ভোগান্তিতে হাজারো যাত্রী © সংগৃহীত
সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে কার্যক্রম সীমিত হওয়ায় ঢাকা থেকে সৌদিগামী ও সৌদি আরব হয়ে চলাচলকারী ৬১টি আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত হয়েছে। এতে অন্তত ৮ হাজার ৩৮১ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন। এর মধ্যে সরাসরি ফ্লাইট ২২টি এবং ট্রানজিট ফ্লাইট ৩৯টি। রিয়াদ এয়ারলাইন্সের যাত্রীদের হিসাব যুক্ত হলে ভোগান্তিতে পড়া মানুষের সংখ্যা আরও বাড়তে পারে।
সোমবার (১৩ অক্টোবর) রাত ১২টা ৭ মিনিটে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ তথ্য জানায়।
বেবিচকের তথ্য অনুযায়ী, স্থগিত হওয়া সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৯টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুটি, সৌদিয়া এয়ারলাইন্সের চারটি এবং রিয়াদ এয়ারলাইন্সের সাতটি ফ্লাইট রয়েছে।
অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ১৬টি, এমিরেটসের ৯টি, কাতার এয়ারওয়েজের ৫টি, ফ্লাইদুবাইয়ের ৫টি, সালাম এয়ারের ৩টি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট স্থগিত হয়েছে।
সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে কার্যক্রম সীমিত থাকায় এসব ফ্লাইটের যাত্রীরা নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন না। এতে অনেকের ভ্রমণসূচি ব্যাহত হচ্ছে। পাশাপাশি যাত্রা নিয়ে অনিশ্চয়তা ও ভোগান্তি বাড়ছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রিয়াদ এয়ারলাইন্সের যাত্রীদের হিসাব যুক্ত হলে ফ্লাইট স্থগিতের কারণে ভোগান্তিতে পড়া মোট যাত্রীর সংখ্যা আরও বাড়তে পারে।