কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল বিরল ‘স্লেন্ডার সানফিশ’

মহিপুর মৎস্য বন্দরের ‘শাহীন এন্টারপ্রাইজ’ নামের আড়তে প্রায় ২ কেজি ৭০০ গ্রাম ওজনের  ‘স্লেন্ডার সানফিশ’টি আনা হয়

মহিপুর মৎস্য বন্দরের ‘শাহীন এন্টারপ্রাইজ’ নামের আড়তে প্রায় ২ কেজি ৭০০ গ্রাম ওজনের ‘স্লেন্ডার সানফিশ’টি আনা হয় © টিডিসি

পটুয়াখালীর কুয়াকাটা-সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির সামুদ্রিক মাছ ‘স্লেন্ডার সানফিশ’। মাছটির অদ্ভুত গঠন ও ভিন্নধর্মী আকৃতির কারণে এটি দেখতে স্থানীয় বাসিন্দা ও মৎস্য ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে।

রবিবার (৩০ আগস্ট) সকালে মহিপুর মৎস্য বন্দরের ‘শাহীন এন্টারপ্রাইজ’ নামের একটি মৎস্য আড়তে প্রায় ২ কেজি ৭০০ গ্রাম ওজনের মাছটি নিয়ে আসা হয়। তবে সম্পূর্ণ অপরিচিত হওয়ায় স্থানীয় বাজারে এটি কিনতে কোনো ক্রেতা আগ্রহ দেখাননি।

স্থানীয় জেলেরা জানান, কুয়াকাটা-সংলগ্ন গভীর সাগরে জাল ফেললে অন্যান্য মাছের সঙ্গে এই অদ্ভুত আকৃতির মাছটি উঠে আসে। সাধারণ মাছের মতো সুস্পষ্ট লেজ না থাকা এবং শরীর চ্যাপ্টা ও ডিম্বাকৃতির হওয়ায় প্রথমে জেলেরা এর পরিচয় নিশ্চিত করতে পারেননি।

দীর্ঘদিন ধরে সাগরে মাছ শিকার করা জেলে সাইফুল ইসলাম ও আব্দুর রব বলেন, ‘সাগরে বছরের পর বছর মাছ ধরলেও এমন আকৃতির মাছ আগে কখনো দেখিনি। মাছটির গঠন অন্য যেকোনো সাধারণ মাছের থেকে একদমই আলাদা।’

আরও পড়ুন: হোস্টেলে সংঘর্ষের ঘটনায় হবিগঞ্জ মেডিকেলের ৮ শিক্ষার্থী বহিষ্কার

মৎস্য বিশেষজ্ঞদের মতে, ধরা পড়া মাছটি ‘স্লেন্ডার সানফিশ’ (Slender Sunfish) নামে পরিচিত, যার বৈজ্ঞানিক নাম Ranzania laevis। এগুলো মূলত গভীর ও উন্মুক্ত মহাসাগরের মাছ। মাঝেমধ্যে এরা সমুদ্রের উপরিভাগে এসে রোদে গা ভাসিয়ে দেয় বলেই এদের ‘সানফিশ’ বলা হয়। বাংলাদেশ উপকূলীয় অগভীর সমুদ্রে এদের আগমন অত্যন্ত বিরল।

এ বিষয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিকস বিভাগের চেয়ারম্যান ড. রাজিব সরকার জানান, কুয়াকাটা উপকূলে এ জাতীয় মাছ ধরা পড়া সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য। ভবিষ্যতে এদের বিস্তৃতি নিয়ে গবেষণার সুবিধার্থে মাছটির ছবি, ওজন ও প্রাপ্তিস্থানের তথ্য সংরক্ষণ করা প্রয়োজন।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, সাম্প্রতিক সময়ে কুয়াকাটা-সংলগ্ন বঙ্গোপসাগরে বেশ কয়েকটি বিরল ও অপরিচিত সামুদ্রিক মাছ ধরা পড়েছে। এসব মাছের উপস্থিতি বাংলাদেশের সমুদ্রসীমার বৈচিত্র্যময় জলজ পরিবেশ ও নতুন গবেষণার চমৎকার সুযোগ নির্দেশ করে।

৪৬ হাজার ‘সুস্বাস্থ্য কর্মী’ নিয়োগের পরিকল্পনা সরকারের
  • ৩০ আগস্ট ২০২৬
জাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি মুসলিম, সম্পাদক জসিম
  • ৩০ আগস্ট ২০২৬
‘আইফোন কিনতে’ নিজের ছেলেকে লাখ টাকায় বিক্রি করে দিলেন বাবা
  • ৩০ আগস্ট ২০২৬
মাদ্রাসার ৪ শিক্ষকের কাছে টাকা ফেরত চাইল অধিদপ্তর
  • ৩০ আগস্ট ২০২৬
‘রাজধানীর প্রধান সড়কে চলবে না ব্যাটারি রিকশা, নিয়ন্ত্রণে …
  • ৩০ আগস্ট ২০২৬
শিক্ষকদের আগস্টের বেতনের প্রস্তাব পাঠানো নিয়ে সুখবর দিল মাউ…
  • ৩০ আগস্ট ২০২৬