শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আগুন, সড়ক অবরোধ

০৪ আগস্ট ২০২৬, ০৪:৪৩ PM
বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে

বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে © সংগৃহীত

নওগাঁর বদলগাছী উপজেলার লালুহা গ্রামের এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগকে কেন্দ্র করে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী একটি শিক্ষাপ্রতিষ্ঠানে আগুন দেয় এবং সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল থেকে বেলা পর্যন্ত চলা এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে উপজেলা প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, উপজেলার লালুহা গ্রামের আলফা কিন্ডারগার্টেন অ্যান্ড মাদ্রাসার পরিচালক শফিকুল ইসলাম দিপুর (৫০) বিরুদ্ধে প্রতিষ্ঠানের এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে। 

অভিযোগ রয়েছে, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ওই শিক্ষার্থী প্রতিষ্ঠানে গেলে পরিচালক তাকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন। পরে শিক্ষার্থী কান্নাকাটি করতে করতে বাড়ি ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। পরিবারের সদস্যরা অভিযুক্তকে খুঁজে না পেয়ে বিষয়টি এলাকাবাসীকে জানালে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ভান্ডারপুর বাজার এলাকায় ঘটনাটি ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ভান্ডারপুর উচ্চ বিদ্যালয় ও ভান্ডারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একদল শিক্ষার্থী বিক্ষুব্ধ হয়ে আলফা কিন্ডারগার্টেন অ্যান্ড মাদ্রাসায় আগুন দেয়। পরে তারা ভান্ডারপুর বাজারের চার রাস্তার মোড়ে মানববন্ধন ও সড়ক অবরোধ করে অভিযুক্তের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। এতে কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ইউএনও বিক্ষোভকারীদের অভিযোগের সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা বেলা সাড়ে ১১টার দিকে অবরোধ তুলে নিয়ে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যায়। 

এ বিষয়ে জানতে অভিযুক্ত শফিকুল ইসলাম দিপুর বক্তব্য পাওয়া যায়নি। তার ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ রয়েছে। 

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শিক্ষার্থীদের নিজ নিজ বিদ্যালয়ে ফিরে যেতে অনুরোধ করে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শোষণের শিকল ভাঙতে শিক্ষিত ও সচেতন হতে হবে: সারজিস আলম
  • ২৫ আগস্ট ২০২৬
কোচিংয়ে না পড়ায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে নির্যাতন, শিক্ষক পলা…
  • ২৫ আগস্ট ২০২৬
চীনের উদ্দেশে ঢাকা ছাড়লেন শিক্ষামন্ত্রী
  • ২৫ আগস্ট ২০২৬
শহিদ শরিফ ওসমান হাদি’র বক্তব্য সংকলন ‘বারুদমাখা কথামালা’ বই…
  • ২৫ আগস্ট ২০২৬
নবীপ্রেমে সেজেছে চট্টগ্রাম, কাল লাখো মানুষের জশনে জুলুস
  • ২৫ আগস্ট ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অনার্স ভর্তির বিষয় চয়েসের সময়…
  • ২৫ আগস্ট ২০২৬