লাল সবুজ পরিবহনের একটি বাস © সংগৃহীত
কক্সবাজার থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস চালানোর সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন চালক শাহজাহান। শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলেও বাসের নিয়ন্ত্রণ হারাননি তিনি। নিজের অসুস্থতার মধ্যেও বিচক্ষণতার পরিচয় দিয়ে বাসটি সড়কের পাশে নিরাপদ স্থানে থামিয়ে সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা করেন যাত্রীদের। তবে শেষ পর্যন্ত নিজেকে বাঁচানো সম্ভব হয়নি। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
গত ২৭ অক্টোবর রাত ১১টার পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, ‘লাল সবুজ’ পরিবহনের একটি বাস কক্সবাজার থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়। বাসটি চালাচ্ছিলেন শাহজাহান। পথে রামুর জোয়ারিয়ানালা এলাকায় পৌঁছালে হঠাৎ অসুস্থতা অনুভব করেন তিনি। একপর্যায়ে শারীরিক অবস্থার অবনতি বুঝতে পেরে বাসের নিয়ন্ত্রণ ধরে রেখেই দ্রুত সড়কের পাশে নিরাপদ স্থানে গাড়িটি থামিয়ে দেন।
পরে বাসের সুপারভাইজার, সহকারী ও যাত্রীরা তাকে দ্রুত ঈদগাঁও স্টেশনের পাশের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
অসুস্থ অবস্থাতেও যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাসটি নিরাপদে থামানোর ঘটনায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান যাত্রীরা। চালক শাহজাহানের এমন দায়িত্বশীলতা ও পেশাদারত্বের বিষয়টি প্রশংসিত হচ্ছে।
এদিকে, তার এই দায়িত্ববোধ ও বিচক্ষণতার স্বীকৃতিস্বরূপ মরণোত্তর সম্মাননা দেওয়ার দাবি জানিয়েছেন অনেকে। তাদের মতে, জীবনের শেষ মুহূর্তেও যাত্রীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে শাহজাহান পেশাগত দায়িত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
চালক শাহজাহানের মৃত্যুর বিষয়ে জানতে ‘লাল সবুজ’ পরিবহনের কর্তৃপক্ষ এমডির সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে কর্তৃপক্ষের কেউ ফোন রিসিভ না করায় এ বিষয়ে তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
চালক শাহজাহানের মৃত্যুতে তার পরিবার, স্বজন ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।