অফিস সহকারীকে ছাত্রদল নেতার হুমকি, ভিডিও বার্তায় আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারী ইউএনওর

১৮ জুলাই ২০২৬, ১০:৩৭ AM
ভিডিও বার্তায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া আমীন পাপ্পা

ভিডিও বার্তায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া আমীন পাপ্পা © ভিডিও থেকে নেওয়া

ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ে ঢুকে কর্মকর্তা-কর্মচারীদের হুমকি দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সতর্কতামূলক ভিডিও বার্তা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া আমীন পাপ্পা। 

গত বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে ধারণ করা ৩৬ সেকেন্ডের ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা দ্রুত ভাইরাল হয় এবং বিষয়টি নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা।
 
এদিকে ঘটনার প্রতিবাদ এবং নিরাপত্তার দাবিতে পরদিন পিআইও কার্যালয়ে তালা ঝুলিয়ে কর্মবিরতি পালন করেন কর্মকর্তা-কর্মচারীরা। এতে বিভিন্ন এলাকা থেকে সেবা নিতে আসা মানুষ ভোগান্তিতে পড়েন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১৪ জুলাই) গৌরীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ে যান পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাইসুল ইসলাম রিশাদ। তিনি নিজের এলাকার একটি সড়ক উন্নয়ন প্রকল্প এবং সরকারি বরাদ্দ-সংক্রান্ত তথ্য জানতে চান। এ সময় অফিস সহকারীর সঙ্গে তার কথা-কাটাকাটি হয়।

অফিস সহকারীর অভিযোগ, প্রয়োজনীয় অনুমতি ছাড়া দাপ্তরিক তথ্য দেওয়া সম্ভব নয় বলে জানালে রিশাদ ক্ষিপ্ত হয়ে তাকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যান। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়।

ঘটনার পরও দৃশ্যমান কোনো আইনি ব্যবস্থা না নেওয়ায় বুধবার (১৫ জুলাই) সকালে পিআইও কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করেন এবং অফিসে তালা ঝুলিয়ে দেন।

এরই মধ্যে বৃহস্পতিবার ইউএনও আফিয়া আমীন পাপ্পা কয়েকজন গণমাধ্যমকর্মীকে তার কার্যালয় থেকে ভিডিও বার্তা দেন। পরে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়। 

নিজ কার্যালয়ে ধারণ করা ৩৬ সেকেন্ডের ওই ভিডিও বার্তায় কারও নাম উল্লেখ না করে ইউএনও বলেন, ‘প্রিয় গৌরীপুরবাসী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সম্প্রতি একটি বিষয় লক্ষ করা গেছে, বিভিন্ন অফিস-আদালতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের হুমকি, অপব্যবহার ও বলপ্রয়োগের মতো ঘটনা ঘটছে, যা দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ও ১৮৭ ধারা অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। সুতরাং উক্ত পরিস্থিতি যদি পুনরায় দেখা যায়, তাহলে উক্ত ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যায়। কেউ প্রশ্ন তুলেছেন, প্রশাসনের এত সতর্কতার কারণ কী এবং অভিযুক্তদের নাম-পরিচয় প্রকাশ করা হচ্ছে না কেন। আবার কেউ কেউ মনে করছেন, হুমকিদাতারা প্রভাবশালী হওয়ায় তাদের পরিচয় প্রকাশ না করে একটি সতর্কবার্তা পৌঁছে দিতেই ভিডিওটি প্রকাশ করেছেন ইউএনও। ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে এ ভিডিও প্রশাসনের জন্য সহায়ক হতে পারে বলেও মন্তব্য করেন অনেকে।

এ বিষয়ে শুক্রবার ইউএনও আফিয়া আমীন পাপ্পা বলেছেন, ‘সম্প্রতি কয়েকটি সরকারি দপ্তরে স্থানীয় কিছু ব্যক্তি বিভিন্ন তথ্য জানতে যান। সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের তথ্য অধিকার আইনে আবেদন করার পরামর্শ দিলে তারা অকথ্য ভাষায় গালাগাল করেন। কেউ কেউ হাত-পা ভেঙে ফেলার হুমকিও দিয়ে চলে যান।’ তিনি জানান, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা ওই ব্যক্তিদের পরিচয় শনাক্ত করতে পারেননি।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্রের দাবি, কোনো কোনো সরকারি দপ্তরে প্রভাবশালী ব্যক্তিরা নিজেদের প্রভাব বজায় রাখার চেষ্টা করছেন। আবার কিছু সরকারি দপ্তরের কর্মকাণ্ড নিয়েও বিতর্ক রয়েছে। এসব পরিস্থিতির দায় এসে পড়ছে উপজেলা প্রশাসনের ওপর। তাই সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির আগে সংশ্লিষ্টদের উদ্দেশে একটি স্পষ্ট বার্তা দিতেই ইউএনও ভিডিওটি প্রকাশ করেছেন।

এ বিষয়ে অভিযুক্ত পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাইসুল ইসলাম রিশাদ অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, কোনো কর্মকর্তা-কর্মচারীকে হুমকি দেওয়া হয়নি। বরং এলাকার একটি সড়কের অনিয়ম এবং সরকারি সেলাই মেশিন বিতরণে অনিয়মের বিষয়ে জানতে তিনি পিআইও ও ইউএনও কার্যালয়ে গিয়েছিলেন। এসব অনিয়ম তুলে ধরায় তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ বললেন, ‘ইউএনও বিষয়টি তাদের অবহিত করেছেন। তারা জানতে পেরেছেন, সংশ্লিষ্ট ব্যক্তিরা বিএনপি ও এর অঙ্গসংগঠনের পরিচয় দিয়েছিলেন। প্রাথমিকভাবে তাদের কয়েকজনকে চিহ্নিত করে সতর্ক করা হয়েছে।’

শেরপুরে বালুর স্তূপে অটোরিকশার ধাক্কা, নিহত ২
  • ১৮ জুলাই ২০২৬
মেসি ম্যাজিকে মুগ্ধ ট্রাম্প, ফকল্যান্ড ইস্যুতে আর্জেন্টিনাক…
  • ১৮ জুলাই ২০২৬
জুলাই বিপ্লবকে বিতর্কিত করতে অপপ্রচার: কাবেরী গায়েনসহ দুই শ…
  • ১৮ জুলাই ২০২৬
দেশের আরও এক নতুন পৌরসভা
  • ১৮ জুলাই ২০২৬
ছাত্রলীগের দুই সাবেক নেতা এখন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, ব্যা…
  • ১৮ জুলাই ২০২৬
লামিন ইয়ামালকে গোসল করানো সেই বিখ্যাত ছবি নিয়ে যা বললেন মেসি
  • ১৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence