মেসির ছবি আর নীল-সাদা রঙে সড়কে ছুটছে ‘আর্জেন্টিনা বাস’

১১ জুন ২০২৬, ০২:৫৬ PM
‘আর্জেন্টিনা বাস’

‘আর্জেন্টিনা বাস’ © টিডিসি

শেরপুরের নালিতাবাড়ী থেকে রাজধানী ঢাকার পথে সড়কে ছুটে চলছে ব্যতিক্রমী এক ‘আর্জেন্টিনা বাস’। নীল-সাদা রঙে মোড়ানো বাসটির দুই পাশে শোভা পাচ্ছে বিশ্বকাপজয়ী ফুটবল তারকা লিওনেল মেসির বিশাল ছবি। দূর থেকে দেখলে মনে হয়, যেন আর্জেন্টিনার জার্সি পরেই সড়কে ছুটে চলেছে বাসটি।

ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে সমর্থকদের উন্মাদনার মধ্যেই আলোচনায় এসেছেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পরিবহন ব্যবসায়ী ও মাকসিম ট্রাভেলসের স্বত্বাধিকারী গোলাম কিবরিয়া (মাকসিম)। নিজের প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা প্রকাশে তিনি পুরো যাত্রীবাহী বাসটিকে সাজিয়েছেন আর্জেন্টিনার জাতীয় পতাকার আদলে।

জানা গেছে, প্রতিদিন দুপুর ১২টায় বাসটি নালিতাবাড়ী থেকে ঢাকার মহাখালীর উদ্দেশে ছেড়ে যায়। আবার রাত ৮টায় মহাখালী থেকে নালিতাবাড়ীতে ফিরে আসে। সড়কে নামার পর থেকেই বাসটি দেখতে ভিড় করছেন পথচারীরা। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন সেই মুহূর্ত।

আর্জেন্টিনার সমর্থক সামাউন ইসলাম বলেন, ‘পতাকা টানানো বা বাড়িঘর রং করার ঘটনা তো প্রায়ই দেখি। কিন্তু পুরো একটি বাসকে আর্জেন্টিনার রঙে সাজানো সত্যিই অন্য রকম। আমরা বন্ধুরা মিলে ঠিক করেছি, সুযোগ পেলেই এই বাসে যাতায়াত করব।’

বাসের মালিক গোলাম কিবরিয়া বলেন, ‘আমি ছোটবেলা থেকেই আর্জেন্টিনার সমর্থক। বিশ্বকাপ এলে ফুটবল নিয়ে মানুষের আগ্রহ বেড়ে যায়। সেই আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতেই এই উদ্যোগ নিয়েছি। দল ভিন্ন হতে পারে; কিন্তু খেলাধুলা মানুষকে এক করে।’

স্থানীয়দের মতে, আর্জেন্টিনার প্রতি ভালোবাসার এমন ব্যতিক্রমী প্রকাশ নালিতাবাড়ীতে নতুন মাত্রা যোগ করেছে। নীল-সাদা রঙে মোড়ানো ‘আর্জেন্টিনা বাস’ এখন পথচারী ও ফুটবলপ্রেমীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে জড়িত ৩ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দ…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
ছয়তলা ভবন থেকে লাফ দেওয়া ড্যাফোডিলের শিক্ষার্থীর লাইফ সাপ…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬