ফুটপাত দখল করে দোকান, মাসে ১৫ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ ক্যাসেট শামীমের বিরুদ্ধে

২৪ আগস্ট ২০২৬, ১০:৪৩ AM , আপডেট: ২৪ আগস্ট ২০২৬, ১০:৪৬ AM
টঙ্গী মহাসড়কে ফুটপাত দখল করে বিভিন্ন পণ্যের দোকান

টঙ্গী মহাসড়কে ফুটপাত দখল করে বিভিন্ন পণ্যের দোকান © টিডিসি ছবি

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জায়গা ও ফুটপাত দখল করে বিভিন্ন ধরনের দোকান বসিয়ে মাসে প্রায় ১৫ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে শামীম খান ওরফে ক্যাসেট শামীম ও তার সহযোগীদের বিরুদ্ধে। এবিষয়ে শামীম খান ওরফে ক্যাসেট শামীম বলেন, ‘প্রতিটি দোকান থেকে ১০০ থেকে ১৫০ টাকা করে আদায় করা হচ্ছে। এর বেশি নেওয়া হচ্ছে না।’

স্থানীয়দের অভিযোগ, টঙ্গী পূর্ব থানা পুলিশকে মাসোহারা দিয়ে ফুটপাত দখল করে দোকান বসানো ও চাঁদা আদায়ের কার্যক্রম চালানো হচ্ছে। তবে পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে।

অভিযোগের বিষয়ে শামীম খান ওরফে ক্যাসেট শামীম বলেন, ‘কোটি কোটি টাকা খরচ করে বিএনপি নেতা ইসমাইল সিকদার বসু, মামুন পাঠান, লিটু মিয়াসহ আরও কয়েকজন টঙ্গীবাজার ইজারা নিয়েছেন। কিন্তু সিটি করপোরেশন ইজারাকৃত জায়গা সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে দেয়নি। তাই ইজারার টাকা ওঠানোর জন্য বেইলি ব্রিজের পাশে তুরাগ নদের তীরে অস্থায়ীভাবে কিছু দোকান বসানো হয়েছে।’

সরেজমিনে টঙ্গী-আব্দুল্লাহপুর সংযোগ বেইলি ব্রিজসংলগ্ন এলাকায় গিয়ে দেখা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ও ফুটপাত দখল করে কাপড়, নার্সারি, কাঁচা শাকসবজি, জুতা, মাছ, শুঁটকিসহ বিভিন্ন পণ্যের দোকান বসানো হয়েছে। স্থানীয় দোকানিদের দেওয়া তথ্য অনুযায়ী, ওই এলাকায় প্রায় ২৪০ থেকে ২৫০টি দোকান রয়েছে। দোকানভেদে প্রতিদিন ১৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত চাঁদা নেওয়া হয়। এতে প্রতিদিন প্রায় ৫০ হাজার টাকা এবং মাসে প্রায় ১৫ লাখ টাকা আদায় হচ্ছে বলে তাঁদের দাবি।

স্থানীয়দের দাবি, একসময় গাজীপুর সিটি করপোরেশনের ৫৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর গিয়াস উদ্দিন সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন ক্যাসেট শামীম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি হওয়ার পর ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি স্থানীয় বিএনপির কয়েকজন নেতার সঙ্গে সখ্য গড়ে তুলে ফুটপাত দখল করে চাঁদা আদায়ের নিয়ন্ত্রণ নেন বলে অভিযোগ রয়েছে।

কাপড় দোকানি আসহান, শাহেদ ও শাহিন শাহসহ কয়েকজন জানান, নিয়মিতভাবে তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়। তবে কত টাকা দিতে হবে, তা দোকানের ধরন ও অবস্থানভেদে নির্ধারণ করা হয়।

ফুটপাত দখল করে দোকান বসানোর কারণে টঙ্গীবাজারের প্রবেশমুখে যানজট ও জনজট সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। বিশেষ করে প্রতি রোববার সাপ্তাহিক হাট বসলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। এতে তুরাগ নদের ওপর নির্মিত বেইলি ব্রিজ দিয়ে পথচারী, রিকশা, ভ্যান ও মালবাহী ছোট যানবাহন চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়।

পথচারী মাহমুদুল হক বলেন, ‘বিআরটি উড়ালসড়ক দিয়ে চলাচল করা খুব কষ্টকর। এ কারণে তুরাগ নদের ওপরের বেইলি ব্রিজ দিয়ে টঙ্গীবাজারে যাই। কিন্তু ব্রিজসংলগ্ন এলাকায় শত শত দোকান বসায় ফুটপাত দিয়ে হাঁটাই কঠিন হয়ে পড়েছে।’

অটো রিকশাচালক শাকের, ইসমাইল, আরজু ও আল-আমিন বলেন, ‘ফুটপাত দখল করে দোকান বসানোয় মানুষের ভিড়ের মধ্যে মালামাল নিয়ে টঙ্গীবাজার থেকে আব্দুল্লাহপুর কিংবা আব্দুল্লাহপুর থেকে টঙ্গীতে যাতায়াত করা কঠিন। রোববার সাপ্তাহিক হাটের দিন পরিস্থিতি আরও খারাপ হয়।’

টঙ্গীবাজার এলাকায় সাবরেজিস্ট্রি অফিস, সড়ক ও জনপথ বিভাগের টঙ্গী উপ-বিভাগীয় কার্যালয়, টঙ্গী শিল্প সম্পর্ক শিক্ষায়তন, টেলিফোন শিল্প সংস্থা (টেশিস), এটলাস হোন্ডা, বাংলাদেশ ব্লেড ও বাটা শু কোম্পানিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও কলকারখানা রয়েছে। ঢাকা, উত্তরা, আশুলিয়া, কামারপাড়া, উত্তরখান ও দক্ষিণখানসহ বিভিন্ন এলাকা থেকে এসব প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতারা প্রতিদিন বেইলি ব্রিজ ব্যবহার করেন। ফলে ফুটপাত দখল হয়ে যাওয়ায় তাঁদের দুর্ভোগ বাড়ছে।

অভিযোগের বিষয়ে শামীম খান ওরফে ক্যাসেট শামীম বলেন, ‘কোটি কোটি টাকা খরচ করে বিএনপি নেতা ইসমাইল সিকদার বসু, মামুন পাঠান, লিটু মিয়াসহ আরও কয়েকজন টঙ্গীবাজার ইজারা নিয়েছেন। কিন্তু সিটি করপোরেশন ইজারাকৃত জায়গা সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে দেয়নি। তাই ইজারার টাকা ওঠানোর জন্য বেইলি ব্রিজের পাশে তুরাগ নদের তীরে অস্থায়ীভাবে কিছু দোকান বসানো হয়েছে। প্রতিটি দোকান থেকে ১০০ থেকে ১৫০ টাকা করে আদায় করা হচ্ছে। এর বেশি নেওয়া হচ্ছে না।’

টঙ্গীবাজারের ইজারাদার ও বৃহত্তর টঙ্গী থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ইসমাইল সিকদার বসু বলেন, ‘প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে গাজীপুর সিটি করপোরেশন থেকে টেন্ডারের মাধ্যমে টঙ্গীবাজার ও আশপাশের এলাকার বাজার আমরা ইজারা নিয়েছি। বেইলি ব্রিজসংলগ্ন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে এক থেকে দেড়শ ছোট দোকান বসানো হয়েছে। এখন সবাই বিআরটি উড়ালসড়ক দিয়ে চলাচল করে। নিচ দিয়ে তেমন গাড়িঘোড়া চলাচল করে না। সড়ক ও জনপথ বিভাগ মহাসড়ক মেরামতের কাজ শুরু করলে দোকানপাট সরিয়ে নেওয়া হবে।’

আরও দেখুন: কলেজে ভর্তির আগে যে ১০ তথ্য অবশ্যই যাচাই করতে হবে

সড়ক ও জনপথ বিভাগের টঙ্গী সড়ক উপ-বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার হোসেন খান বলেন, ‘টঙ্গীবাজারে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় অবৈধভাবে নির্মিত দোকানপাট সরাতে বেশ কয়েকবার নোটিশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করে জনস্বার্থে এসব অবৈধ দোকানপাট উচ্ছেদে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী জোনের আঞ্চলিক কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জহিরুল ইসলাম বলেন, ‘টঙ্গীবাজারের ইজারার সঙ্গে মহাসড়কের ফুটপাত অন্তর্ভুক্ত নয়। কেউ মহাসড়কের ফুটপাতে দোকানপাট বসিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

টঙ্গী পূর্ব থানার সদ্য যোগদান করা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকছুদুল ইসলাম মাসোহারা নেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি নতুন যোগদান করেছি এখানে। তবে মহাসড়কের ফুটপাতে অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান যথারীতি নিয়ম মেনে পরিচালনা করা হবে। আপনারা দৃশ্যমান দেখতে পাবেন।’

স্থানীয়দের অভিযোগ, নিয়মিত উচ্ছেদ অভিযান হলেও স্থায়ী সমাধান না হওয়ায় একই জায়গায় বারবার দোকান বসছে। এতে একদিকে মহাসড়ক ও ফুটপাতের জায়গা দখল হচ্ছে, অন্যদিকে বাড়ছে জনদুর্ভোগ ও যানজট। সংশ্লিষ্টরা বলছেন, অবৈধ দোকান উচ্ছেদের পাশাপাশি ফুটপাত পুনর্দখল ঠেকাতে কার্যকর নজরদারি প্রয়োজন।

ভার্চুয়াল ইন্ডাস্ট্রি: এআই কনটেন্টে দেশের চমক
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এসেনশিয়াল ড্রাগস কোম্পানিতে ৪ ক্যাটাগরিতে চাকরি, আবেদন ২৪ স…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
২০২৫-তে সময় লেগেছিল সাড়ে ৩ মাস, এবার কতদিন, বেতন কার কত বাড়…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
খসড়া পায়নি আইন মন্ত্রণালয়, ঘোষণার পরও পে স্কেলের প্রজ্ঞাপন…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে কোটি টাকার আমড়া উৎপাদন, ভাসমান হাটে জমজমাট বেচাকে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
‘৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষাপ্রতিষ্ঠান হ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9