জামালপুর আন্তঃজেলা বাস টার্মিনাল © সংগৃহীত
মহাসড়কে পরিবহন শ্রমিকদের নিরাপত্তার দাবিতে জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল থেকে জামালপুর আন্তঃজেলা বাস টার্মিনালে এসে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। বাস না পেয়ে কেউ বিকল্প যানবাহনের খোঁজ করছেন, আবার কেউ বাধ্য হয়ে যাত্রা বাতিল করে বাড়ি ফিরছেন।
জামালপুর বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ঘোষিত কর্মবিরতির কারণে সকাল থেকেই বাস চলাচল বন্ধ হয়ে যায়। জামালপুর-ঢাকা রুটের পাশাপাশি কয়েকটি দূরপাল্লার রুটেও এর প্রভাব পড়েছে। ফলে টার্মিনালে এসে অনেক যাত্রীকে দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা গেছে।
টার্মিনালে অপেক্ষারত যাত্রী রহিমা বলেন, ‘হঠাৎ করে বাস বন্ধ। আমরা জানতাম না। আজ সকালে এসে জানতে পারলাম বাস বন্ধ। এখন কী করব? আর কিছুক্ষণ অপেক্ষা করি। যদি যেতে না পারি, তাহলে তো ফিরেই যেতে হবে।’
শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা যায়, বুধবার সকালে জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজার এলাকায় রাজীব পরিবহনের দুটি বাসে ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় বাসের চালক ও সহকারীদের মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনার প্রতিবাদে বুধবার রাতে সংবাদ সম্মেলন করে জামালপুর বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন কর্মবিরতির ঘোষণা দেয়। শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানানো হয়।
এদিকে বাস চলাচল বন্ধ থাকায় জামালপুর থেকে ঢাকাগামী যাত্রীদের পাশাপাশি অন্যান্য রুটের যাত্রীরাও দুর্ভোগে পড়েছেন। অনেকে অতিরিক্ত ভাড়া দিয়ে বিকল্প যানবাহনে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।
জামালপুর বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ বলেন, জামালপুরগামী ও ঢাকাগামী দুটি রাজীব পরিবহনের বাসে ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় চালক ও সহকারীদের মারধর করে এবং টাকা নিয়ে যাওয়া হয়। পরে বিষয়টি পরিবহন শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়লে তারা কর্মবিরতির সিদ্ধান্ত নেন। চালক-শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে। পাশাপাশি বাসে ভাঙচুর ও শ্রমিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে।