প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ প্রকাশ করা সেই সাংবাদিক জামিনে মুক্ত

২১ জুন ২০২৬, ০৭:২৩ PM , আপডেট: ২১ জুন ২০২৬, ০৮:০৯ PM
দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম © সংগৃহীত

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে জড়িয়ে অপপ্রচার ও মানহানিকর তথ্য ছড়ানোর অভিযোগে করা মামলায় কারাগারে থাকা দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলামের জামিন হয়েছে।  

রবিবার (২১ জুন) বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ আদালতের বিচারক মেহেদী হাসান এ জামিন মঞ্জুর করেন।

রেজানুর ইসলামের আইনজীবী তানজীম আল মিসবাহ জানান, রবিবার দুপুর পৌনে ১২টার দিকে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের আবেদন করা হলে তার ওপর শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে বাদীপক্ষের আইনজীবী আবদুল ওহাবও উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, শুনানির সময় বাদীপক্ষের আইনজীবী আদালতকে বলেন যে, মূলত ভুল-বোঝাবুঝি থেকে এই মামলাটি দায়ের করা হয়েছিল। বর্তমানে দুই পক্ষের মধ্যে বিষয়টি নিয়ে আপস-মীমাংসা হয়ে গেছে। ফলে বাদীপক্ষও এখন কারাগারে থাকা আসামির জামিন পাওয়ার বিষয়ে একমত পোষণ করছে। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত আসামির জামিন মঞ্জুর করেন।

এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী এবং শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল ওহাব বলেন, “মাননীয় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে জড়িয়ে অপপ্রচার ও মানহানিকর তথ্য ছড়ানোর অভিযোগে এই মামলাটি করা হলেও, এ বিষয়ে প্রতিমন্ত্রী নিজে কিছুই জানতেন না। মামলার সঙ্গে তাঁর কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। ইতিমধ্যে প্রতিমন্ত্রীর পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, তাঁর নাম ব্যবহার করে বা তাঁর পক্ষে দাবি করে কেউ যেন ব্যক্তিগত উদ্যোগে কোনো মামলা, বিবৃতি বা অন্য কোনো আইনি পদক্ষেপ না নেন।”

বাদীপক্ষের এই আইনজীবী আরও যোগ করেন, দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এর ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম গ্রেপ্তার হওয়ার পর উদ্ভূত পরিস্থিতিতে প্রতিমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন। বর্তমানে দুই পক্ষের পারস্পরিক আলোচনার ভিত্তিতে বিষয়টির শান্তিপূর্ণ সমাধান ও আপস সম্পন্ন হয়েছে।

‘ছাত্রলীগ-যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’—বিএনপির মিছিল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যারাই জড়িত হোক, আইনের আওতায় আসবেন—সালমানের স্টুডিও ভাঙচুর ই…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে নভেম্বর পর্যন্ত এলএনজি পাঠাতে পারবে না কাতার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৩ জনকে চাকরি দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
গ্যাসের বাজারে নজর, দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: জাহেদ উর রহমান
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আইডিকলে সহকারী ম্যানেজার পদে জনবল নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬