ঘটনাস্থলে পুলিশ ও নেতাকর্মীরা © টিডিসি ফটো
রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এতে কার্যালয়ের কেচিগেটের কিছু অংশে আগুনের তাপ লেগে কালো হয়ে গেছে এবং গেটের পাশে টাঙানো ব্যানার পুড়ে গেছে। তবে আগুনে কার্যালয়ের ভেতরে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
শুক্রবার (২ অক্টোবর) দিবাগত রাতে জেলা শহরের আজাদী ময়দানের পাশে বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
জেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মঞ্জুরুল আলম দুলাল বলেন, ‘জেলা বিএনপির কার্যালয়টি পুড়িয়ে দেওয়ার জন্য ফ্যাসিবাদী আওয়ামী লীগের দোসররা এই ঘটনা ঘটিয়েছে। আমাদের দলের নেতাকর্মীরা এবং কেয়ারটেকার রাত ১টা পর্যন্ত ছিল। তারা যখন চলে গেছে তারপরই এই ঘটনা ঘটিয়েছে। তাদের উদ্দেশ্য ছিল এই পার্টি অফিসটাকে জ্বালিয়ে দেওয়া। আমরা এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই ব্যাপারে আমরা আইনগত ব্যবস্থা নিবো।’
জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক রেজাউল করিম পিন্টু বলেন, ‘ফ্যাসিবাদ সারাদেশব্যাপী একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য নানাভাবে নাশকতামূলক কার্যক্রম চালাচ্ছে। গত সাত মাসে বিএনপি সরকারের যে সফলতা, যে অর্জন সেটাকে নশ্যাত করার জন্য পরিকল্পিতভাবে এটা করেছে। ফ্যাসিবাদ আওয়ামী লীগের যুবলীগ ও ছাত্রলীদের সব সন্ত্রাসীদের নামে মামলা থাকলেও তারা ঘোরাফেরা করে। আমরা এই আগুন দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যারা এর সঙ্গে জড়িত তাদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানাই।’
আরও দেখুন: ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা
জেলা বিএনপির কার্যালয়ের কেয়ারটেকার মো. আতর আলী শেখ বলেন, ‘আমি রাত ১টার দিকে আমি প্রতিটি তালা বন্ধ করে বাড়িতে গেছি। সকাল সাড়ে ৮টার দিকে আমার স্ত্রী এসে আমাকে বলে কার্যালয়ের কেচিগেট পোড়া। তখন আমি এসেও তাই দেখি। এরপর নেতাকর্মীদের খবর দেই।’
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, ‘জেলা বিএনপির কার্যলয়ের আগুনের ঘটনার খবর শুনেই আমি ঘটনাস্থলে আসি। এসে দেখি কেরোসিন দিয়ে আগুন লাগিয়েছে। অপরাধী যেই হোক না কেনো আমরা তাকে আইনের আওতায় আনব।’