শিক্ষার্থীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষকের মোটরসাইকেলে আগুন © টিডিসি ফটো
নওগাঁর মান্দা উপজেলার বিলবয়রা উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির চার শিক্ষার্থীকে ‘অন্যায়ভাবে’ মারধরের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা প্রধান শিক্ষকের ব্যবহৃত মোটরসাইকেল ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। পাশাপাশি বিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন তারা। আজ মঙ্গলবার (৪ আগস্ট) বেলা পৌনে ১২ টার দিকে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও শিক্ষার্থী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের অবকাঠামোগত নানা সমস্যার সমাধান না হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ ছিল। শ্রেণি কক্ষগুলো জরাজীর্ণ, ছাউনির টিন ফুটো থাকায় বৃষ্টির সময় শ্রেণিকক্ষে পানি পড়ে। দরজা-জানালার অভাবে সন্ধ্যার পর সেখানে মাদক সেবীদের আড্ডা বসে এবং এতে শ্রেণিকক্ষের পরিবেশ নষ্ট হচ্ছে। এসব বিষয়ে ব্যবস্থা না নিয়ে প্রধান শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করতেন বলেও অভিযোগ করেছেন তারা।
তারা আরও বলেন, এসব সমস্যা সমাধানের জন্য প্রতিবাদ করায় গত সোমবার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী কৃষ্ণ কুমার ও সপ্তম শ্রেণির সাজেদুল ইসলামকে মারধর করেন প্রধান শিক্ষক হাবিবুর রহমান। একই ঘটনার ধারাবাহিকতায় আজ মঙ্গলবার সপ্তম শ্রেণির শিক্ষার্থী রিফাত হোসেন ও আব্দুল্লাহকেও মারধর করা হয়। এতে আব্দুল্লাহ অসুস্থ হয়ে পড়লে তাকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় বাসিন্দারা বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন। এর একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের ব্যবহৃত মোটরসাইকেল ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেয় এবং প্রধান শিক্ষককে তার কক্ষে তালাবদ্ধ করে রাখে। পাশাপাশি বিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করে।
সংবাদ পেয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে প্রধান শিক্ষককে বিদ্যালয়ের অফিস কক্ষে থেকে উদ্ধার করে নিয়ে আসে।
সত্যতা নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ মো. খোরশেদ আলম বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং প্রধান শিক্ষককে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার জাহান সাথী বলেন, ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই উপজেলা শিক্ষা অফিসারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।