পটুয়াখালী‌

‘আইফোন কিনতে’ নিজের ছেলেকে লাখ টাকায় বিক্রি করে দিলেন বাবা

৩০ আগস্ট ২০২৬, ০৫:১৭ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৬, ০৫:২০ PM
অভিযুক্ত মারুফ ও তার দেড় বছর বয়সী সন্তান মুসা

অভিযুক্ত মারুফ ও তার দেড় বছর বয়সী সন্তান মুসা © টিডিসি সম্পাদিত ও সংগৃহীত

পটুয়াখালীর দশমিনায় এক লাখ টাকার বিনিময়ে দেড় বছরের ছেলেসন্তানকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। পরিবারের দাবি, আইফোন কেনার জন্য শিশুটিকে বিক্রি করে দেওয়া হয়।

শনিবার (২৯ আগস্ট) উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামের মুন্সিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগ ওঠা বাবার নাম মো. মারুফ। তিনি ওই গ্রামের মফিজ মুন্সির ছেলে এবং পেশায় কাঠমিস্ত্রি। ঘটনার পর তিনি ঢাকায় অবস্থান করছেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার সকালে মারুফ তার মা মাহফুজা বেগমকে ছেলে মুসাকে সাজিয়ে দিতে বলেন। শিশুটিকে নিয়ে কিছুক্ষণ বাইরে ঘুরে আসবেন—এ কথা বলে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। কিন্তু সময় গড়িয়ে গেলেও শিশুসহ তিনি বাড়িতে ফেরেননি। এতে স্বজনদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। তারা বিভিন্ন জায়গায় খোঁজ নিতে শুরু করেন।

পরে মোবাইলফোনে মারুফের সঙ্গে পরিবারের সদস্যদের যোগাযোগ হয়। পরিবারের দাবি, তখন মারুফ জানান, দশমিনার আলীপুর ইউনিয়নের রোমানাথসেন গ্রামের ইমরান হোসেনের কাছে তিনি শিশুটিকে লিখিতভাবে দিয়ে দিয়েছেন। এর বিনিময়ে এক লাখ টাকা পেয়েছেন।

পরিবারের অভিযোগ, শিশুটিকে দেওয়ার পর পাওয়া টাকা দিয়ে মারুফ ঢাকায় গিয়ে একটি পুরোনো আইফোন পরিবর্তন করে নতুন আইফোন কেনেন।

শিশুটির দাদি মাহফুজা বেগম বলেন, প্রায় চার বছর আগে মারুফ সাভারে থেকে বৃষ্টি নামের এক তরুণীকে বিয়ে করেন। তাদের ঘরে প্রায় তিন বছর পর মুসার জন্ম হয়। প্রায় এক মাস আগে পারিবারিক বিরোধের জেরে বৃষ্টি বাবার বাড়িতে চলে যান। এরপর মারুফও ঢাকায় চলে যান। শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যার আগে তিনি বাড়িতে ফেরেন।

মাহফুজা বেগম বলেন, ‘শনিবার সকালে আমাকে নাতিকে জামাকাপড় পরিয়ে দিতে বলে মারুফ। সে বলেছিল, মুসাকে নিয়ে বাজারে যাবে। পরে অনেক সময় পার হলেও তারা ফিরে আসেনি। খোঁজ নিতে গিয়ে জানতে পারি, নাতিকে অন্যের কাছে দিয়ে দেওয়া হয়েছে টাকার বিনিময়ে। সেই টাকা দিয়ে আইফোন কিনেছে। আমি আমার নাতিকে ফিরে পেতে চাই।’

এদিকে শিশুটিকে নেওয়া ইমরান হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, মারুফ আগে থেকেই তার কাছে শিশুটিকে দেওয়ার কথা বলে আসছিলেন। তার শ্বশুরের পাঁচ মেয়ে থাকলেও কোনো ছেলেসন্তান নেই। এ কারণে আলোচনার পর শিশুটিকে তার কাছে রাখা হয়েছে বলে দাবি করেন তিনি।

তবে এ ঘটনায় টাকা লেনদেনের বিষয়টি এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছে পুলিশ।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম বলেন, ‘বাচ্চার বাবা যার কাছে শিশুটিকে রেখে গেছেন, সেখান থেকে তাকে উদ্ধারের কার্যক্রম চলছে। পাশাপাশি শিশুটির বাবাকে ঢাকা থেকে আনার চেষ্টা করা হচ্ছে।’

মেসির জাদুতে মুগ্ধ মায়ামি কোচ
  • ৩০ আগস্ট ২০২৬
নতুন করে স্থাপন ও পাঠদানের অনুমোদন পাচ্ছে ১১ শিক্ষাপ্রতিষ্…
  • ৩০ আগস্ট ২০২৬
রোগীদের অভিযোগ, তিন নার্সকে বদলির নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
  • ৩০ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ড পাচ্ছেন না ৮ শ্রেণির মানুষ
  • ৩০ আগস্ট ২০২৬
প্রক্সি শিক্ষক দিয়ে চলা প্রাথমিক বিশ্ববিদ্যায়কে কঠোর হুঁশিয়…
  • ৩০ আগস্ট ২০২৬
ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবে…
  • ৩০ আগস্ট ২০২৬