স্বজনদের আহাজারি। © টিডিসি ফটো
খুলনা নগরীর লবণচরা থানাধীন আশিবিঘা কালভার্ট সংলগ্ন এলাকায় অল্প সময়ের ব্যবধানে দুর্বৃত্তদের গুলিতে দুই যুবক নিহত হয়েছেন। বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় পৃথক দুটি হামলায় তাদের গুলি করে হত্যা করা হয়। একই এলাকায় পরপর দুই যুবক নিহত হওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
নিহতরা হলেন আশিবিঘা এলাকার খোকন সানার ছেলে মঞ্জু এবং ১৮ বছর বয়সী নাজমুল, তিনি মনির শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় আশিবিঘা কালভার্ট এলাকায় আড্ডা দিতে যাওয়ার সময় মঞ্জুকে লক্ষ্য করে ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে তার শরীরে দুটি গুলি লাগে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মঞ্জু পেশায় স্যানিটারি মিস্ত্রি ছিলেন। তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে উত্তেজনা ও আতঙ্ক দেখা দেয়।
এর কিছুক্ষণ পর একই এলাকায় ফের গুলির ঘটনা ঘটে। এবার ১৮ বছর বয়সী নাজমুলকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। এতে নাজমুল নিহত হন বলে স্থানীয়রা জানিয়েছেন। অল্প সময়ের ব্যবধানে একই স্থানে পরপর দুই যুবক গুলিতে নিহত হওয়ার ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনার পর সন্ধ্যার পর অনেকেই প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে ভয় পাচ্ছেন। পরপর দুটি হত্যাকাণ্ডের ঘটনায় কে বা কারা জড়িত এবং কী কারণে দুই যুবককে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে—তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
ঘটনার খবর পেয়ে লবণচড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
লবণচড়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোশাররফ হোসেন জানান, ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে। হত্যাকাণ্ডের কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। পুলিশ ঘটনার পেছনে ব্যক্তিগত বিরোধ, পূর্বশত্রুতা কিংবা অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে। পাশাপাশি ঘটনাস্থলের আশপাশের লোকজন ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।