ভোক্তা অধিদপ্তরের অভিযান © টিডিসি ফটো
চাঁদপুরের মহামায়া বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।শনিবার (৩ অক্টোবর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী বিভিন্ন অনিয়মের দায়ে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এর মধ্যে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ এবং বাসি খাবার কাঁচা মাংসের সঙ্গে সংরক্ষণ করার অপরাধে রুচি হালিমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি এবং বিক্রির রশিদ প্রদান না করার অপরাধে আবু সালেহ এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিকভাবে স্বেচ্ছায় পরিশোধ করে। পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষ ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করেন।
আরও দেখুন: ঢাকা পরিষ্কার করতে জাপান থেকে আসছে ৩০ সদস্যের দল: ঢাবি উপাচার্য
অভিযানের অংশ হিসেবে মহামায়া বাজারের অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয় এবং ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করা হয়।
অভিযানে চাঁদপুর জেলা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।