের প্রতিষ্ঠান মেসার্স হেমায়েত ট্রেডার্স সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নে সারের ডিলারশিপ পরিচালনা করছে। একই উপজেলার ভাওয়াল ইউনিয়নে ডিলারশিপ রয়েছে তার ছোট ভাইয়ের স্ত্রী রাশিদা বেগমের প্রতিষ্ঠান মেসার্স ফারুকুজ্জামান ফকির মিয়া ট্রেডার্সের। এ ছাড়া লিয়াকত হোসেন মোল্লার স্ত্রী ফয়জুন্নেছার নামে আগে থেকেই একটি সাব-ডিলারশিপ ছিল। এসব প্রতিষ্ঠানের পাশাপাশি নতুন করে চঞ্চলা ট্রেডার্সের ডিলারশিপ অনুমোদন দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, লিয়াকত হোসেন মোল্যা সাবেক সংসদ সদস্য সাজেদা চৌধুরীর ছেলে শাহদাব আকবর চৌধুরী লাবুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। আওয়ামী লীগের বিভিন্ন দলীয় কর্মসূচিতেও তার অংশগ্রহণের ছবি রয়েছে।
তবে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতা এবং ছোট ভাইয়ের সঙ্গে সম্পর্কের বিষয়টি অস্বীকার করেছেন লিয়াকত হোসেন মোল্লা। এ বিষয়ে তার সঙ্গে কথা হলে তিনি দাবি করেন, হেমায়েত তার কেউ নন, তিনি শুধু পরিচিত।
তবে দ্য ডেইলি ক্যাম্পাসের হাতে আসা দুই ব্যক্তির জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী, লিয়াকত হোসেন মোল্যা ও হেমায়েত হোসেন মোল্যা সহোদর দুই ভাই। তাদের উভয়ের জাতীয় পরিচয়পত্রে বাবার নাম আ. হালিম মোল্যা, মায়ের নাম মোসা. রেজিয়া বেগম, গ্রাম শিহিপুর, উপজেলা সালথা এবং জেলা ফরিদপুর উল্লেখ রয়েছে। এ ছাড়া আওয়ামী লীগের বিভিন্ন মিছিল ও কর্মসূচিতে লিয়াকত হোসেন মোল্লার অংশগ্রহণের একাধিক ছবিও পাওয়া গেছে।
বর্তমানে সারের ডিলার নিয়োগের প্রযোজ্য নিয়ম অনুযায়ী, একই পরিবারের একাধিক ব্যক্তির নামে ডিলারশিপ দেওয়ার সুযোগ নেই বলে জানা গেছে। ফলে একই পরিবারের একাধিক সদস্যের নামে ডিলারশিপ থাকা এবং নতুন করে চঞ্চলা ট্রেডার্সের অনুমোদন পাওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন বলেন, ‘আমরা প্রতি ইউনিয়নের জন্য ৩ জনের একটি তালিকা জেলা প্রশাসনের কাছে দিয়েছিলাম। জেলা প্রশাসন বাছাই করে চূড়ান্ত সুপারিশ করেছে। একই পরিবারে একাধিক ডিলারশিপ থাকার পরও কেউ যদি তথ্য গোপন করে আবেদন করে, তাহলে তার বিরুদ্ধে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো।’