টঙ্গী সরকারি হাসপাতালের সামনে মানববন্ধন © সংগৃহীত
দৈনিক কালবেলার গাজীপুর প্রতিনিধি সাংবাদিক মহিউদ্দিন রিপনের ওপর হামলা ও অপহরণের প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতারা।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে টঙ্গী সরকারি হাসপাতালের সামনে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা সাংবাদিক মহিউদ্দিন রিপনের ওপর হামলা ও অপহরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন ও হয়রানির ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও গণতান্ত্রিক পরিবেশের জন্য গুরুতর হুমকি। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
বক্তারা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি এ কে এম আজিজুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, বিএনপি নেতা বি. এম. শামীম, সহসভাপতি কামাল হোসেন, গাজীপুর মিডিয়া ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান জিলানী, বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক মো. নাজমুল বাড়ী চৌধুরী, সহসভাপতি আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক সফিউদ্দিন খান, সাংবাদিক মামুন হাসান, রোমান হোসাইন, সুজন সারওয়ার, মির্জা নাদিম, পারভীন ইতি, মো. পাপেল মিয়া, মো. আনু হাসান, মোহাম্মদ শামীম রেজা, গাজী মামুন, হানিফ মিয়া, মো. খোকন মিয়া ও মো. জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধন থেকে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত, সাংবাদিক নির্যাতনের ঘটনায় দ্রুত তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।