চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার, সম্পর্ক না রাখার নির্দেশ

২৩ আগস্ট ২০২৬, ০১:৩২ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৬, ০১:৩৬ AM
জাতীয়তাবাদী ছাত্রদলের লোগো

জাতীয়তাবাদী ছাত্রদলের লোগো © সংগৃহীত

চট্টগ্রামের সন্দ্বীপে কুমিরা-গুপ্তছড়া ফেরীঘাটে চাঁদাবাজির জেরে নৌ-যোগাযোগ বন্ধ থাকা এবং এর ফলে ঘাটেই চিকিৎসাধীন বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিনের (৭২) মর্মান্তিক মৃত্যুর ঘটনায় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। চাঁদাবাজির অভিযোগ ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে সন্দ্বীপ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সহিদুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

গতকাল শনিবার (২২ আগস্ট) ​চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

​বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম উত্তর জেলা শাখার সিদ্ধান্ত অনুযায়ী, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সন্দ্বীপ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সহিদুল ইসলামকে তাঁর সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।

​চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি ও সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল এই সিদ্ধান্ত অনুমোদন করেন। একই সাথে বিজ্ঞপ্তিতে জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাঁর সাথে কোনো প্রকার সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। 

​এর আগে কুমিরা-গুপ্তছড়া ঘাটে চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হঠাৎ স্পিডবোট ও পারাপার সার্ভিস বন্ধ করে দেওয়া হয়। ওই দিন সকালে অসুস্থ বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন জরুরি চিকিৎসার জন্য চট্টগ্রাম শহরে যাওয়ার উদ্দেশ্যে ঘাটে এসে আটকা পড়েন। দীর্ঘ সময় পারাপারের কোনো মাধ্যম না পাওয়ায় চিকিৎসাবিহীন অবস্থায় ঘাটে অপেক্ষারত থাকতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

​ঘটনাটি নিয়ে পুরো সন্দ্বীপজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে। পরবর্তীতে চাঁদাবাজির সাথে জড়িতদের বিষয়ে প্রশাসনিক ও দলীয় তদন্ত জোরদার করা হয় এবং এরই প্রেক্ষিতে অভিযুক্ত ছাত্রদল নেতা সহিদুল ইসলামের বিরুদ্ধে এই সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।

মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ, মিলবে মাসিক ভাতা ও সনদ, আবে…
  • ০৪ অক্টোবর ২০২৬
মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে ৩ মাস পর খোঁজে পেয়ে কান্নায় ভে…
  • ০৪ অক্টোবর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা প্রকাশ করল শিক্ষা মন্ত…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন…
  • ০৪ অক্টোবর ২০২৬
মিডফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা মামলার প্রধান আসামির জাম…
  • ০৪ অক্টোবর ২০২৬
সাড়ে ৬ লাখ শিক্ষকের চাকরি জাতীয়করণে আয়-নিট ব্যয়ের সমীকরণ …
  • ০৪ অক্টোবর ২০২৬