ইয়াবাসহ আটক তিন মাদক কারবারি © সংগৃহীত
ঝালকাঠির রাজাপুরে পৃথক অভিযান চালিয়ে ২২টি ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। পরে আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।
শুক্রবার (৭ আগস্ট) রাতে উপজেলার বড়ইয়া ইউনিয়নের আদাখোলা ও গালুয়া ইউনিয়নের সোনালীমোড় এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন বড়ইয়া ইউনিয়নের আদাখোলা এলাকার মো. সেলিম হাওলাদারের ছেলে মো. হাসান হাওলাদার (১৯), একই এলাকার মো. নজরুল ইসলামের ছেলে মো. মেহেদী হাসান (২৩) এবং গালুয়া ইউনিয়নের পুটিয়াখালী এলাকার মো. সরোয়ার হোসেনের ছেলে মো. আওলাদ হোসেন (১৯)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে প্রথমে বড়ইয়া ইউনিয়নের আদাখোলা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় হাসান হাওলাদার ও মেহেদী হাসানকে আটক করা হয়। তাদের কাছ থেকে পাঁচ পিস করে মোট ১০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে একই রাতে গালুয়া ইউনিয়নের সোনালীমোড় এলাকায় অভিযান চালিয়ে আওলাদ হোসেনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে আরও ১২টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
রাজাপুর থানার ওসি (তদন্ত) মো. ফিরোজ কামাল বলেন, আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। শনিবার দুপুর ২টার দিকে তাদের ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।